TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের জনসংখ্যায় বিদেশে জন্ম নেওয়া মানুষের হার ১৯ শতাংশ

যুক্তরাজ্যে বসবাসকারী প্রতি পাঁচজনের মধ্যে প্রায় একজনের জন্ম বিদেশে। গত এক দশকে দেশটিতে বিদেশে জন্মগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) এক গবেষণায় উঠে এসেছে, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাজ্যের মোট জনসংখ্যায় বিদেশে জন্মগ্রহণকারীদের অনুপাত ১৩ শতাংশ থেকে বেড়ে ১৯ শতাংশে দাঁড়িয়েছে।

গবেষণা অনুযায়ী, এই ১০ বছরে যুক্তরাজ্যে বিদেশে জন্মগ্রহণকারী মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৪৬ লাখ। একই সময়ে বিশ্বের প্রধান উন্নত অর্থনীতিগুলোর মধ্যে যুক্তরাজ্যেই এই অনুপাত সবচেয়ে বেশি বেড়েছে।

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এমন এক সময়ে, যখন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ অভিবাসন নীতিতে কঠোরতা আনার পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা ছাড় দিতে বাধ্য হয়েছেন। তার প্রস্তাবিত পরিবর্তনের অন্যতম লক্ষ্য ছিল বৈধ অভিবাসীদের জন্য অনির্দিষ্টকালের বসবাসের অনুমতি বা আইএলআর (ইনডেফিনিট লিভ টু রিমেইন) পাওয়া কঠিন করা। এই অনুমতি পেলে অভিবাসীরা নির্দিষ্ট শর্তে সরকারি সুযোগ-সুবিধা ও জনসেবা গ্রহণের অধিকার পান।

তবে চলতি মাসের শুরুতে তিনি ঘোষণা দেন, প্রায় তিন লাখ বিদেশি কেয়ার কর্মী নতুন পরিবর্তনের আওতার বাইরে থাকবেন। ফলে তাদের ক্ষেত্রে প্রস্তাবিত কঠোর নিয়ম কার্যকর হবে না।

ওইসিডির বিশ্লেষণে বলা হয়েছে, বিদেশ থেকে বিপুলসংখ্যক কেয়ার কর্মী নিয়োগের ফলে যুক্তরাজ্যে অভিবাসনের সংখ্যা একপর্যায়ে দ্রুত বেড়ে যায়। তবে এই প্রবণতা এখন শেষ হয়েছে এবং ২০২৫ সালে দেশটিতে অভিবাসীর সংখ্যা কমেছে।

ওইসিডির হিসাব অনুযায়ী, উন্নত দেশগুলোতে বিদেশে জন্মগ্রহণকারী মানুষের গড় অনুপাত প্রায় ১২ শতাংশ। তবে কয়েকটি দেশে এই হার আরও বেশি। অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ বিদেশে জন্মগ্রহণকারী। অন্যদিকে লুক্সেমবার্গে এই হার ৫০ শতাংশেরও বেশি।

২০২৫ সালে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি অভিবাসী পাঠানো পাঁচটি দেশ হলো ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, জিম্বাবুয়ে ও চীন।

অন্যদিকে যুক্তরাজ্য ছেড়ে ব্রিটিশ নাগরিকদের যাওয়ার সবচেয়ে জনপ্রিয় পাঁচটি গন্তব্য ছিল স্পেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও নিউজিল্যান্ড।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাজ্যে বসবাসরত অভিবাসীদের ১৮ শতাংশেরও বেশি স্বাস্থ্যসেবা খাতে কাজ করেন। দেশটির স্বাস্থ্য খাতে বিদেশে জন্মগ্রহণকারী কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতির বিষয়টিও এতে উঠে এসেছে।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে জবরদস্তি শ্রমের সংজ্ঞায় হোম অফিসের সীমাবদ্ধতা অবৈধ ঘোষণা করল হাইকোর্ট

অ্যালার্জিযুক্ত ব্যক্তিদের টিকা প্রয়োগে ব্রিটেনে সতর্কতা  

ব্রিটেনের বিমানবন্দরে বড় পরিবর্তনঃ ই-গেটে আর পাসপোর্ট দেখাতে হবে না ব্রিটিশদের