TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার আশঙ্কাঃ ক্রিসমাস উৎসবে বাড়তি সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

ক্রিসমাস ও নতুন বছরকে সামনে রেখে যুক্তরাজ্যে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার এবং জনসমাগমস্থলে নিজেদের উপস্থিতি যথাসম্ভব সীমিত রাখার পরামর্শ দিয়েছে লন্ডনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। দেশটিতে সন্ত্রাসী হামলার আশঙ্কা ‘গুরুতর’ পর্যায়ে থাকায় এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়েছে, বড়দিনের উৎসব, ক্রিসমাস মার্কেট, জনসমাগমপূর্ণ অনুষ্ঠান এবং পর্যটনকেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে এককভাবে হামলা চালাতে পারে এমন ব্যক্তিদের (লোন অ্যাক্টর) বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ধরনের হামলা খুব কম সময়ের পূর্বাভাসে কিংবা কোনো আগাম সতর্কতা ছাড়াই ঘটতে পারে।

সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও পুলিশের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে এমন এলাকা এড়িয়ে চলার পাশাপাশি নিজেদের চলাফেরায় সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। ভ্রমণের পরিকল্পনা সম্পর্কে পরিবারের সদস্য ও বন্ধুদের জানিয়ে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছুটির মৌসুম ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির ওপর নজর রাখতে হবে এবং ব্যক্তিগত নিরাপত্তা ও পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে।

এতে আরও বলা হয়েছে, বড় জনসমাগম ও উন্মুক্ত অনুষ্ঠান সন্ত্রাসী গোষ্ঠী এবং অপরাধীদের জন্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সন্ত্রাসীরা, বিশেষ করে একক হামলাকারীরা, কোনো আগাম সতর্কতা ছাড়াই পর্যটনকেন্দ্র, বাজার, পরিবহনকেন্দ্র, শপিংমল, ধর্মীয় উপাসনালয় এবং অন্যান্য জনবহুল স্থানে হামলা চালাতে পারে।

বড়দিনের উৎসব ও অন্যান্য জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে মার্কিন নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। জনপ্রিয় পর্যটনকেন্দ্র কিংবা অতিরিক্ত ভিড় রয়েছে এমন জায়গায় চলাচলের সময় আশপাশের পরিস্থিতির ওপর বিশেষ নজর রাখতে এবং পুলিশ ও জরুরি সেবাকর্মীদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক কয়েকটি নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার পর ইরানের সম্ভাব্য হুমকির প্রেক্ষাপটে কিছু সামরিক বিমান সরিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুধু যুক্তরাজ্য নয়, ইউরোপজুড়েও মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তাটি প্রযোজ্য। জার্মানির বার্লিনে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশন থেকেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, চলতি নভেম্বর মাসে ইউরোপের বিভিন্ন দেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থাকে লক্ষ্য করে ভুয়া বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব হুমকির কারণে কয়েকটি বিমান চলাচলে বিঘ্ন ঘটে। বিদেশে ছুটির ভ্রমণের সময় স্থানীয় সংবাদমাধ্যম অনুসরণ করে পরিবহনব্যবস্থা ও দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটাতে পারে এমন পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

এর পাশাপাশি বুধবার যুক্তরাজ্যের বিভিন্ন স্কুলে হুমকিমূলক ইমেইল পাঠানোর ঘটনা ঘটে। স্কটল্যান্ডের প্রায় এক হাজার স্কুলও এসব বার্তা পেয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে পুলিশ বার্তাগুলো পর্যালোচনা করে সেগুলোকে ভুয়া হুমকি হিসেবে বিবেচনা করছে।

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় বড়দিন ও নতুন বছরের উৎসব ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত ১৪ নভেম্বর শুরু হওয়া ‘অপারেশন উইন্টার সিটি’ চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত। অপরাধ প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই এ অভিযানের লক্ষ্য।

এডিনবরার ক্রিসমাস মার্কেট, জর্জ স্ট্রিট, প্রিন্সেস স্ট্রিট, রয়্যাল মাইল, হাই স্ট্রিট, সেন্ট জেমস কোয়ার্টার ও ওয়েভারলি মলে বিশেষ পুলিশি টহল পরিচালনা করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতেও নিরাপত্তা নজরদারি বাড়ানো হবে।

অভিযানের অংশ হিসেবে ‘প্রজেক্ট সার্ভেটর’ নামে বিশেষ পুলিশি কৌশলও ব্যবহার করা হবে। এর মাধ্যমে সন্ত্রাসবাদসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সম্ভাব্য লক্ষণ শনাক্ত করতে প্রশিক্ষিত পুলিশ সদস্যরা জনসমাগমপূর্ণ এলাকায় দৃশ্যমান উপস্থিতি বজায় রাখবেন।

অপারেশন উইন্টার সিটির দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর স্টিফেন কুইন জানিয়েছেন, বড়দিনের মৌসুমে এডিনবরায় প্রতিবছর লাখ লাখ পর্যটক আসেন। তাই আগামী কয়েক সপ্তাহে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় এমন এলাকাগুলোতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করা হবে।

সূত্রঃ জিবি নিউজ

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনের আগে সংকটে লেবার নেতৃত্ব, ফারাজের দলে বাড়ছে জনসমর্থন

লন্ডনে অপরাধের ঢেউঃ ধনীদের আতঙ্ক বাড়ছে, ফোন ও ঘড়ি চুরি বেড়েছে

রমজানে মুসলিম শিক্ষার্থীদের আফটার-স্কুল ডিটেনশন না দেওয়ার পরামর্শ