20.3 C
London
October 5, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে মাদক অপরাধে কারাদণ্ডঃ জিমে যাওয়ার ‘প্রমাণে’ বহিষ্কার এড়ালেন এক অভিবাসী

যুক্তরাজ্যের একটি ইমিগ্রেশন ট্রাইব্যুনাল ২১ বছর বয়সী এক অভিবাসীকে বহিষ্কার না করার পক্ষে রায় দিয়েছে। ছিনতাই ও মাদক ব্যবসার মতো গুরুতর অপরাধে কারাদণ্ড ভোগ করা ওই ব্যক্তির ব্রিটিশ সমাজের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিকভাবে একীভূত হওয়ার বিষয়টি রায়ে বিবেচনায় এসেছে।

ট্রাইব্যুনালে ওই ব্যক্তিকে শুধু ‘ওয়াইসি’ নামে শনাক্ত করা হয়েছে। তিনি মাত্র তিন বছর বয়সে বিদেশ থেকে যুক্তরাজ্যে আসেন এবং এরপর থেকে দেশটিতেই বসবাস করে আসছেন।

ওয়াইসি ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে ছিনতাই এবং ‘ক্লাস এ’ শ্রেণির মাদক বিক্রয়সহ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করেন। ছিনতাইয়ের ঘটনাটিকে ভুক্তভোগীর জন্য ‘ভয়াবহ’ হিসেবে বর্ণনা করা হয়েছিল।

তবে বহিষ্কারের বিরুদ্ধে শুনানিতে তার যুক্তরাজ্যের সামাজিক জীবন ও স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। এর অন্যতম উদাহরণ হিসেবে স্থানীয় একটি অবসর ও বিনোদনকেন্দ্রে তার নিয়মিত যাতায়াতের তথ্য উপস্থাপন করা হয়।

ওই কেন্দ্রের একজন প্রশিক্ষক ট্রাইব্যুনালে একটি চিঠি দেন। সেখানে বলা হয়, ওয়াইসি সপ্তাহে ছয় দিন ফিটনেস ক্লাসে অংশ নিতেন। তার নিয়মিত উপস্থিতি, নির্ভরযোগ্যতা, মনোযোগ, শৃঙ্খলা ও অঙ্গীকারের প্রশংসাও করা হয়।

আপার ট্রাইব্যুনালের বিচারক সারাহ পিন্ডার মামলাটি বিবেচনা করে সিদ্ধান্ত দেন যে তাকে বহিষ্কার করা হলে তার ব্রিটিশ সঙ্গীর ওপর এর প্রভাব ‘অতিরিক্ত কঠোর’ হবে। একই সঙ্গে তার নিয়মিত জিমে যাওয়া এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ককে যুক্তরাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে তার একীভূত হওয়ার প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়।

ফলে গুরুতর অপরাধে দণ্ডিত হওয়ার পরও ওই ব্যক্তিকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে না বলে ট্রাইব্যুনালের রায়ে সিদ্ধান্ত আসে।

সূত্রঃ ডেইলি টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সামরিক সংঘাত চায় ডিপ স্টেটঃ তুলসী গ্যাবার্ড

যুক্তরাজ্যে স্পনসর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বাতিলঃ ন্যায্য প্রক্রিয়া মানার নির্দেশ হাইকোর্টের

প্রতিবন্ধী ভাতা কাটছাঁটে লেবার বিদ্রোহঃ স্টারমার সরকারের বিপরীতে ৪২ এমপি