17.7 C
London
October 3, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বিমানযাত্রীদের জন্য বড় সুখবরঃ ১৪ বছরের কম শিশুর আসন বিনামূল্যে

বিমানযাত্রায় যাত্রীদের কাছ থেকে নেওয়া বিভিন্ন অতিরিক্ত ও ‘অযৌক্তিক’ চার্জ বন্ধ করতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। এর আওতায় ১৪ বছরের কম বয়সী শিশুদের বাবা-মা বা অভিভাবকের সঙ্গে বিনা অতিরিক্ত খরচে বসানোর ব্যবস্থা করতে হবে বিমান সংস্থাগুলোকে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, টিকিট বুকিংয়ের সময় নামের ক্ষেত্রে ছোটখাটো বানান ভুল হলে তা সংশোধনের জন্যও যাত্রীদের কাছ থেকে প্রশাসনিক ফি নেওয়া যাবে না। যুক্তরাজ্যের পরিবহন বিভাগ জানিয়েছে, বর্তমানে এ ধরনের সামান্য ভুল সংশোধন বা বুকিংয়ে ছোটখাটো পরিবর্তনের জন্য কোনো কোনো ক্ষেত্রে ৪০ পাউন্ড পর্যন্ত ফি নেওয়া হয়।

সরকারের তথ্য অনুযায়ী, বর্তমানে বাবা-মা ও সন্তানের একসঙ্গে বসার ব্যবস্থা করতে রিটার্ন যাত্রায় সর্বোচ্চ ১০৪ পাউন্ড পর্যন্ত অতিরিক্ত খরচ হতে পারে। নতুন নিয়ম কার্যকর হলে এই ধরনের খরচ থেকে পরিবারগুলো রেহাই পাবে।

যুক্তরাজ্যের বেশিরভাগ বিমান সংস্থা ইতোমধ্যে অতিরিক্ত বা গোপন খরচের বিষয়ে বিভিন্ন ব্যবস্থা রাখলেও সরকারের দাবি, নতুন নিয়মের মাধ্যমে যুক্তরাজ্যে পরিচালিত সব বিমান সংস্থার জন্য একই ধরনের সুরক্ষা নিশ্চিত করা হবে।

এর আগে চলতি বছর রায়ানএয়ার-এর পারিবারিক আসন নীতি নিয়ে তদন্ত শুরু হওয়ার পর সংস্থাটি তাদের পরিবারভিত্তিক আসন ব্যবস্থায় পরিবর্তন আনে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, সন্তানদের পাশে বসার জন্য বাবা-মায়ের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া এবং বুকিংয়ের সাধারণ বানান ভুলের জন্য বড় অঙ্কের ফি নেওয়া গ্রহণযোগ্য নয়। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের ছোট ছোট চার্জ একত্রিত হয়ে যাত্রীদের ওপর বড় আর্থিক চাপ তৈরি করে।

সরকার আশা করছে, আগামী বছরের গ্রীষ্মকালীন ছুটি শুরুর আগেই নতুন পরিবর্তনগুলো কার্যকর করা সম্ভব হবে।

একই সঙ্গে বিমানে যাত্রীদের আচরণ নিয়েও বিমান সংস্থা ও ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য সরকার। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বিমান সংস্থাগুলো এক হাজারের বেশি গুরুতর বিশৃঙ্খল যাত্রী-সংক্রান্ত ঘটনা নথিভুক্ত করেছে।

নতুন ব্যবস্থার আওতায় কোনো যাত্রী বারবার গুরুতর বিশৃঙ্খল আচরণ করলে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলো তাকে ভবিষ্যতে নিজেদের বিমানে ভ্রমণ থেকে নিষিদ্ধ করার সুযোগ পেতে পারে। সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যাত্রীদের অপ্রয়োজনীয় অতিরিক্ত খরচ কমানো হবে, অন্যদিকে বিমানে নিরাপত্তা ও শৃঙ্খলাও আরও জোরদার করা হবে।

সূত্রঃ ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট

এমকে

আরো পড়ুন

শূন্য নিট অভিবাসনের কারণে ২০৪০ সালের মধ্যে যুক্তরাজ্যের অর্থনীতি ৩.৬% ছোট হবে

অভিবাসী আতঙ্কে উত্তাল যুক্তরাজ্যঃ স্কুলছাত্রীদের হয়রানির অভিযোগ, পাহারায় নিরাপত্তারক্ষী

শিক্ষার্থীদের জন্য টাওয়ার হ্যামলেট চালু করতে যাচ্ছে ফ্রি লাঞ্চ