রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘মিজানের ভাতের হোটেল’ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেলটির কাঠামো ভেঙে দেওয়া হয়।
রোববার দুপুরে আগারগাঁও এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে কাফরুল থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। পরে ভাইরাল হওয়া ‘মিজানের ভাতের হোটেল’-এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মূল সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী কাঠামো নির্মাণের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছিল।
এর আগে গত ১০ আগস্ট হোটেলটির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে মিজানুর রহমানের বিরুদ্ধে। ওই ঘটনায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ১০০ টাকায় ভাত-মাংস পরিবেশনের ভিডিও ছড়িয়ে পড়ার পর অল্প সময়েই ‘মিজানের ভাতের হোটেল’ ব্যাপক জনপ্রিয়তা পায়। স্বল্পমূল্যে খাবার বিক্রির কারণে অনেকের প্রশংসা পেলেও শেষ পর্যন্ত ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে হোটেলটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

