11.4 C
London
May 16, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

মালদ্বীপের গুহা দুর্ঘটনাঃ ইতালীয় ৫ ডুবুরির মৃত্যু, উদ্ধারকর্মীরও করুণ পরিণতি

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে এক ভয়াবহ স্কুবা ডাইভিং দুর্ঘটনায় পাঁচ ইতালীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় উদ্ধারকর্মী একজন ডুবুরিও প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের চেষ্টাকালে গুরুতর আহত হন স্টাফ সার্জেন্ট মোহাম্মদ মাহদি; পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়। শনিবার বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন মালদ্বীপ সরকারের এক মুখপাত্র।

বৃহস্পতিবার ভাভু আটল এলাকায় প্রায় ৫০ মিটার (১৬৪ ফুট) গভীরতায় অবস্থিত এক গুহা অনুসন্ধানের চেষ্টা করতে গিয়ে প্রাণ হারান পাঁচ ইতালীয়। নিহতদের মধ্যে রয়েছেন জেনোয়া বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদ্যার অধ্যাপিকা মনিকা মন্টেফালকোনে, তার মেয়ে, দুই গবেষক এবং এক নৌকার কার্যক্রম পরিচালক ও ডাইভিং প্রশিক্ষক। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তারা পানিতে নামেন এবং নির্ধারিত সময়ে ভূপৃষ্ঠে ফিরে না আসায় নিখোঁজ হবার খবর দেওয়া হয়।

মালদ্বীপের কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত পাঁচজনের মধ্যে একজনের মরদেহ প্রায় ৬০ মিটার (১৯৭ ফুট) গভীরতার আরেক গুহা থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনাকে এ পর্যন্ত দেশটির ইতিহাসে একক ডাইভিং দুর্ঘটনায় সবচেয়ে বড় প্রাণহানি বলে ধারণা করা হচ্ছে। প্রবাল দ্বীপের দেশটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও এ ঘটনায় শঙ্কা দেখা দিয়েছে।

নিহত উদ্ধারকর্মী মাহদি সহ মোট আটজন রেসকিউ ডুবুরি শনিবার মরদেহের সন্ধানে পানিতে নামেন। সরকারি মুখপাত্র মোহামদ হোসাইন শরীফ বিবিসিকে বলেন, “ডুবুরিরা যখন ভূপৃষ্ঠে ফিরে আসেন, তখন তারা বুঝতে পারেন মাহদি আর তাদের সাথে নেই।” অন্য ডুবুরিরা সঙ্গে সঙ্গেই আবার পানিতে নেমে মাহদিকে অচেতন অবস্থায় পান। তড়িঘড়ি হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। মালদ্বীপের সেনাবাহিনী উদ্ধার অভিযানটিকে ‘অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ’ বলে বর্ণনা করেছে, বিশেষ করে প্রতিকূল আবহাওয়ার কারণে।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু শনিবার নিজে ভাভু আটলের উদ্ধার এলাকা পরিদর্শন করেন এবং ঘটনার জন্য শোক প্রকাশ করেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এক শোকবার্তায় বলেন, “ইতালির জন্য শোকের এই দিনগুলোতে আরও কষ্টের খবর হলো যে, সাহসী এক সেনা আমাদের ইতালীয় ভাইবোনদের মরদেহ উদ্ধারে ডুব দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এই ট্র্যাজেডি ইতালি ও মালদ্বীপকে শোকে ও নিহতদের প্রতি শ্রদ্ধায় একত্রিত করেছে।”

এদিকে, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেই ‘ডিউক অব ইয়র্ক’ ইয়ট থেকে পাঁচ ডুবুরি যাত্রা করেছিলেন, ওই ইয়টে থাকা আরও ২০ ইতালীয় নাগরিক অক্ষত আছেন এবং শ্রীলঙ্কার কলম্বোতে ইতালির দূতাবাস তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলের আবহাওয়া ছিল রুক্ষ এবং সেখানে যাত্রীবাহী নৌকা ও জেলেদের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে গভীরতা নিয়ে।

সরকারি মুখপাত্র শরীফ উল্লেখ করেন, সাধারণ বিনোদনমূলক স্কুবা ডাইভারদের শুধু ৩০ মিটার গভীরতা পর্যন্ত ডুব দেওয়ার অনুমতি দেওয়া হয়; কেন ইতালীয় ডুবুরিরা ৫০-৬০ মিটার গভীরতার গুহায় প্রবেশ করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

ফিলিস্তিনিদের উপর অত্যাচার ও গাজার সত্য প্রকাশ করায় দুই সাবেক মার্কিন কর্মকর্তা কারাগারে

কারাবন্দীদের ‘অন্তরঙ্গ’ সময় কাটানোর ব্যবস্থা করলো ইতালি

দাঙ্গার এক বছর পরও আতঙ্কে উত্তর-পূর্ব ইংল্যান্ডের মুসলিমরা