8.9 C
London
October 18, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে অবৈধ অভিবাসন ঠেকাতে তৃতীয় দেশগুলোর সঙ্গে চুক্তির প্রস্তাব

ব্রিটেনে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পেরিয়ে অনিয়মিত অভিবাসন ঠেকাতে তৃতীয় দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে। নতুন এক গবেষণায় বলা হয়েছে, অভিবাসীদের ফিরিয়ে নেওয়া কিংবা সীমান্তে পারাপার ঠেকাতে বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তির ফলে গন্তব্য দেশে অভিবাসীর আগমন ৫৮ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত কমেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ–এর প্রতিবেদনে বলা হয়েছে, হেনরি জ্যাকসন সোসাইটির এক বিশ্লেষণে যুক্তরাজ্য-আলবেনিয়া, ইউরোপীয় ইউনিয়ন-তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন-তিউনিসিয়া, ইতালি-লিবিয়া এবং স্পেন-মরক্কোর চুক্তির ফলাফল পর্যালোচনা করা হয়েছে। গবেষণায় আরও দাবি করা হয়েছে, এসব চুক্তির পর সমুদ্রপথে অভিবাসনের চেষ্টা করতে গিয়ে মৃত্যুর ঘটনাও অর্ধেকের বেশি কমেছে।

প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় দেশগুলোর সঙ্গে কার্যকর চুক্তি অভিবাসীদের ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় নিরুৎসাহিত করতে পারে। তবে ফ্রান্সের সঙ্গে ব্রিটিশ সরকারের ‘একজন প্রবেশ করলে একজনকে ফেরত’ নীতি কার্যকর না থাকায় সম্ভাব্য প্রতিরোধমূলক প্রভাব কমেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। একইভাবে, কনজারভেটিভ সরকারের রুয়ান্ডায় অভিবাসী পাঠানোর পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় সেটি অভিবাসন ঠেকাতে কতটা কার্যকর হতো, তা যাচাই করা সম্ভব হয়নি।

গবেষণার লেখক মাইকেল ম্যাকম্যানাস বলেছেন, ফ্রান্সের সঙ্গে চুক্তি ভেঙে পড়ায় ব্রিটেন প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা থেকে বঞ্চিত হয়েছে। তার মতে, ইউরোপের অভিজ্ঞতা দেখায়—তৃতীয় দেশগুলোর সঙ্গে চুক্তি ব্যাপকভাবে কার্যকর করা হলে অনিয়মিত পারাপার কমে এবং সমুদ্রে প্রাণহানিও হ্রাস পায়।

গবেষণায় ব্রিটেন-আলবেনিয়া চুক্তিকে ভবিষ্যতের প্রত্যাবাসন চুক্তির মডেল হিসেবে ব্যবহারের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি অভিবাসীদের নিজ দেশে ফেরত নিতে সহযোগিতা করা দেশগুলোকে আর্থিক সহায়তা ও ঋণ মওকুফের সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, যারা সহযোগিতা করবে না, তাদের ক্ষেত্রে সহায়তা ও ভিসা সীমিত করার সুপারিশ রয়েছে।

২০২২ সালে ব্রিটেন ও আলবেনিয়ার মধ্যে হওয়া চুক্তির আওতায় আশ্রয়প্রার্থী, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানকারী এবং বিদেশি অপরাধীদের দ্রুত আলবেনিয়ায় ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়। দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযানেও সহযোগিতা বাড়ানো হয়। এর পাশাপাশি আলবেনিয়ার বিচারব্যবস্থাকে সহায়তা দিতে ব্রিটেন অর্থায়ন করে।

গবেষণার তথ্যমতে, ২০২২ সালে ছোট নৌকায় ব্রিটেনে আসা আলবেনীয় নাগরিকের সংখ্যা ছিল ১২ হাজার ৬৫৮। ২০২৩ সালে তা কমে ৯২৭-এ দাঁড়ায়, আর ২০২৬ সালের প্রথম তিন মাসে এই সংখ্যা ছিল মাত্র ৯। তবে গবেষণায় বলা হয়েছে, চুক্তিটি মূলত আলবেনীয় নাগরিকদের কেন্দ্র করে হওয়ায় ইরিত্রিয়া, ইরান, সুদান ও আফগানিস্তানের মতো অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রে এর প্রভাব সীমিত।

অন্যান্য ইউরোপীয় চুক্তির উদাহরণও তুলে ধরা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের চুক্তির পর ইউরোপে অভিবাসীর আগমন ২০১৬ সালের সর্বোচ্চ ১ লাখ ৮২ হাজার ২৭৭ থেকে ২০২০ সালে ২০ হাজার ২৮০-তে নেমে আসে। ২০২৬ সালে এ সংখ্যা ছিল ৮ হাজার ৬৮০।

স্পেন ও মরক্কোর ২০২২ সালের সহযোগিতা চুক্তির পর স্পেনের সেউতা ও মেলিয়া অঞ্চল দিয়ে প্রবেশকারী অভিবাসীর সংখ্যা ২০২১ সালের ১০ হাজার ৫৩৮ থেকে কমে পরবর্তী বছরগুলোতে ৪ হাজারের নিচে নেমে আসে। ইতালি ও লিবিয়ার চুক্তির পর মধ্য ভূমধ্যসাগরীয় পথে অভিবাসীর পারাপার ২০১৬ সালের ১ লাখ ৮১ হাজার ৩৭৬ থেকে ২০১৮ সালে ২৩ হাজার ৪৮৫-তে নেমেছিল। ইউরোপীয় ইউনিয়ন ও তিউনিসিয়ার চুক্তির পরও ওই পথে অভিবাসীর সংখ্যা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গবেষণায় ইউরোপীয় মানবাধিকার সনদ থেকে সাময়িকভাবে সরে আসার সম্ভাবনাও বিবেচনার জন্য একটি রাজকীয় কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে—বিশেষ করে ইউরোপীয় বিচারকদের সিদ্ধান্ত প্রত্যাবাসনে বাধা হয়ে দাঁড়ালে। রুয়ান্ডা পরিকল্পনা বাস্তবায়নে মানবাধিকারসংক্রান্ত আইনি চ্যালেঞ্জ বড় বাধা ছিল বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

তবে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, সরকার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে প্রত্যাবাসন চুক্তি জোরদার, ছোট নৌকায় পারাপার বন্ধ এবং মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রেখেছে। তার দাবি, ফ্রান্সের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নির্বাচনের পর থেকে ৫০ হাজারের বেশি পারাপার ঠেকানো হয়েছে। একই সময়ে ৮০ হাজারের বেশি অনিয়মিত অভিবাসী ও বিদেশি অপরাধীকে সরিয়ে দেওয়া হয়েছে, যা তার আগের দুই বছরের তুলনায় ৫২ শতাংশ বেশি।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ঝড়ের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তা ফান্ডের ঘোষণা দিয়েছে সরকার

১০ পাউন্ডের ফি চালু করে ৯০ হাজার যাত্রী হারিয়েছে হিথরো

এআই খাতে ব্রিটেনকে বিশ্বনেতা বানাতে নতুন পরিকল্পনা স্টারমারের