12.3 C
London
October 18, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে আবাসন ভাড়ায় বড় ভুলঃ ১৬০ শিক্ষার্থীকে টাকা ফেরত

ব্রিটেনের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার জন্য প্রায় ১৬০ শিক্ষার্থীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানের পর বিষয়টি স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভুল করে বেশি নেওয়া অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরবর্তী কিস্তির ভাড়াও কমিয়ে দেওয়া হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ব্রিস্টলের মার্কেটগেট আবাসিক হলে একই ধরনের কক্ষে থাকার জন্য ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ওয়েস্ট অব ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের (ইউডব্লিউই) শিক্ষার্থীদের তুলনায় শিক্ষাবর্ষে ৪৪১ থেকে ৪৬২ পাউন্ড বেশি নেওয়া হচ্ছিল।

মার্কেটগেট আবাসিক হলটির মালিক বেসরকারি আবাসন প্রতিষ্ঠান ইউনাইট স্টুডেন্টস। গত ১২ সেপ্টেম্বর থেকে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে থাকতে শুরু করেন। ভবনটির কক্ষগুলো বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে চুক্তির মাধ্যমে পরিচালিত হলেও ভাড়ার হার নির্ধারণ করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো।

দ্য টেলিগ্রাফের অনুসন্ধানের পর ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ভাড়ার তালিকা সংশোধন করে ইউডব্লিউইর নির্ধারিত হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে।

আগে ৪২ সপ্তাহের জন্য একটি সাধারণ এন-স্যুইট কক্ষের ভাড়া ছিল ৯ হাজার ৭১৫ পাউন্ড ৮৬ পেনি। সংশোধনের পর তা কমিয়ে ৯ হাজার ২৫৩ পাউন্ড ২ পেনি করা হয়। একইভাবে বেসিক এন-স্যুইট কক্ষের ৪২ সপ্তাহের ভাড়া ৯ হাজার ২৬২ পাউন্ড ২৬ পেনি থেকে কমিয়ে ৮ হাজার ৮২০ পাউন্ড ৮৪ পেনি নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় প্রায় ১৬০ শিক্ষার্থী প্রভাবিত হয়েছেন। যারা আগেই পুরো ভাড়া পরিশোধ করেছেন, তাদের অর্থ ফেরত দেওয়া হবে। অন্যদিকে, অধিকাংশ শিক্ষার্থীর ভবিষ্যৎ কিস্তির পরিমাণ কমানো হবে অথবা ইতোমধ্যে দেওয়া প্রথম কিস্তি থেকে অতিরিক্ত অর্থ সমন্বয় করা হবে। বিশ্ববিদ্যালয়ের হিসাবে, ২০ জনেরও কম শিক্ষার্থী পুরো ভাড়া একসঙ্গে পরিশোধ করেছেন।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেন, ‘এই অনিচ্ছাকৃত ভুলের কারণে কিছু শিক্ষার্থীর কাছ থেকে ভুলভাবে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে কীভাবে অর্থ ফেরত দেওয়া হবে, তা জানানো হয়েছে।’

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক রবার্ট বলেন, বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনার চাহিদা অনেক বেশি হওয়ায় কর্তৃপক্ষ আবাসনের জন্য অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে তার ধারণা হয়েছিল। একই ভবনে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা ভাড়া নির্ধারণকে তিনি অপমানজনক বলে মন্তব্য করেন।

ব্রিটেনের জাতীয় ছাত্র ইউনিয়নের ইংল্যান্ডে উচ্চশিক্ষাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট লুইস উইলসনের মতে, এ ঘটনা শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার গভীর কাঠামোগত সমস্যার দিকটি তুলে ধরেছে। তার ভাষ্য, শিক্ষার্থীদের আবাসনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর উচিত তাদের জন্য সাশ্রয়ী ও ন্যায্য মূল্য নিশ্চিত করা।

তিনি বলেন, অনেক শিক্ষার্থীর জন্য বছরে প্রায় ৯ হাজার ২০০ পাউন্ড আবাসন ভাড়া তাদের পুরো বছরের শিক্ষাঋণের চেয়েও বেশি। ফলে বাড়তি কাজ করা কিংবা পরিবারের আর্থিক সহায়তার ওপর নির্ভর করা ছাড়া অনেকের উপায় থাকে না।

এদিকে, ব্রিটেনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় আবাসন সংকটও বাড়ছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর উচ্চ ভর্তি-মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় দেড় লাখ দেশীয় শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যা রেকর্ড। গত ১০ বছরে এ সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয় এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত করবে কি না, সে বিষয়ে জানতে চেয়েছিল দ্য টেলিগ্রাফ। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। একই সঙ্গে শিক্ষার্থীদের কত অর্থ ফেরত দিতে হবে, তার মোট হিসাবও প্রকাশ করেনি।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের ব্রিস্টলে উবার চালকদের টিকে থাকার সংগ্রাম

চালকের পরিচয় না দেওয়ায় যুক্তরাজ্যে একের পর এক মামলায় দোষী টেসলা

প্রতারণা মামলা থেকে রেহাই পেলেন এমপি আপসানা