ব্রিটেনে নতুন কারেন্ট অ্যাকাউন্ট খুললে ১০০ পাউন্ডের অ্যামাজন ভাউচার পাওয়ার সুযোগ দিচ্ছে স্যান্টান্ডার ব্যাংক। তবে এই অফার নিতে আগ্রহীদের দ্রুত আবেদন করতে হবে। দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, অফারটি আজ দুপুর ২টা পর্যন্ত চালু থাকার কথা।
স্যান্টান্ডারের এজ, এজ আপ ও এজ এক্সপ্লোরার কারেন্ট অ্যাকাউন্টের নতুন গ্রাহকেরা এই অফারের আওতায় আসতে পারেন। তবে সরাসরি স্যান্টান্ডারের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুললে ভাউচার পাওয়া যাবে না। অফারের জন্য নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
ভাউচার পাওয়ার জন্য নতুন অ্যাকাউন্ট খোলার পাশাপাশি ৩০ নভেম্বরের মধ্যে অ্যাকাউন্টে অন্তত ১ হাজার ৫০০ পাউন্ড জমা দিতে হবে এবং ডেবিট কার্ড দিয়ে ১০টি লেনদেন সম্পন্ন করতে হবে। একই সময়সীমার মধ্যে একটি রেগুলার সেভার অ্যাকাউন্ট খুলে তাতে অর্থ জমা দেওয়ার শর্তও রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সেভার অ্যাকাউন্টে প্রথম বছর মাসিক সর্বোচ্চ ২০০ পাউন্ড সঞ্চয়ের ওপর সর্বোচ্চ ৮ শতাংশ সুদ পাওয়া যেতে পারে। এরপর সুদের হার কমে ৩ শতাংশে নেমে আসবে।
তবে এই অফার সবার জন্য নয়। আবেদনকারীকে স্যান্টান্ডারের সম্পূর্ণ নতুন গ্রাহক হতে হবে। আগে থেকে ব্যাংকটির অন্য কোনো পণ্য—যেমন মর্টগেজ বা ক্রেডিট কার্ড—থাকলে তিনি অফারের যোগ্য হবেন না। ভাউচার পাওয়ার যোগ্যতা যাচাই করতে সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। ফলে ভাউচার হাতে পেতে কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে।
অ্যাকাউন্ট বেছে নেওয়ার আগে সংশ্লিষ্ট ফি ও সুবিধাগুলোও বিবেচনা করতে হবে। এজ অ্যাকাউন্টের মাসিক ফি ৩ পাউন্ড, এজ আপের ৫ পাউন্ড এবং এজ এক্সপ্লোরারের ১৭ পাউন্ড। অ্যাকাউন্টভেদে ক্যাশব্যাক, বিদেশে কার্ড ব্যবহারের সুবিধা, ভ্রমণবিমা ও অন্যান্য সুবিধা আলাদা।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকাউন্টগুলোর শর্ত এক নয়। তাই আবেদন করার আগে পূর্ণ যোগ্যতার নিয়ম এবং সম্ভাব্য খরচ যাচাই করে নেওয়া জরুরি।
সূত্রঃ দ্য সান
এমকে

