7.7 C
London
October 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে পার্কিং জরিমানায় বড় পরিবর্তনঃ গাড়িচালকদের জন্য ১০ মিনিটের ছাড়

যুক্তরাজ্যে বেসরকারি গাড়ি পার্কিংয়ের অতিরিক্ত জরিমানা ও অন্যায্য চার্জ বন্ধে নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। নতুন নিয়মে পার্কিংয়ের নির্ধারিত সময় শেষ হওয়ার পর গাড়িচালকেরা জরিমানা ছাড়াই গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ১০ মিনিট সময় পাবেন। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের গাড়িচালকেরা এই সুবিধা পাবেন।

সোমবার (১৯ অক্টোবর) ঘোষিত নতুন ব্যবস্থায় পার্কিং করার সিদ্ধান্ত নেওয়ার জন্যও পাঁচ মিনিট সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে চালকেরা পার্কিং করবেন কি না, তা ঠিক করতে পারবেন। নতুন বিধিমালাটি পার্লামেন্টে উপস্থাপন করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, কিছু অনিবার্য পরিস্থিতি বা অনিচ্ছাকৃত ভুলের কারণে জরিমানা হলে আপিলের মাধ্যমে তা বাতিল করা হতে পারে। এর মধ্যে রয়েছে রাস্তার দিকনির্দেশনা যাচাই করতে অল্প সময়ের জন্য গাড়ি থামানো, চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি, গাড়ি বিকল হয়ে যাওয়া এবং পার্কিং টিকিট দেওয়ার যন্ত্র নষ্ট থাকা।

এ ছাড়া গাড়ির নিবন্ধন নম্বর লেখার সময় একটি সংখ্যা ভুল করা বা এ ধরনের ছোটখাটো ভুলের ক্ষেত্রে আপিলের পর সর্বোচ্চ ২০ পাউন্ড জরিমানা নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে।

অ্যান্ডি বার্নহ্যাম বলেন, গাড়ি পার্কিংয়ের পর কয়েক মিনিট দেরিতে ফিরে আসা কিংবা নম্বরপ্লেটের একটি সংখ্যা ভুল লেখার কারণে চালকের বাড়িতে বড় অঙ্কের জরিমানার নোটিশ যাওয়া উচিত নয়। তার ভাষ্য, এসব চার্জের কারণে মানুষ নিজেদের প্রতারিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মনে করেন। তাই সরকার আরও স্পষ্ট নিয়ম, বেশি সময়ের ছাড় এবং অনিচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে কম জরিমানার ব্যবস্থা করছে। একই সঙ্গে চালকদের কাছ থেকে অন্যায্যভাবে অর্থ আদায়ের চেষ্টা করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হাউজিং, কমিউনিটিজ অ্যান্ড লোকাল গভর্নমেন্টবিষয়ক মন্ত্রী অ্যাঞ্জেলা রেনার বলেন, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা সহজ হওয়া উচিত, দৈনন্দিন জীবনে বাড়তি ভোগান্তির কারণ নয়। নতুন পরিবর্তনের ফলে চালকেরা পার্কিংয়ের জন্য আরও ন্যায্য সুবিধা পাবেন এবং বেসরকারি পার্কিং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে আরও কঠোর মানদণ্ডের আওতায় আনা হবে।

যুক্তরাজ্যের মটরিং সংস্থা আরএসি-এর আগের পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ১ কোটি ৬৯ লাখ পার্কিং টিকিট ইস্যু করেছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা ১৭ শতাংশ বেশি।

অন্যদিকে, এএ মটরিং সংস্থার সড়কনীতি বিভাগের প্রধান জ্যাক কাজেন্স বলেন, দীর্ঘ সাত বছর পর গাড়িচালকেরা এমন কিছু সুরক্ষা পেতে যাচ্ছেন, যা বেসরকারি পার্কিং পরিচালনাকারীদের অন্যায্য আচরণ থেকে তাদের রক্ষা করতে পারে। তবে জরিমানার সঙ্গে যুক্ত অতিরিক্ত ফি নিয়ন্ত্রণসহ আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

পার্কিং জরিমানার পাশাপাশি ব্যবহৃত গাড়ির প্রকৃত মাইলেজ গোপন করতে ওডোমিটারের রিডিং পরিবর্তন করা অসাধু গাড়ি বিক্রেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

সূত্রঃ ডেইলি মিরর

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের মিডলসব্রোতে দোকানচুরি ভয়াবহ রূপ নিয়েছেঃ জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ

ইউকে টিভিশোতে ধর্ষণ ও যৌন অসদাচরণের অভিযোগঃ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু

ব্রিটেনের চিড়িয়াখানার বাঘের খাঁচায় ঝাঁপঃ বাঘের হামলায় নিহত এক