যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেসের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য ওয়াশিংটনে কূটনৈতিক প্রভাব ও সম্পর্ক জোরদারের নতুন সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর রাজনৈতিক শক্তি এবং দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ককে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এ ক্ষেত্রে সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয় সংসদীয় ককাস গঠনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি ওয়াদা। ‘হাউ আ নিউ কংগ্রেস কুড গিভ বাংলাদেশ ফ্রেন্ডস ইন ওয়াশিংটন’ শিরোনামের নিবন্ধটি লিখেছেন মুস্তাইন জহির। তিনি বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের সদস্য এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ওয়াশিংটনে বাংলাদেশের কূটনৈতিক প্রভাব সীমিত ছিল। গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশের পক্ষে কথা বলার মতো পরিচিত বন্ধু ও শক্তিশালী রাজনৈতিক ভিত্তির অভাব ছিল। তবে গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।
নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছে। রিপাবলিকানদের দখলে থাকা সাতটি আসনে জয় পেয়ে সিনেটে ৫৪-৪৪ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। দুটি আসনের ফল তখনো চূড়ান্ত হয়নি। আগামী জানুয়ারিতে ১২০তম কংগ্রেসের অধিবেশন শুরু হলে ডেমোক্র্যাটরা গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্ব, শুনানির সময়সূচি এবং বাজেটসংক্রান্ত আলোচনায় প্রভাব বিস্তারের সুযোগ পাবে।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের জন্য এই পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক শুধু কংগ্রেসের রাজনৈতিক নিয়ন্ত্রণ নয়; বরং যুক্তরাষ্ট্রের বিভিন্ন নির্বাচনী এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর ক্রমবর্ধমান রাজনৈতিক উপস্থিতি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কস এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বিশেষ করে নিউইয়র্কের পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে প্রায় ৩০ হাজার বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের বসবাস, যা ওই এলাকার মোট জনসংখ্যার ৩ দশমিক ৮৪ শতাংশ।
এই আসনের প্রতিনিধিত্ব করছেন গ্রেগরি মিকস। নতুন কংগ্রেসে তিনি প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি রোহিঙ্গাদের সুরক্ষা ও দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত বার্মা অ্যাক্টেরও উদ্যোক্তা ছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ২০২০ থেকে ২০২৪ সালের আমেরিকান কমিউনিটি সার্ভে অনুযায়ী, নিউইয়র্ক অঙ্গরাজ্যে প্রায় ১ লাখ ২৫ হাজার বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের বসবাস। এ ছাড়া মিশিগানে প্রায় ১৮ হাজার ৬০০, টেক্সাসে ১৭ হাজার ৮০০, ক্যালিফোর্নিয়ায় ১৬ হাজার ৯০০, ভার্জিনিয়ায় ১২ হাজার ১০০ এবং নিউ জার্সিতে প্রায় ১১ হাজার ৮০০ বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ রয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করেন এমন ১০টি কংগ্রেসনাল জেলার মধ্যে আটটিই নিউইয়র্কে। বাকি দুটি মিশিগানে।
তবে এসব সংখ্যা মোট বাসিন্দার হিসাব, ভোট দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা নয়। কোনো এলাকাতেই বাংলাদেশিরা সংখ্যাগরিষ্ঠ নন। কিন্তু নির্বাচনে ভোটারদের সংগঠিত অংশগ্রহণ, প্রচারণা এবং স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতে পারলে তাদের প্রভাব অনেক বেশি হতে পারে।
নতুন নির্বাচিত কয়েকজন কংগ্রেস সদস্যের সঙ্গে বাংলাদেশি ও অভিবাসী জনগোষ্ঠীর যোগাযোগের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে ব্র্যাড ল্যান্ডার, ক্লেয়ার ভালদেজ এবং দারিয়ালিজা আভিলা শেভালিয়ারের নাম উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকের মতে, এসব জনপ্রতিনিধির সঙ্গে বাংলাদেশি ও মুসলিম জনগোষ্ঠীর যোগাযোগ যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি, নাগরিক অধিকার, ভিসা এবং বৈদেশিক সহায়তার মতো বিষয়ে আলোচনার সুযোগ তৈরি করতে পারে।
তবে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূতদের রাজনৈতিক অধিকারকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয় বলে সতর্ক করা হয়েছে। মার্কিন নির্বাচনী প্রচারণায় বিদেশি সরকারের অর্থায়ন বা নির্দেশনা দেওয়াও আইনত নিষিদ্ধ। তাই স্বচ্ছতা ও আইন মেনে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ওয়াশিংটনে বাংলাদেশের প্রভাব বাড়ানোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বাণিজ্যকে চিহ্নিত করেছেন নিবন্ধের লেখক। তার মতে, দীর্ঘদিন ধরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক মূলত তৈরি পোশাক রপ্তানিনির্ভর ছিল। কিন্তু সাম্প্রতিক চুক্তি ও বিভিন্ন ক্রয়াদেশের ফলে কৃষিপণ্য, তুলা, জ্বালানি এবং উড়োজাহাজ খাতে সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তিতে প্রায় ৩৫০ কোটি ডলারের মার্কিন কৃষিপণ্য এবং ১৫ বছরে আনুমানিক ১ হাজার ৫০০ কোটি ডলারের জ্বালানি কেনার পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে।
তবে চুক্তিতে নির্ধারিত ১৯ শতাংশ শুল্ক পরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে বাতিল হয়েছে। এর পরিবর্তে জোরপূর্বক শ্রমসংক্রান্ত তদন্তের পর সেকশন ৩০১-এর আওতায় বাংলাদেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই ব্যবস্থায় চীন ও ভিয়েতনামের ক্ষেত্রে শুল্কের হার ১২ দশমিক ৫ শতাংশ।
