TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে পরবর্তী নির্বাচনে লেবার পার্টির জয়ের সম্ভাবনা দেখছেন ৪২ শতাংশ ভোটার

ব্রিটেনে পরবর্তী সাধারণ নির্বাচনে লেবার পার্টি জয়ী হতে পারে বলে মনে করছেন দেশটির ৪২ শতাংশ ভোটার। এক বছর আগে এই হার ছিল মাত্র ২৩ শতাংশ। নতুন এক জনমত জরিপে উঠে এসেছে এ তথ্য। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের নেতৃত্বে লেবার পার্টির প্রতি ভোটারদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে এই ফলাফলকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণা সংস্থা মোর ইন কমনের পরিচালিত জরিপে গত বছরের তুলনায় লেবারের সম্ভাব্য নির্বাচনী বিজয় নিয়ে ভোটারদের প্রত্যাশা প্রায় দ্বিগুণ হয়েছে।

গত বছরের গ্রীষ্মে জরিপে অংশ নেওয়া ৫৮ শতাংশ মানুষ মনে করেছিলেন, পরবর্তী নির্বাচনে লেবার পার্টি পরাজিত হবে। নতুন জরিপে এই ধারণা পোষণকারীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৩ শতাংশে।

শুধু লেবারের সমর্থকদের মধ্যেই নয়, প্রতিদ্বন্দ্বী দল রিফর্ম ইউকের ভোটারদের মধ্যেও পরিবর্তন দেখা যাচ্ছে। নতুন জরিপে রিফর্ম ইউকের ২৬ শতাংশ ভোটার মনে করেন, পরবর্তী নির্বাচনে লেবার পার্টি জয়ী হবে। গত বছর এই হার ছিল ১১ শতাংশ।

মোর ইন কমনের বৈদেশিক সম্পর্কবিষয়ক ব্যবস্থাপক লুই ও’গেরান বলেন, এক বছরের কিছু বেশি সময় আগে অধিকাংশ ব্রিটিশ নাগরিকের কাছেই পরবর্তী নির্বাচনে লেবারের জয় প্রায় অবিশ্বাস্য মনে হয়েছিল। তখন চারজনের মধ্যে একজনেরও কম মানুষ দলটির জয়ের সম্ভাবনা দেখেছিলেন। অথচ তার আগের বছরই কিয়ার স্টারমার ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন।

তার মতে, বার্নহামের নেতৃত্বে লেবার সরকারের প্রতি মানুষের ধারণায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

জরিপ বিশেষজ্ঞ ও কনজারভেটিভ দলের সদস্য লর্ড রবার্ট হেওয়ার্ড বলেন, গত বছরের তুলনায় জনমতের এই পরিবর্তনের পেছনে দুটি বিষয় কাজ করেছে। প্রথমত, প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমারের অবস্থানের অবনতি এবং দ্বিতীয়ত, লেবার সমর্থকদের মধ্যে অ্যান্ডি বার্নহামকে নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি হওয়া।

তবে আসন্ন বাজেটের পর এই ইতিবাচক মনোভাব কতটা স্থায়ী হয়, সেটিই এখন দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি।

জরিপে আরও দেখা গেছে, ২০২৪ সালের নির্বাচনে লেবার পার্টিকে ভোট দেওয়া ৭২ শতাংশ মানুষ মনে করেন, পরবর্তী নির্বাচনেও দলটি জয়ী হবে। একই প্রত্যাশা করছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ৫৪ শতাংশ এবং কনজারভেটিভ পার্টির ৩৯ শতাংশ ভোটার।

চলতি বছরের গ্রীষ্মে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার পর জনমত জরিপে লেবার পার্টির অবস্থানের উন্নতি ঘটে। কয়েকটি জরিপে দলটি রিফর্ম ইউকেকে পেছনে ফেলে এগিয়ে গেছে। কোনো কোনো জরিপে কনজারভেটিভ পার্টির পর তৃতীয় অবস্থানেও দেখা গেছে রিফর্ম ইউকেকে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আবার যুক্তরাজ্যের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে বার্নহামের বক্তব্যও ভোটারদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। জরিপে অংশ নেওয়া ৪৫ শতাংশ ব্রিটিশ নাগরিক মনে করেন, এ ধরনের অবস্থান বার্নহামের ভাবমূর্তির জন্য ইতিবাচক। বিপরীতে ২৭ শতাংশ মনে করেন, এটি তার ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। ২০২৪ সালে লেবার পার্টিকে ভোট দেওয়া ব্যক্তিদের মধ্যে ৭১ শতাংশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছেন।

গত মঙ্গলবার দীর্ঘদিনের লেবার এমপি ডায়ান অ্যাবট বাজেট ভালো হলে আগাম নির্বাচনের বিষয়টি বিবেচনা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। তার বক্তব্য ছিল, বর্তমান পরিস্থিতির চেয়ে সামনে আরও ভালো সময় আসার সম্ভাবনা কম।

তবে অ্যান্ডি বার্নহাম আগামী ১২ মাসের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার চেয়ে সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, মোর ইন কমন গত ২৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে ৩ হাজার ২৮৬ জন প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিকের ওপর এই জরিপ পরিচালনা করে। যুক্তরাজ্যে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ঘোষণা হতে যাচ্ছে নতুন বাজেট

ব্রিটিশ রাজার সঙ্গে দেখা করে তালগোল পাকালেন বাইডেন

আগামী সপ্তাহে লন্ডনে প্রবল তুষারপাতের সম্ভাবনা