7.6 C
London
October 28, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে সঞ্চয়কারীদের ওপর নতুন চাপঃ করমুক্ত সঞ্চয়ের সীমা কমছে ৮ হাজার পাউন্ড

ব্রিটেনে সঞ্চয়কারীদের জন্য বড় পরিবর্তন আসছে। ২০২৭ সালের এপ্রিল থেকে ৬৫ বছরের কম বয়সীদের ক্যাশ আইএসএতে (Cash ISA) বছরে করমুক্ত অর্থ জমা রাখার সীমা ২০ হাজার পাউন্ড থেকে কমিয়ে ১২ হাজার পাউন্ড করা হবে। নতুন নিয়মে লাখো সঞ্চয়কারী প্রভাবিত হতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ক্রনিকল লাইভ।

প্রতিবেদন অনুযায়ী, আসন্ন বাজেটে এই পরিবর্তনের বিষয়টি আবারও তুলে ধরা হতে পারে। সাবেক অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস আগেই এই সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। আগামী ২০২৭ সালের এপ্রিল থেকে নতুন সীমা কার্যকর হওয়ার কথা রয়েছে।

ক্যাশ আইএসএ হলো এমন একটি সঞ্চয়ব্যবস্থা, যেখানে জমা অর্থের ওপর অর্জিত সুদ করমুক্ত থাকে। বর্তমানে যোগ্য সঞ্চয়কারীরা বছরে সর্বোচ্চ ২০ হাজার পাউন্ড পর্যন্ত আইএসএতে জমা রাখতে পারেন। নতুন নিয়মে ৬৫ বছরের কম বয়সীদের ক্যাশ আইএসএতে বছরে সর্বোচ্চ ১২ হাজার পাউন্ড জমা রাখার সুযোগ থাকবে।

তবে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য ক্যাশ আইএসএর বর্তমান ২০ হাজার পাউন্ডের সীমা বহাল রাখার কথা বলা হয়েছে। ফলে নতুন নিয়মের প্রভাব মূলত কর্মক্ষম বয়সী সঞ্চয়কারীদের ওপর পড়বে।

ক্যাশ আইএসএতে জমা রাখার সীমা কমলেও সামগ্রিক আইএসএতে বার্ষিক বিনিয়োগের সর্বোচ্চ সীমা ২০ হাজার পাউন্ডই থাকবে। অর্থাৎ, ৬৫ বছরের কম বয়সীরা ক্যাশ আইএসএতে ১২ হাজার পাউন্ড রাখার পাশাপাশি বাকি ৮ হাজার পাউন্ড স্টকস অ্যান্ড শেয়ারস আইএসএতে বিনিয়োগ করতে পারবেন।

চার্লস স্ট্যানলি ডাইরেক্টের প্রধান বিনিয়োগ বিশ্লেষক রব মরগ্যান বলেন, ২০২৭ সালের এপ্রিল থেকে ৬৫ বছরের কম বয়সীদের ক্যাশ আইএসএর বার্ষিক সীমা ২০ হাজার পাউন্ড থেকে কমিয়ে ১২ হাজার পাউন্ড করা হবে। তবে বয়স্ক সঞ্চয়কারীরা আগের মতোই ২০ হাজার পাউন্ড পর্যন্ত ক্যাশ আইএসএতে জমা রাখতে পারবেন।

ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা বিষয়ক ওয়েবসাইট মানি সেভিং এক্সপার্ট জানিয়েছে, ২০২৭ সালের ৬ এপ্রিল থেকে স্টকস অ্যান্ড শেয়ারস আইএসএর মধ্যে নগদ অর্থ রেখে যে সুদ পাওয়া যাবে, তার ওপর ২২ শতাংশ হারে চার্জ আরোপ করা হবে বলে সরকার নিশ্চিত করেছে।

ক্যাশ আইএসএর সীমা কমানোর পর বিনিয়োগ আইএসএর মাধ্যমে নগদ অর্থ ধরে রেখে নতুন নিয়ম এড়িয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সরকারের এই পরিবর্তনের উদ্দেশ্য হলো সঞ্চয়কারীদের নগদ অর্থের পরিবর্তে শেয়ারবাজারে বিনিয়োগে উৎসাহিত করা এবং অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানো।

সূত্রঃ ক্রনিকল লাইভ\ বার্মিংহাম লাইভ \ মানি সেভিং এক্সপার্ট

এমকে

আরো পড়ুন

গ্রিনল্যান্ড ইস্যুতে মিত্রদের ওপর ট্রাম্পের শুল্ক হুমকি ‘সম্পূর্ণ ভুল’—কিয়ার স্টারমার

যুক্তরাজ্যে জন্মানো শিশুদেরও ফেরত পাঠানোর ঘোষণাঃ কঠোর অভিবাসন নীতিতে নতুন ধাপ

অভিবাসী ঠেকাতে তুরস্ককে ৪০ কোটি টাকা দিয়েছে যুক্তরাজ্য