9 C
London
April 22, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ পারাপারঃ নতুন আইনে প্রথমবার দোষী সাব্যস্ত অভিবাসী

যুক্তরাজ্যে সমুদ্রপথে অবৈধ পারাপারের সময় অন্যদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে নতুন আইনের অধীনে প্রথমবারের মতো এক অভিবাসীকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

৩২ বছর বয়সী আফগান নাগরিক তাজিক মোহাম্মদ গত ১৭ জানুয়ারি প্রতিকূল আবহাওয়ার মধ্যে ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ছোট নৌকা পরিচালনা করছিলেন। নৌকায় থাকা অনেক যাত্রীর গায়ে জীবনরক্ষাকারী জ্যাকেটও ছিল না, যা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

মঙ্গলবার ক্যান্টারবুরি ক্রাউন আদালতে হাজির হয়ে তিনি অপরাধ স্বীকার করেন। আদালত জানিয়েছেন, তার সাজা আগামী ১০ জুন ঘোষণা করা হবে।

প্রসিকিউশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্ধারকারী জাহাজ পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি নৌকা ও যাত্রীদের ফেলে সরে যান। পরে একই দিনে যুক্তরাজ্যে পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হয়।

এই মামলা যুক্তরাজ্যের নতুন বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন আইন কার্যকরের পর প্রথম দণ্ডাদেশ হিসেবে বিবেচিত হচ্ছে। আইনটির লক্ষ্য ঝুঁকিপূর্ণ ছোট নৌকায় অতিরিক্ত মানুষ পরিবহন বন্ধ করা এবং পারাপারের সময় যাত্রীদের জীবন রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

আইন অনুযায়ী, সমুদ্রপথে পারাপারের সময় অন্যদের জীবন ঝুঁকিতে ফেলা, শারীরিক সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা উদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি—সবই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, আর বহিষ্কারাদেশ অমান্য করলে শাস্তি ছয় বছর পর্যন্ত বাড়তে পারে।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে ১৬ বছর বয়সী এক আফগান কিশোর এই আইনে প্রথম অভিযুক্ত হন। তিনি ৪৬ জনকে ঝুঁকিতে ফেলার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাকে জোরপূর্বক এই কাজ করতে বাধ্য করা হয়েছিল।

এছাড়া চলতি মাসের শুরুতে আরেকটি ঘটনায় সুদানি নাগরিক আলনুর মোহাম্মদ আলী-এর বিরুদ্ধে জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগ আনা হয়, যেখানে একটি নৌকায় উঠতে গিয়ে দুই পুরুষ ও দুই নারী নিহত হন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৬,০০০ মানুষ ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে। এসব ঘটনার প্রেক্ষাপটে সরকার সমুদ্রপথে অবৈধ অভিবাসন রোধে আইনগত কঠোরতা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

হোম অফিসের কর্মকর্তার বিরুদ্ধে এসাইলাম কেইসে ঘুষ দাবির অভিযোগ

যুক্তরাজ্যের অ্যাসাইলামপ্রার্থীদের রুয়ান্ডায় পাঠানো হবে!

অনলাইন ডেস্ক

দুই দশক পর ব্রিটেন ছেড়ে দেশে ফিরতে চান সোমালি শরণার্থী ইউসুফ