TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ভুয়া শিল্পী সাজিয়ে ব্রিটেনে গ্লোবাল ট্যালেন্ট ভিসাঃ বিবিসির অনুসন্ধানে জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য

ব্রিটেনে অভিবাসনের সুযোগ নিতে ধনী বিদেশিদের ভুয়া শিল্পী ও প্রযুক্তি বিশেষজ্ঞ সাজিয়ে গ্লোবাল ট্যালেন্ট ভিসা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিপুল অর্থের বিনিময়ে ভুয়া শিল্পকর্ম, প্রদর্শনী, সংবাদপত্রে প্রশংসামূলক প্রতিবেদন, পুরস্কার এবং সুপারিশপত্র তৈরি করে দেওয়ার প্রস্তাব দিচ্ছে এসব প্রতিষ্ঠান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

অনুসন্ধানের পর ইতোমধ্যে দুই নাইজেরীয় নাগরিকের গ্লোবাল ট্যালেন্ট ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু করেছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে ভুয়া তথ্য ও প্রতারণার মাধ্যমে ভিসা নেওয়ার অভিযোগ রয়েছে। দুজনই নিজেদের চারুকলার আলোকচিত্রী হিসেবে পরিচয় দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছিলেন।

২০২০ সালে চালু হওয়া গ্লোবাল ট্যালেন্ট ভিসার উদ্দেশ্য ছিল বিশ্বের মেধাবী বিজ্ঞানী, গবেষক এবং সৃজনশীল পেশাজীবীদের ব্রিটেনে আকৃষ্ট করা। শিল্পী ও সংস্কৃতিকর্মীরাও এই ভিসার জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে অসাধারণ প্রতিভা অথবা ভবিষ্যতে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের সম্ভাবনা প্রমাণ করতে হয়।

এই ভিসার অন্যতম আকর্ষণ হলো, আবেদনকারীদের সাধারণত সাক্ষাৎকার দিতে হয় না। ভিসা পেলে তারা পরিবারের সদস্যদেরও ব্রিটেনে নিয়ে আসতে পারেন। পাশাপাশি তিন অথবা পাঁচ বছরের মধ্যে স্থায়ী বসবাসের (আইএলআর) সুযোগ তৈরি হয়।

বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, কিছু প্রতিষ্ঠান এই সুযোগকে কাজে লাগিয়ে ধনী অভিবাসীদের জন্য সাজানো প্রতিভার প্রমাণ তৈরি করছে। লন্ডনের ক্যানারি ওয়ার্ফভিত্তিক একটি প্রতিষ্ঠানের পরামর্শক বিবিসির ছদ্মবেশী প্রতিবেদককে জানান, চীনে তৈরি শিল্পকর্ম সরবরাহের পাশাপাশি প্রদর্শনীর আয়োজন, সংবাদমাধ্যমে প্রচার এবং সুপারিশপত্রের ব্যবস্থাও করে দিতে পারবেন তারা।

প্রতিষ্ঠানটির পরামর্শক পিটার নাম ব্যবহারকারী ব্যক্তি জানান, আবেদনকারীর শিল্পী হওয়া জরুরি নয়। চীন থেকে শিল্পকর্ম তৈরি করিয়ে সেগুলো আবেদনকারীর নিজের কাজ হিসেবে উপস্থাপন করা যাবে। এমনকি আবেদনকারীর হয়ে প্রতিষ্ঠানের কর্মী গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে পরিচিতি ও পেশাগত যোগাযোগও তৈরি করবেন।

তার দাবি, সম্পূর্ণ প্যাকেজের জন্য প্রায় ৮ লাখ ৮০ হাজার চীনা ইউয়ান, অর্থাৎ প্রায় ৯৮ হাজার পাউন্ড দিতে হবে। ব্রিটিশ মুদ্রায় অর্থ পরিশোধ করলে অতিরিক্ত ২০ শতাংশ ভ্যাট দিতে হবে। পুরো প্রক্রিয়ায় অন্তত দুই বছর সময় লাগতে পারে।

শুধু শিল্পকর্ম তৈরি নয়, আবেদনকারীর জন্য পুরস্কার জেতানোর ব্যবস্থাও করার প্রস্তাব দেওয়া হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ফোর্বসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত চীনের ‘ফিউচার আর্টিস্ট অ্যাওয়ার্ডস’ প্রতিযোগিতায় পুরস্কার পাইয়ে দিতে অতিরিক্ত ২ লাখ ৫০ হাজার চীনা ইউয়ান, অর্থাৎ প্রায় ২৮ হাজার পাউন্ড চাওয়া হয়।

পিটারের দাবি ছিল, এই পুরস্কার ভিসার আবেদনকে আরও শক্তিশালী করবে। পুরস্কার না পেলে ওই অর্থ ফেরত দেওয়ার কথাও জানান তিনি।

