5.1 C
London
April 25, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র স্পেনকে বের করতে পারবে কিনা জানাল ন্যাটো

মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে স্পেনকে সাময়িক বরখাস্ত বা বের করে দেওয়ার করার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে সামরিক জোট ন্যাটো। সংস্থাটি জানিয়েছে, তাদের চুক্তিতে কোনো সদস্য দেশকে স্থগিত বা বহিষ্কারের বিধানই নেই।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ই-মেইলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন কিছু ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে, যেসব মিত্র দেশ ইরানবিরোধী অভিযানে যথেষ্ট সমর্থন দেয়নি বলে মনে করা হচ্ছে। তবে ন্যাটোর এক কর্মকর্তা বিবিসিকে বলেন, “এই জোটের চুক্তিতে সদস্যপদ স্থগিত বা বাতিলের কোনো সুযোগ রাখা হয়নি।

এই ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, ‘আমরা ই-মেইলের ভিত্তিতে কাজ করি না, বরং যুক্তরাষ্ট্র সরকারের আনুষ্ঠানিক অবস্থানের ওপর নির্ভর করি।’ একই সঙ্গে তিনি আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকেই মিত্রদের সঙ্গে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। ইরান ইস্যুতে স্পেনের অবস্থান নিয়েই মূলত এই বিতর্ক।

দেশটি তার ভূখণ্ডে অবস্থিত মার্কিন রোটা নৌঘাঁটি ও মোরন বিমানঘাঁটি ব্যবহার করে ইরানে হামলার অনুমতি দেয়নি। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও বলেছেন, ইরান যুদ্ধ বা দেশটির বন্দর অবরোধে আরও গভীরভাবে জড়ানো যুক্তরাজ্যের স্বার্থে নয়। যদিও ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং রয়্যাল এয়ার ফোর্স ইরানি ড্রোন প্রতিহত করতে অংশ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ন্যাটো মিত্রদের সমালোচনা করে আসছেন।

তার অভিযোগ, যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে, কিন্তু অন্যরা সমানভাবে দায়িত্ব পালন করছে না। সম্প্রতি তিনি ন্যাটোকে ‘একতরফা ব্যবস্থা’ বলেও উল্লেখ করেন। রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়, পেন্টাগনের ওই ই-মেইলে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণাধীন ফকল্যান্ড আইল্যান্ড নিয়ে মার্কিন অবস্থান পুনর্বিবেচনার প্রস্তাবও ছিল। দ্বীপপুঞ্জটি নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে, যা ১৯৮২ সালের যুদ্ধে রূপ নেয়।

এছাড়া, ন্যাটোর ভেতরে ‘অসহযোগী’ দেশগুলোকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার কথাও ওই নথিতে উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এতে যুক্তরাষ্ট্রের জোট থেকে বেরিয়ে যাওয়ার কোনো প্রস্তাব নেই।

পেন্টাগনের মুখপাত্র কিংসলি উইলসন বলেন, ‘যুক্তরাষ্ট্র মিত্রদের জন্য অনেক কিছু করেছে, কিন্তু তারা আমাদের পাশে দাঁড়ায়নি।’ তিনি জানান, মিত্রদের আরও সক্রিয় করতে প্রেসিডেন্টকে প্রয়োজনীয় বিকল্প দেওয়া হবে।

সব মিলিয়ে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটোর ভেতরে মতবিরোধ ও চাপা উত্তেজনা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে, যদিও জোটের কাঠামোগত নিয়মে এখনো সদস্যপদ নিয়ে কোনো কঠোর পদক্ষেপের সুযোগ নেই।

সূত্রঃ রয়টার্স

এম.কে

আরো পড়ুন

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকঃ বিশ্ব রাজনীতির নতুন মোড়

মধ্যপ্রদেশে প্রকাশ্যে ডিম-মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ

বেঁচে ফেরাদের বর্ণনায় অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবি