ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার রায়ান গ্রামে একটি বাড়িতে খ্রিষ্টানদের প্রার্থনা সভায় হামলার অভিযোগ উঠেছে হিন্দুত্ববাদী একটি উগ্রপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে। গত ১ নভেম্বর রবিবার সকালে প্রায় ৪০ জনের একটি দল বাড়িতে ঢুকে যাজকসহ কয়েকজন খ্রিষ্টান উপাসককে মারধর করে বলে অভিযোগ। এ সময় তাদের ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বাধ্য করা হয় বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ভারতীয় তথ্য যাচাইকারী সংবাদমাধ্যম অল্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। হামলাকারীরা ওই খ্রিষ্টান সম্প্রদায়ের বিরুদ্ধে অর্থের প্রলোভন দেখিয়ে হিন্দুদের ধর্মান্তরিত করার এবং ‘হানিট্র্যাপ’ পরিচালনার অভিযোগ তোলে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে যাজক ও উপাসকরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
প্রার্থনা সভায় নেতৃত্ব দেওয়া যাজক ছোট্টু রুইদাস অল্ট নিউজকে জানান, সকাল ১০টার দিকে রায়ান গ্রামের বাসিন্দা সুশান্ত মাঝিলার বাড়িতে উপাসকরা একত্রিত হয়েছিলেন। প্রার্থনা প্রায় শেষ পর্যায়ে এবং ধর্মীয় রীতি অনুযায়ী কমিউনিয়ন চলার সময় প্রায় ৪০ জন সেখানে উপস্থিত হয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকে।
অভিযোগ অনুযায়ী, গ্রামের প্রভাবশালী ও বিত্তশালী বাসিন্দা বিশ্বেশ্বর চৌধুরীও হামলাকারীদের দলে ছিলেন। তিনি প্রথমে যাজক রুইদাসকে চড় মারেন। এরপর তার সঙ্গে থাকা ব্যক্তিরা বাঁশের লাঠি দিয়ে মারধর শুরু করে। অনেকে লাথি-চড় মারার পাশাপাশি কোমরের বেল্ট খুলে পেটায় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
রুইদাসের দাবি, হামলায় ১৭ বছর বয়সী এক কিশোরের মাথায় গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। হামলাকারীরা উপাসকদের বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর করে। কেউ প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও সেখানেও তাদের ধাওয়া করে আক্রমণ করা হয়।
একপর্যায়ে রুইদাসকে রক্ষা করতে অন্য উপাসকরা রান্নাঘরে আটকে রাখেন। কিন্তু হামলাকারীরা দরজা ভেঙে তাকে বের করে আনে। তার বড় বোন তাকে বাঁচাতে জড়িয়ে ধরে মাটিতে পড়ে যান। এরপরও তাকে লাথি মারা হয় এবং একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে কাছের একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পর পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যাজক হোসে বার্নার্ড জানান, তিনি কয়েকবার বর্ধমান থানায় ফোন করলেও পুলিশ প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেয়নি। পরে জরুরি সেবা নম্বর ১১২-তে ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে যায়।
তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীদের অনেকে পালিয়ে যায়। বার্নার্ডের অভিযোগ, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ খ্রিষ্টান উপাসক সম্প্রদায়ের ২০ জন নারী, তিনজন অপ্রাপ্তবয়স্ক এবং আটজন পুরুষকে আটক করে।
আটক ব্যক্তিদের প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক গাড়ির ভেতরেই তাদের পরীক্ষা করেন। পরে তাদের থানায় নিয়ে দুটি আলাদা কক্ষে রাখা হয়।
বার্নার্ড থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণ পর হামলাকারীদের একটি দল থানায় ঢুকে তার জামার কলার ধরে এবং অভিযোগ প্রত্যাহার না করলে হত্যার হুমকি দেয়। পুলিশের সামনেই তাকে শারীরিকভাবে হেনস্তা ও ভয়ভীতি দেখানো হলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তার।
বার্নার্ডের দাবি, শেষ পর্যন্ত প্রাণনাশের আশঙ্কায় তিনি অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হন। এ সময় হামলাকারীরা বলেছিল, ‘এটি আমাদের সরকার, হিন্দু সরকার। এটি হিন্দু দেশ। এখানে যিশুর উপাসনা চলবে না।’ পাশাপাশি খ্রিষ্টানদের গঙ্গায় স্নান করিয়ে হিন্দুধর্মে ফিরিয়ে আনার কথাও বলা হয় বলে অভিযোগ করেন তিনি।
তবে বর্ধমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত মুখার্জি এসব অভিযোগ অস্বীকার করেছেন। অল্ট নিউজকে তিনি বলেন, খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন নিজেরাই অভিযোগ জমা দেওয়ার পর তা প্রত্যাহার করেছেন। থানার ভেতরে কাউকে হুমকি দেওয়া হয়নি। তার দাবি, স্থানীয় বাসিন্দারাও ওই উপাসক সম্প্রদায়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, আহতদের পরিবারের সদস্যরা নিতে না আসায় তাদের থানায় রাখা হয়েছিল। পরে রাত ১১টার দিকে নারীদের এবং রাত ১টার দিকে পুরুষদের ছেড়ে দেওয়া হয়।
এই হামলার ঘটনায় সাগরী কোনাই নামে এক বৃদ্ধা খ্রিষ্টান নারীর ওপরও নির্যাতনের অভিযোগ উঠেছে। প্রাথমিক হামলা থেকে পালিয়ে নিজের বাড়িতে ফিরে গেলেও একদল ব্যক্তি সেখানে গিয়ে তাকে মারধর করে বলে অভিযোগ করেছেন যাজকরা। এতে তার একটি আঙুল ভেঙে যায়।
যাজক রুইদাসের অভিযোগ, ওই বৃদ্ধাকে কান ধরে ওঠবস করতে এবং খ্রিষ্টধর্ম পালনের জন্য ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এমনকি কাছের একটি মন্দিরে নিয়ে তাকে হিন্দু ধর্মীয় আচার পালনে বাধ্য করা হয় বলেও অভিযোগ রয়েছে। ওই নারী বিধবা এবং মেয়ের সঙ্গে বসবাস করেন।
ঘটনার পর থেকে উপাসকরা আতঙ্কের মধ্যে রয়েছেন। যাজক রুইদাস জানিয়েছেন, এখনো তিনি হামলার আঘাতজনিত ব্যথায় ভুগছেন এবং রায়ান গ্রামে নিজের বাড়িতে ফিরতে ভয় পাচ্ছেন। বর্তমানে তিনি যাজক বার্নার্ডের সঙ্গে অবস্থান করছেন।
বার্নার্ডের ছোট মেয়েও প্রার্থনা সভায় উপস্থিত ছিল এবং পুরো হামলার ঘটনা প্রত্যক্ষ করেছে। এতে শিশুটি মানসিকভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
ঘটনার শিকার খ্রিষ্টান উপাসকদের অভিযোগ, হামলার পরও এলাকায় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর আশ্বাস দেওয়া হয়নি। ভবিষ্যতে আবারও হামলা বা হয়রানির শিকার হওয়ার আশঙ্কায় তারা দিন কাটাচ্ছেন।
সূত্রঃ অল্ট নিউজ
এমকে