বিবিসি জানায়, প্রতিষ্ঠানটির পাঠানো চুক্তিপত্রে ভিসার আবেদনের জন্য ১২ থেকে ১৫টি প্রমাণ সরবরাহ এবং পুরস্কার অর্জনে সহায়তার বিষয় উল্লেখ ছিল। প্রতিবেদক জানতে চান, ইংরেজি না জানলে বা শিল্পকলায় কোনো অভিজ্ঞতা না থাকলে কীভাবে এসব কার্যক্রম পরিচালনা করা হবে। জবাবে পিটার জানান, প্রতিষ্ঠানের কর্মীরাই প্রয়োজনীয় কাজ করে দেবেন।

অনুসন্ধানে দুই নাইজেরীয় নাগরিক সিলভা এনডিফন ও আদানু ইমানুয়েল ওকোকোর ভিসা আবেদনে জাল সংবাদ প্রতিবেদন ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

নাইজেরিয়ার একটি সংবাদপত্র ‘নাইজেরিয়ান ট্রিবিউন’-এ তাদের শিল্পকর্মের প্রশংসা করে কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। কিন্তু সেসব প্রতিবেদনে ব্যবহৃত শিল্পসমালোচক মোলারা উডের নাম ও পরিচয় তার অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়।

মোলারা উড বিবিসিকে জানান, তিনি ওই প্রতিবেদনগুলো লেখেননি। অথচ তার নাম ব্যবহার করে দুই ব্যক্তির শিল্পকর্মের প্রশংসা করা হয়েছিল। বিষয়টি জানার পর সংবাদপত্র কর্তৃপক্ষ প্রতিবেদনগুলো সরিয়ে নেয়।

সংবাদপত্রটি জানায়, তাদের একজন কর্মী অনুমতি ছাড়া ওয়েবসাইটে প্রতিবেদনগুলো প্রকাশ করেছিলেন। ওই কর্মী স্বীকার করেন, প্রতিষ্ঠানের বাইরের একজন ব্যক্তি তাকে প্রতিবেদনগুলো সরবরাহ করেছিলেন।

শিল্পী হিসেবে গ্লোবাল ট্যালেন্ট ভিসার আবেদন করতে হলে সাম্প্রতিক সময়ে আবেদনকারীর কাজ নিয়ে অন্তত দুটি সংবাদ প্রতিবেদন বা শিল্পসমালোচনা জমা দিতে হয়। এই শর্ত পূরণ করতেই ভুয়া সংবাদ প্রকাশের ব্যবস্থা করা হয়েছিল বলে অনুসন্ধানে উঠে এসেছে।

বিবিসির তথ্য অনুযায়ী, দুই নাইজেরীয় নাগরিকের ভিসা ইতোমধ্যে প্রতারণার অভিযোগে বাতিলের প্রক্রিয়ায় রয়েছে। তাদের আবেদনপত্রে ব্যবহৃত প্রমাণের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে।

শুধু শিল্পকলাই নয়, প্রযুক্তি খাতের গ্লোবাল ট্যালেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রেও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।

ভারত থেকে আসা এক নারী বিবিসিকে জানান, প্রযুক্তি খাতে ট্যালেন্ট ভিসার আবেদন করতে তিনি একটি প্রতিষ্ঠানের সহায়তা নিয়েছিলেন। কিন্তু প্রতিষ্ঠানটি তার জন্য ভুয়া মেন্টরিং পুরস্কার তৈরি করে এবং একটি অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশ নেওয়ার মিথ্যা তথ্য জমা দেয়। শেষ পর্যন্ত তার আবেদন প্রত্যাখ্যান করা হয়।

ব্রিটিশ অভিবাসন আইনজীবী হরজাপ সিং ভাঙ্গাল বিবিসির হাতে আসা নথি ও অনুসন্ধানের তথ্য পর্যালোচনা করে বলেন, এ ধরনের কর্মকাণ্ড একটি সুপরিকল্পিত প্রতারণা। এর উদ্দেশ্য হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অনুমোদনকারী প্রতিষ্ঠানকে বিশ্বাস করানো যে আবেদনকারী প্রকৃতপক্ষেই একজন প্রতিভাবান শিল্পী।

তিনি আরও বলেন, বিবিসিকে যে চুক্তিপত্র পাঠানো হয়েছিল, সেটি কার্যত আইন ভাঙার একটি চুক্তি।

বিবিসির অনুসন্ধানে উঠে আসা প্রতিষ্ঠানটির নাম আইকেরিয়ার কনসালটেন্সি ইউকে। এর সহযোগী প্রতিষ্ঠান এডিআর্ট গ্লোবাল লিমিটেড ব্রিটেনের অভিবাসন পরামর্শক নিয়ন্ত্রক সংস্থার কাছে নিবন্ধিত।

