TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে অস্থায়ী চাকরির বড় সুযোগঃ সিভি ও পূর্ব অভিজ্ঞতা ছাড়াই টেসকোতে নিয়োগ

বড়দিন ও নতুন বছরের ব্যস্ত মৌসুম সামনে রেখে ব্রিটেনজুড়ে ২৮ হাজারের বেশি অস্থায়ী কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে দেশটির অন্যতম বৃহৎ সুপারমার্কেট চেইন টেসকো। এসব পদে ঘণ্টাপ্রতি বেতন শুরু হবে ১৩.২৮ পাউন্ড থেকে। লন্ডনের এম২৫ মোটরওয়ের ভেতরের শাখাগুলোতে ঘণ্টাপ্রতি বেতন দেওয়া হবে ১৪.৫৫ পাউন্ড।

টেসকোর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের বড়দিনের মৌসুমে বাড়তি ক্রেতার চাপ সামলাতে বিভিন্ন সুপারস্টোর ও এক্সট্রা শাখায় এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বিতরণকেন্দ্রগুলোতেও সীমিতসংখ্যক কর্মী নেওয়া হবে।

নিয়োগের ক্ষেত্রে প্রধানত দুই ধরনের কাজের সুযোগ থাকবে। এর মধ্যে রয়েছে দোকানে ক্রেতাদের সেবা দেওয়া এবং অনলাইনে অর্ডার করা নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে হোম ডেলিভারির জন্য প্রস্তুত করা। সুপারস্টোর ও এক্সট্রা শাখায় এসব কাজের সুযোগ বেশি থাকবে। এছাড়া বিতরণকেন্দ্রেও পণ্য সংগ্রহের কাজে কিছু কর্মী নিয়োগ দেওয়া হবে।

বেতনের ক্ষেত্রে লন্ডনের এম২৫ এলাকার শাখাগুলোতে ঘণ্টাপ্রতি ১৪.৫৫ পাউন্ড দেওয়া হবে। রাতের শিফটে কাজ করলে এর সঙ্গে ঘণ্টাপ্রতি অতিরিক্ত ২.৩৫ পাউন্ড পাওয়া যাবে।

কর্মীদের জন্য সকাল, সন্ধ্যা ও দিনের বিভিন্ন সময়ে নমনীয় শিফটে কাজের সুযোগ থাকবে। নিয়োগগুলো অস্থায়ী হলেও শূন্যপদ থাকা সাপেক্ষে পরবর্তী সময়ে স্থায়ী চাকরির সুযোগ তৈরি হতে পারে।

আবেদনের জন্য আগে থেকে খুচরা বিক্রয় খাতে কাজের অভিজ্ঞতা কিংবা জীবনবৃত্তান্ত (সিভি) প্রয়োজন হবে না। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কর্মী নির্বাচন করা হবে। প্রতিটি সাক্ষাৎকারের সময় প্রায় ৩০ মিনিট।

ক্রিসমাসের মৌসুমে বাড়তি আয়ের পাশাপাশি ব্রিটেনে কর্মসংস্থানের অভিজ্ঞতা অর্জনের জন্যও এসব অস্থায়ী পদ গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে।

সূত্রঃ টেসকো পিএলসি

এমকে

আরো পড়ুন

বরিস জনসনকে ‘নিরাপত্তা হুমকি’ মনে করেন লর্ড ব্লাঙ্কেট

ব্রিটেনে শিশু জন্মহার আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে বলে অশনিসংকেত গবেষকদের

যুক্তরাজ্যকে টিকা কর্মসূচি স্থগিতের আহ্বান ডব্লিউএইচও’র

নিউজ ডেস্ক