17.4 C
London
September 12, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে অবৈধ কর্মী নিয়োগে ৪৫ হাজার পাউন্ড জরিমানাঃ বাতিল রেস্টুরেন্ট লাইসেন্স

যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসের ওয়ালসালে ভিসার অনুমোদিত শর্তের বাইরে একজন কর্মীকে কাজ দেওয়ার ঘটনায় ডেরা রেস্তোরাঁকে ৪৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। একই ঘটনায় রেস্তোরাঁটির আগের লাইসেন্স গত জুলাইয়ে বাতিল করা হলেও প্রতিষ্ঠানটি এখন নতুন লাইসেন্সের জন্য আবেদন করেছে।

ওয়ালসালের ক্যালডমোর রোডে অবস্থিত ডেরা রেস্তোরাঁয় ২০২৫ সালে হোম অফিসের পরিদর্শনের সময় একজন অবৈধ কর্মীকে শনাক্ত করা হয়। পাকিস্তানি ওই নাগরিক যুক্তরাজ্যে এমন একটি ভিসায় ছিলেন, যার আওতায় নির্দিষ্ট ধরনের কাজ করার অনুমতি ছিল। কিন্তু ডেরা রেস্তোরাঁয় ক্লিনার হিসেবে তার কাজ করা ভিসার অনুমোদিত কর্মসংস্থানের শর্তের মধ্যে পড়েনি।

ঘটনার পর ওই কর্মীকে গ্রেপ্তার করা হয় এবং রেস্তোরাঁটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি পর্যালোচনার জন্য ওয়ালসাল কাউন্সিলের লাইসেন্সিং অ্যান্ড সেফটি কমিটির কাছে যায়। জুলাইয়ের বৈঠকে কমিটি ডেরা রেস্তোরাঁর আগের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়।

শুনানিতে হোম অফিসের প্রতিনিধি অ্যালেক্স রোমানো বলেন, অবৈধভাবে কাজের সুযোগ অবৈধ অভিবাসনের অন্যতম চালিকাশক্তি। তার বক্তব্য অনুযায়ী, এ ধরনের কর্মসংস্থান মানুষকে যুক্তরাজ্যের অভিবাসন আইন লঙ্ঘনে উৎসাহিত করতে পারে এবং অবৈধভাবে যুক্তরাজ্যে অবস্থান অব্যাহত রাখার সুযোগ তৈরি করে।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশও রেস্তোরাঁটির লাইসেন্স বাতিলের পক্ষে অবস্থান নেয়। পুলিশের প্রতিনিধি জেনিফার মেলার বলেন, এ ধরনের অপরাধ পুলিশের ওপর প্রভাব ফেলে এবং ওয়ালসাল বরোর অপরাধের পরিসংখ্যানেও এর প্রভাব পড়তে পারে।

তবে সাবেক লাইসেন্সধারী তালাত জলিলের পক্ষে বক্তব্য দেওয়া এক প্রতিনিধি দাবি করেন, প্রয়োজনীয় ‘রাইট টু ওয়ার্ক’ যাচাই করতে ব্যর্থ হওয়া ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা। তার বক্তব্য অনুযায়ী, হার্ট অ্যাটাকের পর অসুস্থতার কারণে ব্যবসা পরিচালনায় তালাত জলিলের সক্ষমতা প্রভাবিত হয়েছিল।

ওই প্রতিনিধি আরও বলেন, ম্যানেজার সত্যিই বিশ্বাস করেছিলেন যে কর্মীটির বৈধ ভিসা রয়েছে এবং তাকে ওই ধরনের কাজে নিয়োগের অনুমতি ছিল। তিনি এটিকে একটি সত্যিকারের ভুল হিসেবে উল্লেখ করেন এবং দাবি করেন, কর্মীটিকে জেনেশুনে অবৈধভাবে নিয়োগ দেওয়ার কোনো প্রমাণ নেই।

তার বক্তব্য অনুযায়ী, ম্যানেজার পুলিশের সঙ্গে সহযোগিতা করেছেন এবং অভিবাসন কর্মকর্তাদের বিভ্রান্ত বা প্রতারিত করার কোনো চেষ্টা করেননি।

লাইসেন্স বাতিল হওয়ার পরও ডেরা রেস্তোরাঁ নতুন লাইসেন্সের আবেদন করেছে। আবেদনে দুপুর ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা রাখার অনুমতি চাওয়া হয়েছে। পাশাপাশি রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘লেট নাইট রিফ্রেশমেন্ট’ বা রাতের খাবার পরিবেশনের অনুমতিও চাওয়া হয়েছে।

নতুন লাইসেন্সের আবেদনটি ওয়ালসাল কাউন্সিলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী সময়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

সূত্রঃ বার্মিংহাম লাইভ

এম.কে

আরো পড়ুন

বেতন বৃদ্ধির পরেও জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মিলাতে ব্যর্থ ব্রিটিশ জনগণ

টিউলিপের পর যুক্তরাজ্যে আলোচনার কেন্দ্রে সালমানপুত্র শায়ান

আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়েই উদ্বেগঃ হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়কে হোম অফিসের সতর্কবার্তা