TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে শিশুদের আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তিতে হোম অফিসের পাইলট প্রজেক্ট চালু

শিশুদের করা আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নতুন একটি পাইলট কর্মসূচি চালু করেছে যুক্তরাজ্যের হোম অফিস।

এই উদ্যোগের আওতায় নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ১৬ থেকে ১৭ বছর বয়সী আশ্রয়প্রার্থী শিশুদের স্টেটমেন্ট অব এভিডেন্স ফর্ম জমা দেওয়ার আগেই সরাসরি সাবস্ট্যানটিভ সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। সরকারের দাবি, এতে দীর্ঘসূত্রতা কমবে এবং সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়বে।

বর্তমান প্রক্রিয়ায় শিশুদের আশ্রয় আবেদন প্রাপ্তবয়স্কদের তুলনায় আলাদা পদ্ধতিতে পরিচালিত হয়। প্রথম ধাপে তাদের ওয়েলফেয়ার সাক্ষাৎকারে ডাকা হয়, যেখানে ব্যক্তিগত তথ্য, স্বাস্থ্য, যুক্তরাজ্যে আগমনের পথ, পারিবারিক অবস্থা এবং আশ্রয় চাওয়ার সংক্ষিপ্ত কারণ সম্পর্কে প্রশ্ন করা হয়।

এরপর অধিকাংশ ক্ষেত্রে সাবস্ট্যানটিভ সাক্ষাৎকারের আগে স্টেটমেন্ট অব এভিডেন্স ফর্ম জমা দিতে হয়, যা সাধারণত ৬০ দিনের মধ্যে দাখিল করার নিয়ম রয়েছে।

এই ফর্মটি বিস্তৃত এবং এতে পারিবারিক তথ্য, পরিচয়পত্র, যাত্রাপথ, সম্ভাব্য অপরাধসংক্রান্ত তথ্য এবং নিজ দেশে জীবনের অভিজ্ঞতা ও আশ্রয় চাওয়ার বিস্তারিত কারণ তুলে ধরতে হয়। বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে আইনগত প্রতিনিধির সহায়তায় একটি বিস্তারিত সাক্ষ্য বিবৃতিও সংযুক্ত করা হয়। ফর্ম জমা দেওয়ার পরই সাধারণত সাবস্ট্যানটিভ সাক্ষাৎকার নির্ধারিত হয়।

হোম অফিসের নীতিমালায় উল্লেখ করা হয়েছে, স্টেটমেন্ট অব এভিডেন্স ফর্ম জমা দিতে বিলম্ব হওয়াই শিশুদের আশ্রয় আবেদন নিষ্পত্তিতে দেরির অন্যতম কারণ। এ পরিস্থিতি মোকাবিলায় পাইলট কর্মসূচির মাধ্যমে কিছু শিশুকে ঐ ফর্ম পূরণ না করেই সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার বিকল্প দেওয়া হচ্ছে। তবে এই সুবিধা শুধুমাত্র ১৬–১৭ বছর বয়সী, আইনগতভাবে প্রতিনিধিত্বপ্রাপ্ত এবং স্ট্রিমলাইনড প্রক্রিয়ার বাইরে থাকা শিশুদের জন্য প্রযোজ্য।

অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছামূলক। যোগ্য শিশু ও তাদের আইনগত প্রতিনিধি আমন্ত্রণপত্র পাওয়ার পর ২০ কর্মদিবসের মধ্যে সম্মতি জানাতে পারবেন।

সম্মতি দিলে নির্ধারিত ফর্মসমূহ জমা দিয়ে সরাসরি সাবস্ট্যানটিভ সাক্ষাৎকারের প্রক্রিয়া শুরু হবে। নির্ধারিত সময়ে সাড়া না দিলে বা সম্মতি না দিলে আবেদন পূর্বের নিয়মেই চলবে।
তবে এ উদ্যোগ নিয়ে আইনজীবী ও অভিজ্ঞ পেশাজীবীদের মধ্যে মতভেদ রয়েছে।

অনেকের মতে, সাবস্ট্যানটিভ সাক্ষাৎকারের আগে একটি বিস্তারিত বিবৃতি প্রস্তুত করা শিশুদের জন্য আস্থা গড়ে তুলতে সহায়ক এবং সংবেদনশীল অভিজ্ঞতা নিরাপদ পরিবেশে প্রকাশের সুযোগ দেয়। পূর্বতথ্য ছাড়া সাক্ষাৎকার নিলে সাক্ষাৎকার গ্রহণকারীদের জন্যও বিষয়টি জটিল হতে পারে এবং শেষ পর্যন্ত একাধিক সাক্ষাৎকারের প্রয়োজন দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের ধারণা, এই পাইলট কর্মসূচি প্রত্যাশিত ইতিবাচক ফল নাও আনতে পারে। তবে এতে শিশুদের পছন্দের স্বাধীনতা ও আইনগত পরামর্শের গুরুত্ব স্বীকৃতি দেওয়া হয়েছে—যা ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল একটি গোষ্ঠীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

সূত্রঃ ফ্রি মুভমেন্ট

এম.কে

আরো পড়ুন

শিগগিরই সুদহার কমানোর ইঙ্গিত ব্যাংক অব ইংল্যান্ডের

আবারও আশ্রয়প্রার্থীদের বিবি স্টকহোমে ফেরাচ্ছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য এনএইচএস কর্মীর ডিপেন্ডেন্ট সন্তানের ভিসা দেয় নাই হোম অফিস