29.1 C
London
August 3, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ২০২৬ সালে পূর্ব লন্ডনের সবচেয়ে অপরাধপ্রবণ বরো নিউহ্যাম

২০২৬ সালের প্রথম ছয় মাসে পূর্ব লন্ডনের ছয়টি বরোতে অপরাধের সংখ্যা বেড়েছে। মেট্রোপলিটন পুলিশের (মেট) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত এসব বরোতে মোট ৮৩ হাজার ৭৮৯টি অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২.৫ শতাংশ বেশি।

প্রকাশিত তথ্যে দেখা যায়, নিউহ্যাম পূর্ব লন্ডনের সবচেয়ে অপরাধপ্রবণ বরো হিসেবে শীর্ষে রয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে সেখানে ২০ হাজার ৯২৪টি অপরাধের ঘটনা রেকর্ড হয়েছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২০ হাজার ৮৫।

নিউহ্যামে সবচেয়ে বেশি ঘটেছে চুরির ঘটনা, যার সংখ্যা ৬ হাজার ৪৮৯টি। এটি বরোটির মোট অপরাধের প্রায় ৩১ শতাংশ। এছাড়া ব্যক্তির বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটেছে ৫ হাজার ৭৯৪টি এবং যানবাহন-সংক্রান্ত অপরাধ রেকর্ড হয়েছে ২ হাজার ৩৫৮টি। মাদক-সংক্রান্ত ১ হাজার ২৩২টি এবং অস্ত্র রাখার ২০৬টি অপরাধও পূর্ব লন্ডনের অন্য যেকোনো বরোর তুলনায় নিউহ্যামেই সবচেয়ে বেশি।

অপরাধের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে টাওয়ার হ্যামলেটস, যেখানে ছয় মাসে ১৮ হাজার ৬৫০টি অপরাধ নথিভুক্ত হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এখানেও অপরাধ বেড়েছে। বরোটিতে সবচেয়ে বেশি ছিল চুরি, যার সংখ্যা ৫ হাজার ৭২১টি। এছাড়া ব্যক্তির বিরুদ্ধে সহিংসতার ৫ হাজার ৩৪৭টি এবং যানবাহন-সংক্রান্ত ১ হাজার ৪১১টি অপরাধ রেকর্ড করা হয়েছে।

টাওয়ার হ্যামলেটস পূর্ব লন্ডনের মধ্যে যৌন অপরাধের সংখ্যাতেও শীর্ষে, যেখানে ছয় মাসে ৬২৮টি অভিযোগ নথিভুক্ত হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে রেডব্রিজ, যেখানে ১২ হাজার ৫২২টি অপরাধের ঘটনা রেকর্ড হয়েছে। সেখানে সবচেয়ে বেশি ছিল ব্যক্তির বিরুদ্ধে সহিংসতা (৪ হাজার ৩৯৬টি), এরপর চুরি (৩ হাজার ২২টি) এবং যানবাহন-সংক্রান্ত অপরাধ (১ হাজার ৩৭৫টি)।

অন্যদিকে ওয়ালথাম ফরেস্টে ছয় মাসে ১১ হাজার ৬৯২টি অপরাধ রেকর্ড হয়েছে। এটি পূর্ব লন্ডনের একমাত্র বরো যেখানে গত বছরের একই সময়ের তুলনায় অপরাধ কমেছে। ২০২৫ সালের প্রথম ছয় মাসে সেখানে অপরাধের সংখ্যা ছিল ১২ হাজার ১২১টি।

বার্কিং অ্যান্ড ডেগেনহ্যামে অপরাধের সংখ্যা ১০ হাজার ১৪৩টি, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। আর হ্যাভারিংয়ে রেকর্ড হয়েছে ৯ হাজার ৮৫৮টি অপরাধ, যা পূর্ব লন্ডনের ছয়টি বরোর মধ্যে সবচেয়ে কম।

মেট পুলিশের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রায় সব বরোতেই চুরি, ব্যক্তির বিরুদ্ধে সহিংসতা এবং যানবাহন-সংক্রান্ত অপরাধ সবচেয়ে বেশি ঘটেছে। তবে মাদক ও অস্ত্র-সংক্রান্ত অপরাধে নিউহ্যাম এবং যৌন অপরাধে টাওয়ার হ্যামলেটস সবচেয়ে উদ্বেগজনক অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, অপরাধের এই ঊর্ধ্বমুখী প্রবণতা মোকাবিলায় পুলিশি নজরদারি, কমিউনিটি নিরাপত্তা ব্যবস্থা এবং অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

সূত্রঃ ইস্ট লন্ডন লাইট

এম.কে

আরো পড়ুন

আইসিইউতে থাকা ৯০% রোগীই ‘আনবুস্টেড’: বরিস জনসন

অনলাইন ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডনের টাওয়ার ব্রিজে যান চলাচল বন্ধ

রোমানিয়া: নতুন বছরের প্রথম ১১ দিনেই ‘ডিপোর্ট’ ১০০ অভিবাসী