23 C
London
June 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে দলের আস্থা হারিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের সামনে জাতির উদ্দেশে দেওয়া এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, তিনি প্রধানমন্ত্রী ও দলীয় নেতা—দুই পদ থেকেই সরে দাঁড়াচ্ছেন। তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন।

বক্তব্যের শুরুতে স্টারমার বলেন, দায়িত্বে থাকাকালে তিনি যে সিদ্ধান্তই নিয়েছেন, তার একমাত্র লক্ষ্য ছিল দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। তিনি বলেন, “আমি যে দেশকে ভালোবাসি, তার স্বার্থকে সবার আগে রাখার চেষ্টা করেছি।”

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্টারমার বলেন, লেবার পার্টির ভেতরে এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হয়েছে—আগামী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি এখনও সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কিনা। তিনি বলেন, দলের পক্ষ থেকে যে বার্তা এসেছে, তিনি তা শুনেছেন এবং সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন।

তিনি জানান, সকালে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে টেলিফোনে কথা বলে নিজের পদত্যাগের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছেন। সে সময় রাজা গ্লুচেস্টারশায়ারের হাইগ্রোভ এস্টেটে অবস্থান করছিলেন।

লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটিকে নতুন নেতা নির্বাচনের সময়সূচি নির্ধারণের নির্দেশ দিয়েছেন স্টারমার। আগামী ৯ জুলাই থেকে মনোনয়নপত্র গ্রহণ শুরু হবে এবং গ্রীষ্মকালীন সংসদীয় বিরতির আগেই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হবে। এর ফলে সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট পুনরায় বসার আগেই নতুন নেতা দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

নিজের রাজনৈতিক যাত্রার মূল্যায়ন করতে গিয়ে স্টারমার বলেন, তিনি এমন একটি লেবার পার্টির দায়িত্ব গ্রহণ করেছিলেন, যা রাজনৈতিক, আর্থিক এবং নৈতিকভাবে গভীর সংকটে ছিল। অনেকেই তখন দলটির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি দলকে পুনর্গঠিত করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেন।

তার ভাষায়, দল থেকে ইহুদিবিদ্বেষের সংস্কৃতি দূর করা, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা বিষয়ে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা এবং দলকে আবারও সরকার গঠনের উপযোগী করে তোলা ছিল তার অন্যতম বড় অর্জন।

বিদায়ী বক্তব্যে তিনি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে সুশৃঙ্খল করার প্রতিশ্রুতি দেন এবং তার উত্তরসূরিকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, “নতুন নেতা এমন একটি ব্রিটেনের দায়িত্ব গ্রহণ করবেন, যা দুই বছর আগের তুলনায় আরও শক্তিশালী ও ন্যায়সঙ্গত।”

এ সময় তিনি ছয় বছর ধরে পাশে থাকা সহকর্মী, বন্ধু, সরকারি কর্মকর্তা এবং ১০ ডাউনিং স্ট্রিটের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তব্যের সবচেয়ে আবেগঘন অংশে স্টারমার তার স্ত্রী ভিক্টোরিয়া স্টারমারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “ভিক সবসময় আমার পাশে থেকেছেন। ভালো সময় এবং কঠিন সময়—দুই ক্ষেত্রেই তিনি আমার সবচেয়ে বড় শক্তি ছিলেন।”

দেশের সর্বোচ্চ রাজনৈতিক দায়িত্ব ছাড়ার পর এখন তিনি পরিবারের জন্য আরও বেশি সময় দিতে চান বলে জানান। তিনি বলেন, “আমি আমার স্ত্রীর জন্য আরও ভালো স্বামী এবং আমার সন্তানদের জন্য আরও ভালো বাবা হতে চাই। তারাই আমার জীবনের সবচেয়ে বড় গর্ব ও আনন্দ।”

বক্তব্য শেষ করে স্টারমার স্ত্রীকে আলিঙ্গন করেন এবং পরে ১০ ডাউনিং স্ট্রিটের ভেতরে ফিরে যান।

এদিকে গত সপ্তাহে মেকারফিল্ড উপনির্বাচনে জয়ী হওয়া অ্যান্ডি বার্নহ্যামকে স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। তিনি সোমবার ওয়েস্টমিনস্টারে নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে। ফলে লেবার পার্টির পরবর্তী নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

ঝুঁকিতে যুক্তরাজ্যের হজ ট্রাভেল ইন্ডাস্ট্রি

বাড়ানোর কথা থাকলেও পারিবারিক ডাক্তারের সংখ্যা কমেছে যুক্তরাজ্যে

অনলাইন ডেস্ক

নিট অভিবাসন কমলেও বিদেশি শ্রমিকের ওপর ব্রিটেনের নির্ভরতা রেকর্ড উচ্চতায়