ব্রিটেনে ভয়াবহ খরার প্রভাবে প্রায় ১০ লাখ মানুষের জন্য কলের পানি সরবরাহ সীমিত করার জরুরি পরিকল্পনা সামনে এসেছে। পরিস্থিতির আরও অবনতি হলে নির্দিষ্ট সময়ের জন্য পালা করে পানি সরবরাহ বন্ধ রাখার কথা বিবেচনা করা হচ্ছে। প্রস্তাবিত পরিকল্পনা কার্যকর হলে কোনো কোনো এলাকায় টানা তিন দিন পানির সংযোগ বন্ধ থাকতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ডেভন অঞ্চলে পানির সংকট মোকাবিলায় এ পরিকল্পনা করেছে পানি সরবরাহকারী প্রতিষ্ঠান সাউথ ওয়েস্ট ওয়াটার। পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট এলাকায় তিন দিন পানি সরবরাহ চালু রাখা হবে, পরবর্তী তিন দিন বন্ধ রাখা হতে পারে। এভাবে পালাক্রমে পানি সরবরাহ নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
খরা পরিস্থিতি আরও ভয়াবহ হলে জরুরি পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে এটি এখনো প্রস্তাবিত জরুরি পরিকল্পনা, বাস্তবায়নের সিদ্ধান্ত নয়।
ডেভন কাউন্টি কাউন্সিলের প্রধান নির্বাহী ডোনা ম্যানসন গত সপ্তাহে এক বৈঠকে সম্ভাব্য পানি সরবরাহের এই রোটাভিত্তিক পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন। স্থানীয় জেলা কাউন্সিল ও জরুরি সেবাসংস্থাসহ প্রায় ৬০টি প্রতিষ্ঠান মিলে ‘স্টেজ ফোর সিভিয়ার ড্রট’ বা চরম খরা পরিস্থিতি মোকাবিলায় জরুরি প্রস্তুতি পরিকল্পনা তৈরি করেছে।
চলতি গ্রীষ্মে দীর্ঘ সময় ধরে গরম ও বৃষ্টিহীন আবহাওয়ার কারণে ইংল্যান্ডের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয়টি কাউন্টিতে গত অক্টোবরের মাঝামাঝি আনুষ্ঠানিকভাবে চরম খরা ঘোষণা করা হয়।
এর মধ্যে রয়েছে ডেভন, কর্নওয়াল, ইস্ট সাসেক্স, ওয়েস্ট সাসেক্স, ডরসেট ও সমারসেট। পরিবেশ সংস্থার সংজ্ঞা অনুযায়ী, যখন খরার কারণে মানুষের জীবন, পানির সরবরাহ, পরিবেশ, কৃষি, অবকাঠামো কিংবা গুরুত্বপূর্ণ পরিষেবা গুরুতর ক্ষতির মুখে পড়ে বা পড়ার আশঙ্কা তৈরি হয়, তখন এ ধরনের খরা পরিস্থিতি ঘোষণা করা হয়।
পরিস্থিতির ভয়াবহতা বোঝা যাচ্ছে সমারসেটের উইম্বলবল জলাধারের পানির স্তর থেকে। চলতি বছরের অক্টোবরে জলাধারটির ধারণক্ষমতার মাত্র ১৩ শতাংশ পানি অবশিষ্ট ছিল। পরবর্তী সময়ে বৃষ্টি হলেও বর্তমানে তা বেড়ে মাত্র ২০ শতাংশে পৌঁছেছে।
এই জলাধার থেকে ডেভন অঞ্চলের প্রায় চার লাখ মানুষের পানীয় জলের চাহিদা পূরণ করা হয়। গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে পানির মজুত প্রায় অর্ধেক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পানির সংকট মোকাবিলায় দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় আগে থেকেই বিধিনিষেধ চালু রয়েছে। ডেভন, কর্নওয়াল, আইলস অব সিলি এবং ডরসেট ও সমারসেটের কিছু অংশে সাউথ ওয়েস্ট ওয়াটারের গ্রাহকদের জন্য হোসপাইপ ব্যবহার নিষিদ্ধ রয়েছে।
গত আগস্টের শুরু থেকে এসব বিধিনিষেধ কার্যকর। মিড ও ইস্ট ডেভনের কিছু এলাকায় গত জুলাই থেকেই এ নিষেধাজ্ঞা চালু রয়েছে।
অন্যদিকে, শরতের বৃষ্টিপাতের কারণে ব্রিস্টল ওয়াটার তাদের এলাকায় চালু থাকা হোসপাইপ নিষেধাজ্ঞা বুধবার তুলে নিয়েছে। তবে ইংল্যান্ডের আরও ১০টি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের আওতাধীন এলাকায় এখনো পানি ব্যবহারে বিধিনিষেধ বহাল রয়েছে।
এদিকে পানি সরবরাহ বন্ধ করে রেশনিং চালুর সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হলেও ব্রিটিশ সরকার জানিয়েছে, আপাতত দেশজুড়ে পানি রেশনিংয়ের কোনো পরিকল্পনা নেই।
দ্য টেলিগ্রাফকে দেওয়া এক বক্তব্যে পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক দপ্তর (ডেফরা)-এর একজন মুখপাত্র বলেন, পানির রেশনিংয়ের কোনো পরিকল্পনা সরকারের নেই এবং জনসাধারণের পানির সরবরাহে কোনো প্রভাব পড়বে বলেও সরকার মনে করছে না।
তিনি আরও বলেন, সরকার ও পরিবেশ সংস্থা দেশের পানির মজুত সুরক্ষায় কাজ করছে। যেসব এলাকায় চরম খরা চলছে, সেখানে পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিকল্প পরিকল্পনা থাকা প্রয়োজন। জলাধার ও নদীর পানির স্তর প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ছাড়া নতুন আঞ্চলিক পানি কাউন্সিলের মাধ্যমে স্থানীয় জনগণকে পানি ব্যবস্থাপনা বিষয়ে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।
সাউথ ওয়েস্ট ওয়াটারের খরা কর্মসূচির পরিচালক রিচার্ড স্ট্যানব্রুক জানিয়েছেন, সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে আগামী বছরের জন্য পর্যাপ্ত পানির মজুত নিশ্চিত করতে এখনো অনেক পথ বাকি।
তার ভাষ্য অনুযায়ী, আগামী বসন্তের মধ্যে ইংল্যান্ডকে খরা পরিস্থিতি থেকে বের করে আনতে পরবর্তী ছয় মাসে স্বাভাবিক গড় বৃষ্টিপাতের অন্তত ১২০ শতাংশ বৃষ্টি প্রয়োজন বলে জানিয়েছে পরিবেশ সংস্থা।
তিনি বলেন, পানির অপচয় কমানো, পাইপলাইনের ছিদ্র মেরামত এবং নেটওয়ার্কের এক স্থান থেকে অন্য স্থানে পানি সরিয়ে সরবরাহ সচল রাখার কাজ চলছে।
একই সঙ্গে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, এখন বৃষ্টিপাত হলেও পানি সাশ্রয় করা জরুরি। কারণ বর্তমানে সাশ্রয় করা প্রতিটি পরিমাণ পানি ভবিষ্যতের মজুত বাড়াতে সহায়তা করবে।
সূত্রঃ দ্য সান \ দ্য টেলিগ্রাফ
এমকে

