যুক্তরাজ্য সরকার স্কিলড ওয়ার্কার ভিসার অধীনে ইমিগ্রেশন স্যালারি লিস্টের সর্বশেষ তালিকা প্রকাশ করেছে। তালিকায় থাকা নির্দিষ্ট পেশাগুলোর জন্য সাধারণ বেতনসীমার তুলনায় কম বেতনসীমায় ভিসার যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত পেশার ক্ষেত্রে সংশ্লিষ্ট রুটের সাধারণ ন্যূনতম বেতনের ৮০ শতাংশ পর্যন্ত কম বেতনসীমা প্রযোজ্য হতে পারে, তবে সংশ্লিষ্ট পেশার ‘going rate’ এবং অন্যান্য শর্তও পূরণ করতে হবে।
বর্তমান সরকারি তালিকায় ২৪টি পেশা বা নির্দিষ্ট পেশাগত ক্যাটাগরি রয়েছে। এর অধিকাংশের তালিকাভুক্তির শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৬। তবে কেয়ার ওয়ার্কার ও সিনিয়র কেয়ার ওয়ার্কার পেশার ক্ষেত্রে তালিকাভুক্তির তারিখ ২২ জুলাই ২০২৮ পর্যন্ত নির্ধারিত রয়েছে।
তালিকায় নির্মাণ খাতের একাধিক পেশা রয়েছে। এর মধ্যে স্টোনমেসন, ব্রিকলেয়ার, রুফার ও রুফ টাইলার, কার্পেন্টার ও জয়নার এবং রেট্রোফিটার অন্তর্ভুক্ত। এসব পেশা ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড—চার অঞ্চলেই তালিকাভুক্ত রয়েছে এবং বর্তমানে এসব পেশার তালিকাভুক্তির শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৬।
বিজ্ঞান ও প্রযুক্তি খাতেও সুযোগ রাখা হয়েছে। বায়োলজিক্যাল সায়েন্টিস্ট, আর্কিওলজিস্ট, গ্রাফিক ও মাল্টিমিডিয়া ডিজাইনার, ফার্মাসিউটিক্যাল টেকনিশিয়ান এবং নির্দিষ্ট অভিজ্ঞতাসম্পন্ন ল্যাবরেটরি টেকনিশিয়ান এই তালিকায় রয়েছেন। ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই অভিজ্ঞতা অবৈধভাবে কাজ করে অর্জিত হওয়া চলবে না।
শিল্প ও সংস্কৃতি খাতের কিছু পেশাও তালিকায় রয়েছে। এর মধ্যে শিল্পী, নির্দিষ্ট মানদণ্ড পূরণকারী ক্লাসিক্যাল ব্যালে বা সমসাময়িক নৃত্যশিল্পী, নির্দিষ্ট অর্কেস্ট্রাল মিউজিশিয়ান এবং আর্টস অফিসার, প্রযোজক ও পরিচালক অন্তর্ভুক্ত। নৃত্যশিল্পীদের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যুক্তরাজ্যের ব্যালে বা সমসাময়িক নৃত্য কোম্পানির নির্ধারিত মান পূরণ করতে হবে এবং সংশ্লিষ্ট কোম্পানিকে যুক্তরাজ্যের স্বীকৃত শিল্প সংস্থার মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিসেবে অনুমোদিত হতে হবে।
মিউজিশিয়ানদের ক্ষেত্রেও সাধারণভাবে সব ধরনের সংগীতশিল্পী এই সুবিধার আওতায় পড়বেন না। সরকারি নিয়মে নির্দিষ্ট অর্কেস্ট্রায় লিডার, প্রিন্সিপাল, সাব-প্রিন্সিপাল বা নম্বরযুক্ত স্ট্রিং পজিশনে থাকা দক্ষ অর্কেস্ট্রাল মিউজিশিয়ানদের কথা উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য ও কেয়ার খাতের পেশাগুলোর মধ্যে নার্সিং অক্সিলিয়ারি ও অ্যাসিস্ট্যান্ট, কেয়ার ওয়ার্কার ও হোম কেয়ারার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কার তালিকায় রয়েছে। নার্সিং অক্সিলিয়ারি ও অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে স্কিলড ওয়ার্কার ভিসার জন্য এমন কর্মপরিবেশে কাজ হতে হবে যেখানে নিবন্ধিত নার্স বা অন্য নিবন্ধিত স্বাস্থ্যসেবা পেশাজীবীর পদও বিদ্যমান থাকে।
কেয়ার ওয়ার্কার ও সিনিয়র কেয়ার ওয়ার্কারদের জন্য বিশেষ নিয়ম রয়েছে। ইংল্যান্ডে এসব পেশায় নিয়োগের ক্ষেত্রে স্পনসরকে Care Quality Commission-এ নিবন্ধিত হতে হবে এবং বর্তমানে একটি নিয়ন্ত্রিত কার্যক্রম পরিচালনা করতে হবে। ব্যক্তিগত পরিবার বা ব্যক্তি সাধারণভাবে এসব পদের জন্য স্কিলড ওয়ার্কার ভিসায় কাউকে স্পনসর করতে পারবেন না।
এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাজ্য ২০২৫ সালের পরিবর্তনের মাধ্যমে বিদেশ থেকে নতুন কেয়ার ওয়ার্কার ও সিনিয়র কেয়ার ওয়ার্কার নিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২২ জুলাই ২০২৮ পর্যন্ত নির্দিষ্ট ক্ষেত্রে যুক্তরাজ্যের ভেতর থেকে ভিসা পরিবর্তনের সুযোগ বজায় রয়েছে, যা ইমিগ্রেশন স্যালারি লিস্টে এসব পেশার দীর্ঘতর মেয়াদের সঙ্গে সম্পর্কিত।
মৎস্য ও কৃষি-সম্পর্কিত কয়েকটি পেশাও তালিকায় রয়েছে। ফিশিং বোট মাস্টার শুধু স্কটল্যান্ডে, বোট ও শিপ বিল্ডার ও রিপেয়ারার শুধু স্কটল্যান্ডে এবং নির্দিষ্ট ধরনের ফিশিং ইন্ডাস্ট্রি ট্রেডস ও বড় মাছ ধরার নৌযানের ডেকহ্যান্ড যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে তালিকাভুক্ত রয়েছে। বড় মাছ ধরার নৌযানের ডেকহ্যান্ডের ক্ষেত্রে নৌযানের দৈর্ঘ্য কমপক্ষে ৯ মিটার হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অন্তত তিন বছরের পূর্ণকালীন অভিজ্ঞতা প্রয়োজন।
ওয়েল্ডিং খাতেও সুযোগ রয়েছে। হাই-ইন্টিগ্রিটি পাইপ ওয়েল্ডারদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এই অভিজ্ঞতাও অবৈধভাবে কাজ করার মাধ্যমে অর্জিত হওয়া যাবে না।
এছাড়া রেসিং গ্রুম, স্ট্যালিয়ন হ্যান্ডলার, স্টাড গ্রুম, স্টাড হ্যান্ড, স্টাড হ্যান্ডলার ও ওয়ার্কার-এর মতো নির্দিষ্ট প্রাণী পরিচর্যা-সংক্রান্ত পেশাও তালিকায় রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ইমিগ্রেশন স্যালারি লিস্টে কোনো পেশা থাকা মানেই স্বয়ংক্রিয়ভাবে ভিসা পাওয়ার নিশ্চয়তা নয়। আবেদনকারীকে সংশ্লিষ্ট অকুপেশন কোড, বেতন, স্পনসরশিপ, যোগ্যতা ও ভিসা রুটের অন্যান্য শর্ত পূরণ করতে হবে। এছাড়া তালিকায় থাকা পেশার জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে স্পনসরের দেওয়া Certificate of Sponsorship-এর ভিত্তিতে আবেদন করতে হবে।
বর্তমান সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, তালিকাভুক্ত চাকরিগুলোর বেতন নির্ধারণের ক্ষেত্রে সাধারণত সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা কাজের ভিত্তি ধরা হয়। ভিন্ন কর্মঘণ্টার ক্ষেত্রে বেতন আনুপাতিকভাবে হিসাব করা হয়। তাই শুধু কোনো পেশার নাম তালিকায় আছে কি না, সেটি দেখলেই হবে না—প্রস্তাবিত চাকরির বেতন ও কাজের সময়ও সরকারি নিয়মের সঙ্গে মিলিয়ে দেখতে হবে।
যুক্তরাজ্যের স্কিলড ওয়ার্কার ব্যবস্থায় ২০২৫ সালের পরিবর্তনের পর সাধারণ ন্যূনতম বেতনসীমা £৪১,৭০০ করা হয়েছে। তবে ইমিগ্রেশন স্যালারি লিস্টে থাকা নির্দিষ্ট পেশা এবং সংশ্লিষ্ট শর্ত পূরণকারী আবেদনকারীদের ক্ষেত্রে কম বেতনসীমার ব্যবস্থা রয়েছে।
অর্থাৎ, যুক্তরাজ্যে কম বেতনসীমায় স্কিলড ওয়ার্কার ভিসার সুযোগ খুঁজছেন এমন আবেদনকারীদের জন্য ইমিগ্রেশন স্যালারি লিস্ট গুরুত্বপূর্ণ। তবে তালিকায় থাকা পেশার পাশাপাশি সঠিক SOC 2020 কোড, নির্ধারিত বেতন, কাজের ধরন, স্পনসর এবং সংশ্লিষ্ট পেশার বিশেষ শর্ত যাচাই করেই আবেদন করতে হবে।
সূত্রঃ যুক্তরাজ্য সরকারের সরকারি ইমিগ্রেশন নির্দেশনা\ লেজিট.এনজি
এমকে