প্রতিষ্ঠানটির পরামর্শক পিটার সামাজিক যোগাযোগমাধ্যমে গ্লোবাল ট্যালেন্ট ভিসার বিষয়ে প্রচার চালাতেন। তার প্রকৃত নাম শিলং গুয়ান বলে জানিয়েছে বিবিসি।

একটি পোস্টে তিনি দাবি করেছিলেন, আবেদনকারী শিল্পী না হলেও তাদের প্রতিষ্ঠান শিল্পকর্ম সরবরাহের মাধ্যমে ভিসা পাওয়ার ব্যবস্থা করতে পারে। এমনকি তাদের শিল্পভিত্তিক গ্লোবাল ট্যালেন্ট ভিসা সেবায় অনুমোদন নিশ্চিত বলেও প্রচার করেছিলেন।

তবে বিবিসির মুখোমুখি হলে পিটার অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, তারা কাউকে ভুয়া শিল্পী সাজানোর কাজ করেন না এবং তাদের সঙ্গে যুক্ত সব শিল্পীই প্রকৃত শিল্পী।

আইকেরিয়ার কর্তৃপক্ষ আইনজীবীর মাধ্যমে জানায়, পিটার অক্টোবরের শুরুতেই প্রতিষ্ঠানটির চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং বিবিসির ছদ্মবেশী প্রতিবেদকের সঙ্গে তার বৈঠক প্রতিষ্ঠানের অনুমোদিত ছিল না। প্রতিষ্ঠানটি কোনো ধরনের ভিসা সেবা দেওয়ার অভিযোগও অস্বীকার করেছে।

তবে বিবিসি জানায়, অনুসন্ধানের সময় পিটার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে কর্মী হিসেবে তালিকাভুক্ত ছিলেন। তিনি আইকেরিয়ারের নাম ও যোগাযোগের ঠিকানা ব্যবহার করে চুক্তিপত্রও পাঠিয়েছিলেন।

ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবিসির অনুসন্ধানকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ১ লাখ পাউন্ডের প্যাকেজ দেওয়ার প্রস্তাব করা প্রতিষ্ঠানটি আগে থেকেই তদন্তের আওতায় রয়েছে।

একজন মুখপাত্র বলেন, ব্রিটেনের অভিবাসন ব্যবস্থায় প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। গ্লোবাল ট্যালেন্ট ভিসা ব্যবস্থা পর্যালোচনার মধ্যেও রয়েছে এবং এর অপব্যবহার বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রী প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ব্রিটেনে প্রায় ৬ হাজার ৬০০টি গ্লোবাল ট্যালেন্ট ভিসা দেওয়া হয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে শিল্পকলা ও সংস্কৃতি বিভাগে আবেদনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

শিল্পকলা ও সংস্কৃতির ক্ষেত্রে আবেদন যাচাই করে অনুমোদনের সুপারিশ করে আর্টস কাউন্সিল ইংল্যান্ড। গত বছর প্রতিষ্ঠানটি প্রায় ৩ হাজার ৫০০টি আবেদন পেয়েছিল, যার অর্ধেকেরও কম অনুমোদনের সুপারিশ পায়।

তবে আবেদনকারীরা নির্দিষ্ট কিছু আন্তর্জাতিকভাবে স্বীকৃত বড় পুরস্কার জিতলে সাধারণ অনুমোদন প্রক্রিয়ার বাইরে ভিসার সুযোগ পেতে পারেন। চলচ্চিত্র ও টেলিভিশন খাতে অস্কার, বাফটা বা গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার এর উদাহরণ।

আর্টস কাউন্সিল ইংল্যান্ড জানিয়েছে, জালিয়াতির অভিযোগকে তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং কোনো প্রমাণ বিভ্রান্তিকর বা প্রতারণামূলক বলে সন্দেহ হলে তদন্ত করে।

বিবিসির অনুসন্ধান বলছে, ব্রিটেনের উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি পেশাজীবীদের আকৃষ্ট করার জন্য চালু করা গ্লোবাল ট্যালেন্ট ভিসা ব্যবস্থাকে কিছু প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে ভুয়া যোগ্যতা তৈরির সুযোগ হিসেবে ব্যবহার করছে। এ পরিস্থিতিতে ভিসা ব্যবস্থার স্বচ্ছতা ও আবেদন যাচাইয়ের পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

টাওয়ার হ্যামলেটসে জনসমুদ্র, জেরেমি করবিনের গর্জনঃ ‘এ ঐক্যই ব্রিটেনের শক্তি’

নিউজ ডেস্ক

অবাধ ও অসতর্ক যৌনতায় যুক্তরাজ্যে বৃদ্ধি পাচ্ছে যৌনরোগ

কানাডায় তীব্র তাপদাহে ৪৮৬ জনের মৃত্যু