ব্রিটেনের ওয়েলসে গাড়ি পার্ক করে ইঞ্জিন চালু রেখে দাঁড়িয়ে থাকলে এখন সর্বোচ্চ ১৫০ পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। নতুন অ্যান্টি-আইডলিং বিধিমালা বুধবার, ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে দ্য সান।
নতুন নিয়মে গাড়ির ইঞ্জিন অপ্রয়োজনে চালু রেখে পার্ক করে রাখার ক্ষেত্রে ৭৫ থেকে ১৫০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা যেতে পারে। এর আগে এ ধরনের অপরাধে জরিমানার পরিমাণ ছিল ২০ পাউন্ড।
হাইওয়ে কোডের রুল ১২৩ অনুযায়ী, কোনো চালক পাবলিক রোডে গাড়ি পার্ক করে ইঞ্জিন চালু অবস্থায় গাড়িকে অযত্নে রেখে যেতে পারবেন না। একই সঙ্গে গাড়ি স্থির অবস্থায় অপ্রয়োজনে ইঞ্জিন চালু রাখাও নিষিদ্ধ।
তবে দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে এই নিয়ম চালু থাকলেও অনেক চালক জানেন না যে গাড়ির ইঞ্জিন অপ্রয়োজনে চালু রেখে দাঁড়িয়ে থাকা একটি অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
ওয়েলশ সরকার জানিয়েছে, গাড়ির ইঞ্জিন চালু রেখে দাঁড়িয়ে থাকলে বায়ুদূষণ ও শব্দদূষণ বাড়ে। বিশেষ করে স্কুল, হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের আশপাশে ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়া শিশু ও শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য ক্ষতিকর হতে পারে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
নতুন জরিমানার নিয়ম চালুর বিষয়টি তুলে ধরতে নিউপোর্টের মার্শফিল্ড প্রাইমারি স্কুল পরিদর্শন করেন গ্রামীণ স্থিতিস্থাপকতা ও টেকসই উন্নয়নবিষয়ক মন্ত্রী লির গ্রিফিথ। এ সময় শিক্ষার্থীরা গাড়িচালকদের ইঞ্জিন বন্ধ রাখার বিষয়ে সচেতন করতে স্কুলের বাইরে একটি ব্যানার প্রদর্শন করে।
লির গ্রিফিথ বলেন, বায়ুর মান উন্নত ও দূষণ কমাতে সরকার পদক্ষেপ নিচ্ছে। পার্ক করা অবস্থায় ইঞ্জিন চালু রাখলে মানুষ যে ধোঁয়া নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করে, তা বন্ধ করতে চালকদের অভ্যাস পরিবর্তনে উৎসাহিত করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্কুল, চিকিৎসকের সার্জারি, দোকান, ট্রেন স্টেশনসহ বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে রাখার সময় অপ্রয়োজনে ইঞ্জিন চালু না রাখার অভ্যাস গড়ে তোলাই নতুন নিয়মের অন্যতম উদ্দেশ্য।
সূত্রঃ দ্য সান
এমকে

