13.3 C
London
October 26, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে আহ্বান ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো সম্ভাব্য হামলা মোকাবিলায় ইরান ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাতিবজাদেহ বলেন, গত কয়েক মাসে ইউরোপীয় দেশগুলো ধারাবাহিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন তাদের নিজেদের নেওয়া সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

ইরানের এই কর্মকর্তা অভিযোগ করেন, ভুল নীতির কারণে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে ইউরোপীয় দেশগুলোর প্রভাব ক্রমেই কমছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইউরোপকে ইসরায়েলের কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের বারবার লঙ্ঘনের ঘটনা থেকে নিজেদের দূরে রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।

খাতিবজাদেহ আরও বলেন, ইউরোপীয় দেশগুলো যত দিন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ দেবে, তত দিন তাদের ওপর আস্থা রাখা কঠিন হবে। আস্থা পুনরুদ্ধারের জন্য ইউরোপকে মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে আন্তরিক উদ্যোগ নিতে হবে।

তার বক্তব্যে ইউরোপের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে ইউরোপীয় দেশগুলোর অবস্থান পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন ইরানের এই কর্মকর্তা।

সূত্রঃ ইউএনবি\সানা

এমকে

আরো পড়ুন

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারতঃ প্রণয় ভার্মা

নিউজ ডেস্ক

চার দশকে এই প্রথম মার্কিন-ইসরাইল জোটে ফাটল

যুক্তরাষ্ট্রে ৩ ফিলিস্তিনি শিক্ষার্থী গুলিবিদ্ধ