যুক্তরাজ্যের শেফিল্ডে একটি বাড়ি থেকে মৃত অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধারের পর হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ। এ ঘটনায় হত্যার সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাই বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।
রোববার ৩০ আগস্ট ভোর ৫টা ৫৮ মিনিটের দিকে শেফিল্ডের উইনকোব্যাংক এলাকায় একটি নবজাতক শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কর্মকর্তারা হোলিওয়েল হাইটসের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
পুলিশ ও প্যারামেডিকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও নবজাতক কন্যাশিশুটিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। শিশুটির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করেনি পুলিশ।
ঘটনার পরপরই পুলিশ এটিকে হত্যাকাণ্ডের সন্দেহে তদন্তের আওতায় নেয়। তদন্তের অংশ হিসেবে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের বয়স সম্পর্কে এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি পুলিশ।
তদন্তের নেতৃত্ব দিচ্ছেন গোয়েন্দা প্রধান পরিদর্শক এমা নাইট। তিনি বলেন, নবজাতক শিশুটির মৃত্যুর খবর স্থানীয় মানুষের জন্য অত্যন্ত উদ্বেগজনক। শিশুটির জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাদের একটি বিশেষ দল কাজ করছে।
এমা নাইট আরও জানান, গ্রেপ্তার হওয়া সাতজনই বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন এবং তদন্তের এই পর্যায়ে পুলিশ তাদের বয়স-সংক্রান্ত তথ্য যাচাই করছে।
পুলিশ সতর্ক করে দিয়ে বলেছে, তদন্ত এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফলে শিশুটির মৃত্যু কীভাবে হয়েছে বা ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেকের ভূমিকা কী—এসব বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়ার আগে কোনো ধরনের অনুমান বা জল্পনা না করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ঘটনা সম্পর্কে কারও কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে পুলিশকে জানাতে বলা হয়েছে। তথ্য দিতে ইচ্ছুক ব্যক্তিরা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং চাইলে পরিচয় গোপন রেখেও তথ্য দেওয়ার সুযোগ রয়েছে।
শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ, ঘটনাটির পেছনের পরিস্থিতি এবং গ্রেপ্তার হওয়া সাতজনের সঙ্গে ঘটনার সম্পর্ক কী—এসব বিষয় এখন তদন্ত করে দেখছে দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ।
সূত্রঃ দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ, স্কাই নিউজ ও আইটিভি নিউজ
এম.কে

