ব্রিটেনে মুখ ঢেকে চলাফেরা করা ব্যক্তিদের নিয়ন্ত্রণে বালাক্লাভা নিষিদ্ধ করে ইতিবাচক ফল পেয়েছে ডার্বিশায়ারের ছোট শহর হিনর। প্রায় আড়াই বছর আগে শহরটিতে এ নিষেধাজ্ঞা চালুর পর অসামাজিক আচরণের অভিযোগ উল্লেখযোগ্যভাবে কমেছে। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে যেখানে এ ধরনের ৪৬টি অভিযোগ নথিভুক্ত হয়েছিল, ২০২৬ সালের একই মাসে তা কমে ১৫টিতে দাঁড়িয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মুখ ঢেকে পরিচয় গোপন করে ভয়ভীতি সৃষ্টি, হয়রানি কিংবা জনমনে আতঙ্ক ছড়ানোর ঘটনা মোকাবিলায় স্থানীয় প্রশাসন এ উদ্যোগ নেয়।
হিনর শহরে ২৪ হাজারের বেশি মানুষের বসবাস। ২০২৪ সালের শুরুর দিকে সেখানে দলবদ্ধভাবে অসামাজিক আচরণ, জনসাধারণের দিকে ডিম ছুড়ে মারা এবং ই-বাইক ও স্কুটার চালিয়ে মানুষকে ভয় দেখানোর অভিযোগ বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় পুলিশ ও অ্যাম্বার ভ্যালি বরো কাউন্সিল মিলে জনসাধারণের চলাচলের নির্দিষ্ট এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা চালু করে।
এই নিষেধাজ্ঞার আওতায় বালাক্লাভা, মুখোশ, স্কার্ফসহ বিভিন্ন উপায়ে পরিচয় গোপন করে অপরাধমূলক বা ভয়ভীতি সৃষ্টিকারী আচরণ করলে পুলিশ ব্যবস্থা নিতে পারে। তবে ধর্মীয় ও সাংস্কৃতিক কারণে মুখ ঢাকার ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
নিষেধাজ্ঞার আওতায় শুধু মুখ ঢেকে চলাফেরাই নয়, নির্দিষ্ট এলাকায় সাইকেল, স্কেটবোর্ড ও স্কুটার চালানো, অতিরিক্ত উচ্চ শব্দে গান বাজানো এবং দলবদ্ধভাবে অবস্থানের ওপরও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ডার্বিশায়ার পুলিশের কর্মকর্তা পিসি লেভি ট্যাবরন জানান, স্থানীয় পুলিশ কর্মকর্তারা অসামাজিক আচরণ নিয়ন্ত্রণে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছিলেন। প্রথমে তারা নিজেরাও বিস্মিত হয়েছিলেন যে প্রস্তাবগুলো প্রশাসনের আইনি অনুমোদন পেয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হিনর ও লসকো এলাকায় অসামাজিক আচরণের ৪৬টি অভিযোগ নথিভুক্ত হয়েছিল। ২০২৫ সালের একই মাসে তা কমে ২৫টিতে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আরও কমে ১৫টিতে নেমে আসে। অর্থাৎ দুই বছরে অভিযোগের সংখ্যা প্রায় ৬৭ শতাংশ কমেছে।
তবে এই পরিসংখ্যানের সব অভিযোগই মুখোশ পরা বা বালাক্লাভা-সংক্রান্ত নয়। একই এলাকার অন্যান্য অসামাজিক আচরণের অভিযোগও এতে অন্তর্ভুক্ত রয়েছে। ফলে শুধু বালাক্লাভা নিষেধাজ্ঞার কারণেই অপরাধ কমেছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
অ্যাম্বার ভ্যালি বরো কাউন্সিল জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় পুলিশ দুটি নির্দিষ্ট জরিমানার নোটিশ দিয়েছে এবং দুটিই পরিশোধ করা হয়েছে। কাউন্সিলের ভাষ্য, অসামাজিক আচরণ মোকাবিলায় বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগের একটি অংশ এই নিষেধাজ্ঞা।
পুলিশ কর্মকর্তা লেভি ট্যাবরন বলেন, তাদের উদ্দেশ্য নির্বিচারে জরিমানা করা নয়। প্রথমে মানুষকে বোঝানো, সতর্ক করা এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক তৈরি করাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে প্রয়োজন হলে নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ৭২ বছর বয়সী ক্যারল উইলকিনসন বলেন, শহরের মার্কেট প্লেসে মুখোশ পরা তরুণদের দলবদ্ধভাবে ঘোরাফেরা অনেকের কাছে ভীতিকর মনে হয়। বিশেষ করে বিকেলের দিকে সাইকেল নিয়ে দলবদ্ধভাবে চলাচল করতে দেখা যায়।
৭১ বছর বয়সী অ্যান্ড্রু গেস্টের মতে, মুখ ঢেকে চলাফেরা করলে স্বাভাবিকভাবেই মানুষের মনে সন্দেহ তৈরি হয়। বয়স্ক ব্যক্তি ও নারীরা এমন দল দেখলে অনেক সময় রাস্তা পরিবর্তন করে নিরাপদ দূরত্ব বজায় রাখেন।
আরেক বাসিন্দা ট্যামসিন কক্স জানান, শুধু শহরের কেন্দ্রেই নয়, আশপাশের এলাকাতেও মুখ ঢেকে দ্রুতগতিতে বাইক চালানো, বিপজ্জনক কসরত এবং অসামাজিক আচরণের অভিযোগ নিয়ে স্থানীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত আলোচনা হয়।
হিনরই অবশ্য যুক্তরাজ্যের একমাত্র শহর নয় যেখানে এ ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। নটিংহাম শহরে গত সেপ্টেম্বর থেকে একই ধরনের বিধিনিষেধ কার্যকর হয়েছে। সেখানে পুলিশ যুক্তিসংগতভাবে মনে করলে যে মুখ ঢেকে কোনো ব্যক্তি সমস্যা সৃষ্টি করতে পারেন, তাকে মুখের আবরণ সরানোর নির্দেশ দিতে পারে। তবে বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নটিংহামে এখন পর্যন্ত এ বিধির আওতায় কোনো জরিমানা করা হয়নি।
এ ছাড়া উলভারহ্যাম্পটনে কয়েক বছর ধরেই এ ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। স্ট্যাফোর্ডে ডিসেম্বর থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা। ডার্বি, স্টোক-অন-ট্রেন্ট, ম্যানসফিল্ড ও লাফবরোতেও একই ধরনের ব্যবস্থা চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি পল জোনস মনে করেন, হিনরের অভিজ্ঞতা যুক্তরাজ্যের অন্য শহরগুলোর জন্য উদাহরণ হতে পারে। তার মতে, বালাক্লাভা পরে ই-বাইক চালিয়ে মানুষকে ভয় দেখানো ব্যক্তিদের শনাক্ত করা কঠিন। তাই জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সূত্রঃ বিবিসি
এমকে