লেখকের মতে, এসব শুল্ক ও বাণিজ্যনীতি সরাসরি পরিবর্তন করার ক্ষমতা কংগ্রেসের হাতে না থাকলেও শুনানি আয়োজন, অর্থ বরাদ্দ এবং নীতিনির্ধারণী আলোচনার মাধ্যমে প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে।
কৃষিপণ্য আমদানিঃ বাংলাদেশ আগামী পাঁচ বছর প্রতি বছর অন্তত ৭ লাখ টন মার্কিন গম আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের পাঁচটি কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে ১২৫ কোটি ডলারের সয়াবিন ও সয়াবিনজাত পণ্য কেনার চুক্তি করে।
তুলা আমদানিঃ ২০২৫ সালে বাংলাদেশের মোট তুলা আমদানি ৬ দশমিক ১ শতাংশ কমে ৭৮ লাখ ২০ হাজার বেলে দাঁড়ালেও যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি ৩০ দশমিক ৫ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের প্রায় ৫৯ লাখ বেল থেকে বেড়ে ২০২৫ সালে তা ৭৭ লাখ বেলে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের মোট তুলা আমদানিতে যুক্তরাষ্ট্রের অংশ এখন ৯ দশমিক ৯ শতাংশ। তবে ২৭ শতাংশ অংশ নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।
উড়োজাহাজ কেনাঃ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। তালিকামূল্যে এসব উড়োজাহাজের দাম প্রায় ৩৭০ কোটি ডলার। ২০৩১ সাল থেকে এগুলো সরবরাহের কথা রয়েছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় সম্পূরক চুক্তির মাধ্যমে আরও ১১টি উড়োজাহাজ যুক্ত হওয়ায় মোট ক্রয়াদেশ দাঁড়িয়েছে ২৫টিতে।
জ্বালানি খাতঃ মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির সঙ্গে পেট্রোবাংলার ১৫ বছর মেয়াদি চুক্তি রয়েছে। এর আওতায় বছরে সর্বোচ্চ ১০ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের কথা রয়েছে, যার সরবরাহ শুরু হয়েছে ২০২৬ সালের জানুয়ারি থেকে। অন্যদিকে, গানভর ইউএসএর সঙ্গে ২০৩৮ সাল পর্যন্ত ১৩ বছরে ১১৭টি এলএনজি কার্গো সরবরাহের চুক্তি হয়েছে।
লেখকের মতে, এসব চুক্তি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ককে পোশাকশিল্পের গণ্ডি ছাড়িয়ে খাদ্য, জ্বালানি, কৃষি ও বিমান চলাচল খাতে বিস্তৃত করছে। ফলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক নির্ভরশীলতা ও দীর্ঘমেয়াদি স্বার্থের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে মার্কিন পণ্য কেনার ক্ষেত্রে শুধু রাজনৈতিক সম্পর্কের বিষয়টি বিবেচনা না করে দাম, গুণগত মান, সরবরাহের সময় এবং দেশের অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে দীর্ঘমেয়াদি ও রাজনৈতিক পরিবর্তনের ঊর্ধ্বে রাখতে সর্বদলীয় সংসদীয় ককাসকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখেছেন লেখক।
তার মতে, বাংলাদেশের সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে একটি সংসদীয় ককাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে পারে। এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের অবস্থানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
এ লক্ষ্যে ২০২৭ সালের প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই একটি সংসদীয় প্রতিনিধিদল ওয়াশিংটন সফরের প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু দলের প্রতিনিধি, পররাষ্ট্রবিষয়ক কমিটির নেতৃত্ব এবং নতুন করে গঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কংগ্রেসনাল ককাসের সদস্যদের সঙ্গে বৈঠকের পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে নিউইয়র্ক ও মিশিগানের বাংলাদেশি কমিউনিটি সংগঠনগুলোর সঙ্গে সরাসরি আলোচনা, দুই দেশের বাণিজ্যিক চুক্তির অগ্রগতি তুলে ধরা এবং বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য শুল্ক ও কোটা সুবিধার বাস্তবায়ন নিয়ে মার্কিন কংগ্রেসের কাছে তথ্য চাওয়ার কথাও বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে নিবন্ধে। বিশেষ করে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের মাধ্যমে সংকটের বাস্তব চিত্র তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। অন্যদিকে, এই সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা কমেছে। এ পরিস্থিতিতে মার্কিন কংগ্রেস সদস্যদের সরেজমিনে শিবির পরিদর্শনের সুযোগ দিলে রোহিঙ্গাদের মানবিক সংকট ও আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের সরাসরি ধারণা তৈরি হবে বলে মনে করেন লেখক।
এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নসহ বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম, অগ্রগতি ও বিলম্বের বিষয়গুলোও যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের সামনে তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে।
সবশেষে নিবন্ধে বলা হয়েছে, নতুন কংগ্রেস বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করলেও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে শুধু রাজনৈতিক যোগাযোগ বা লবিস্ট নিয়োগ যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত সামাজিক ও রাজনৈতিক উপস্থিতি, দুই দেশের বাণিজ্যিক স্বার্থ এবং সর্বদলীয় সংসদীয় উদ্যোগকে একসঙ্গে কাজে লাগাতে হবে।
লেখকের মতে, বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কাছে কেবল সহায়তা প্রত্যাশী একটি দেশ হিসেবে নয়, বরং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী এবং অর্থনৈতিকভাবে কার্যকর অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
সূত্রঃ ডেইলি ওয়াদা
(প্রতিবেদনটি ডেইলি ওয়াদায় প্রকাশিত মুস্তাইন জহিরের বিশ্লেষণধর্মী নিবন্ধের ভিত্তিতে তৈরি।)
এমকে

