TV3 BANGLA
বাংলাদেশ

মুসলিম প্রধান দেশে শুকরের মাংস ও প্রক্রিয়াজাত খাদ্য প্রবেশের শঙ্কাঃ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রশ্ন

২০২৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে মুসলিম প্রধান বাংলাদেশে শুকরের মাংস, প্রক্রিয়াজাত প্রাণিজ খাদ্য এবং অন্যান্য আমদানিকৃত মাংসপণ্যের প্রবেশ সহজ হওয়ার আশঙ্কা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ধর্মীয় সংবেদনশীলতা, জনস্বাস্থ্য, স্থানীয় শিল্পের ভবিষ্যৎ এবং অর্থনৈতিক সার্বভৌমত্ব—সব মিলিয়ে চুক্তিটি এখন জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
সরকারের পক্ষ থেকে এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো এবং রপ্তানি সুবিধা বৃদ্ধির পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হলেও, অর্থনীতিবিদ, ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন সামাজিক মহলের একাংশ এটিকে একটি অসম ও ঝুঁকিপূর্ণ চুক্তি হিসেবে দেখছেন।
চুক্তির আলোচিত অংশগুলোর মধ্যে অন্যতম হলো কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে শুল্ক হ্রাস। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যের ওপর থেকে কাস্টমস শুল্ক পুরোপুরি বিলুপ্ত বা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে। এর আওতায় গরু, শুকর, ভেড়া, ছাগলসহ বিভিন্ন গবাদি পশুর মাংস, হিমায়িত মাংস, প্রক্রিয়াজাত মাংস, মুরগি, হাঁস, টার্কি এবং ডিম অন্তর্ভুক্ত রয়েছে।
সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে শুকরের মাংস আমদানির সম্ভাবনা ঘিরে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, যেখানে ধর্মীয় বিশ্বাস ও সামাজিক সংস্কৃতির কারণে শুকরের মাংস সাধারণভাবে নিষিদ্ধ ও অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত। এমন বাস্তবতায় চুক্তিতে শুকরের মাংস ও সংশ্লিষ্ট চর্বিযুক্ত খাদ্যপণ্য আমদানির সুযোগ তৈরি হওয়াকে অনেকে ধর্মীয় অনুভূতির প্রতি অমর্যাদা হিসেবে দেখছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ব্যবসায়ী মহল পর্যন্ত এ নিয়ে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধ বিবেচনায় না এনে কীভাবে এমন একটি ধারা যুক্ত হলো।
চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো নিয়ন্ত্রক শিথিলকরণ। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের খাদ্য নিরাপত্তা ও পরিদর্শন সংস্থার মানদণ্ড সরাসরি গ্রহণে সম্মত হয়েছে। ফলে মার্কিন কর্তৃপক্ষ অনুমোদিত মাংস, পোলট্রি বা প্রক্রিয়াজাত খাদ্য বাংলাদেশে আমদানির জন্য অতিরিক্ত স্থানীয় অনুমোদনের প্রয়োজন হবে না।
সমালোচকদের মতে, এতে দেশের নিজস্ব খাদ্য নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। স্থানীয় পরীক্ষাগার যাচাই, লেবেলিং বাধ্যবাধকতা এবং স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন কমে গেলে ভোক্তারা ঝুঁকির মুখে পড়তে পারেন।
জেনেটিক্যালি পরিবর্তিত খাদ্য নিয়েও উদ্বেগ রয়েছে। চুক্তি অনুযায়ী, ২৪ মাসের মধ্যে বাংলাদেশ এমন নীতিমালা প্রণয়ন করবে, যাতে যুক্তরাষ্ট্রে অনুমোদিত জেনেটিক্যালি পরিবর্তিত খাদ্য ও সয়াবিন তেল আলাদা লেবেলিং বা স্থানীয় পরীক্ষা ছাড়াই দেশে প্রবেশ করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এটি খাদ্য নিরাপত্তা ও ভোক্তার জানার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
পোলট্রি খাতেও উদ্বেগ কম নয়। বার্ড ফ্লু আক্রান্ত এলাকা থেকে নির্দিষ্ট দূরত্বের বাইরে উৎপাদিত মার্কিন পোলট্রি পণ্যের আমদানিতে বাধা দেওয়া যাবে না—এমন শর্ত স্থানীয় খামারিদের জন্য নতুন চাপ তৈরি করতে পারে। সস্তা বিদেশি পণ্য বাজারে ঢুকলে দেশীয় পোলট্রি ও ডেইরি শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া চুক্তিটি গোপনীয়তার মধ্য দিয়ে সম্পন্ন হওয়ায় স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। এটি একটি গোপনীয়তা চুক্তির আওতায় স্বাক্ষরিত হওয়ায় পূর্ণাঙ্গ শর্তাবলি জনসমক্ষে প্রকাশ করা হয়নি। বিরোধী মত হলো, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদীয় আলোচনা ও জনমত যাচাই ছাড়া সিদ্ধান্ত নেওয়া গ্রহণযোগ্য নয়।
অর্থনীতিবিদদের মতে, এই ধরনের বাধ্যবাধকতামূলক বাণিজ্য কাঠামো দীর্ঘমেয়াদে দেশের নীতিগত স্বাধীনতা সীমিত করতে পারে। ধীরে ধীরে দেশীয় বাজার বিদেশি পণ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়লে স্থানীয় উৎপাদন ও শিল্পখাত দুর্বল হয়ে যাবে।
যদিও সরকার দাবি করছে, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর বাস্তবসম্মত উদ্যোগ, তবে সমালোচকদের ভাষায় এটি কোনো সমান অংশীদারত্বের চুক্তি নয়; বরং একতরফা সুবিধা নিশ্চিত করার একটি অসম বাণিজ্য কাঠামো।
এই পরিস্থিতিতে অনেক অর্থনীতিবিদ, ব্যবসায়ী সংগঠন ও সামাজিক বিশ্লেষক চুক্তিটির পুনর্বিবেচনা, সংশোধন কিংবা প্রয়োজনে বাতিলের দাবি জানিয়েছেন। তাদের মতে, মুসলিম প্রধান বাংলাদেশের ধর্মীয় অনুভূতি, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার না দিলে এই চুক্তি ভবিষ্যতে আরও বড় সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

আরো পড়ুন

কিনব্রিজের পাশে হবে নতুন সেতু, অর্থায়ন এনডিবি’র

রিজার্ভে হাত না দিয়েও ৩ মাসে ৫ বিলিয়ন ডলার পরিশোধ

সাইদা মুনা সহ ১০ দূতাবাসের ৩৮ কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার নিয়ে দুদকের জিজ্ঞাসা