TV3 BANGLA
বাংলাদেশ

মশিউর রহমানের অভিযোগে সাবেক শীর্ষ কর্মকর্তাদের নাম, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা

যুক্তরাজ্যপ্রবাসী মশিউর রহমান (মামুন) আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুম ও অমানবিক নির্যাতনের অভিযোগ করেছেন। তার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে লক্ষ্য করে করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি।

মশিউর রহমান জানান, ২০১৩ সালে তাকে প্রথমবার গুম করা হয়। এরপর ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে পুনরায় গুম করেন এবং ছয় মাস ধরে অমানবিক নির্যাতন করা হয়। ২০১৫ সালের ২৩ আগস্ট তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) গারদে রাখা হয়, পরে রিমান্ড ও কারাগারে রাখা হয়। মুক্তি পাওয়ার পর একপর্যায়ে তিনি যুক্তরাজ্যে চলে যান। তিনি দাবি করেন, এই ঘটনার কারণে এখন তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ভিন্নমতও প্রকাশ করা হয়েছে। কিছু ব্যক্তি বলছেন, মশিউর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করে ব্যক্তিগত শত্রুতার সূত্র ধরে অন্যদের ক্ষতিগ্রস্ত করেছেন। এছাড়া সাবেক আওয়ামী লীগের মন্ত্রী খালিদ মাহমুদ এবং সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরোয়ার-এর সঙ্গে তার গোপন সম্পর্ক ছিল।

তথ্য অনুযায়ী, তিনি আওয়ামী লীগ আমলের সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার নাম ব্যবহার করে ঢাকায় বিভিন্ন জায়গা দখল করার চেষ্টা করেছিলেন। সাবেক আইজি বেনজীর আহমেদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার পর তিনি বিপদে পড়েন। বিশেষজ্ঞরা বলছেন, মশিউর রহমানের অভিযোগে ডিজিএফআইয়ের ভয় ও প্রভাবের উল্লেখ থাকায় বিষয়টি দেশে রাজনীতিক ও মানবাধিকার বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সূত্রঃ প্রথম আলো \ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফয়েজ

কাকরাইলের লাল টি-শার্টধারীঃ পুলিশ নাকি বহিরাগত? বিতর্কে নতুন মোড়

রাখাইনে ‘স্বাধীন’ দেশের সম্ভাবনা? বাংলাদেশের মহাবিপদ!