28 C
London
July 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ক্ল্যাকটন উপনির্বাচন বয়কটের ঘোষণা প্রধান দলগুলোরঃ চাপে নাইজেল ফারাজ

অনুদান ঘোষণায় অনিয়মের অভিযোগ ও সংসদীয় তদন্তের মুখে ক্ল্যাকটনের এমপি পদ থেকে সরে দাঁড়িয়ে উপনির্বাচনের ঘোষণা দিয়েছেন রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ। তবে তার এ পদক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যেই লেবার, কনজারভেটিভ, লিবারেল ডেমোক্র্যাট, গ্রিন পার্টি এবং রিস্টোর পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ওই উপনির্বাচন বয়কটের ঘোষণা দেয়।

ফারাজ উপনির্বাচনকে “জনগণ বনাম প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থা” হিসেবে তুলে ধরার চেষ্টা করলেও বিরোধী দলগুলোর অভিযোগ, তিনি আর্থিক অনিয়মের অভিযোগ থেকে দৃষ্টি সরাতেই এই পদক্ষেপ নিয়েছেন। তার বিরুদ্ধে থাইল্যান্ডভিত্তিক ক্রিপ্টো উদ্যোক্তা ক্রিস্টোফার হারবর্নের কাছ থেকে প্রাপ্ত ৫০ লাখ পাউন্ডের অনুদান যথাযথভাবে ঘোষণা না করার অভিযোগে তদন্ত চলছে। এছাড়া জর্জ কটরেলের কাছ থেকে প্রাপ্ত কথিত আর্থিক সুবিধা নিয়েও নতুন তদন্তের সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফারাজের পদক্ষেপকে “মরিয়া রাজনৈতিক কৌশল” বলে অভিহিত করেছেন। কনজারভেটিভ নেতা কেমি ব্যাডেনক একে “ভুয়া উপনির্বাচন” আখ্যা দিয়ে প্রার্থী না দেওয়ার ঘোষণা দেন। লিবারেল ডেমোক্র্যাট ও গ্রিন পার্টিও একই অবস্থান নিয়েছে।

ফারাজ অবশ্য সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কোনো আইন ভঙ্গ করেননি এবং তার কর্মকাণ্ডের বিচার ক্ল্যাকটনের ভোটাররাই করবেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান দলগুলোর সম্মিলিত বয়কটের সিদ্ধান্ত এই উপনির্বাচনকে যুক্তরাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনায় পরিণত করেছে।

সূত্রঃ মিরর

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের বর্ডার সম্পূর্ণ ডিজিটাল করা হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক

ভাসমান আশ্রয়কেন্দ্র বিবি স্টকহোম ছাড়লেন শেষ আশ্রয়প্রার্থীরাও

কারাবন্দি সারা শরিফের বাবা ‘মনস্টার ম্যানশনে’ স্থানান্তরিত