ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)–এর কুদস ফোর্স কমান্ডার ইসমাইল ঘানি মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে ইরানে আটক হয়েছেন—এমন দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিরাপত্তা সংস্থাগুলো ইসমাইল ঘানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। অভিযোগ উঠেছে, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তবে এসব তথ্য এখনো যাচাই করা সম্ভব হয়নি।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে চালানো একাধিক হামলায় দেশটির বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়, ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলেও জানা যায়।
অনানুষ্ঠানিক সূত্রে আরও বলা হচ্ছে, গত কয়েক মাসে ইসমাইল ঘানি একাধিক হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। একই সূত্র জানায়, তিনি সর্বশেষ খামেনির সঙ্গে দেখা করার পর জনসমক্ষে খুব কমই দেখা গেছেন, যা নিয়ে ইরানের সামরিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।
কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইআরজিসির ভেতরেই তার বিরুদ্ধে সন্দেহ তৈরি হয়েছে এবং ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ইরানের সরকার বা আইআরজিসি এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এদিকে অতীতে এ ধরনের অভিযোগ ওঠার পর মোসাদ সংশ্লিষ্ট একটি বিবৃতিতে বলা হয়েছিল, ইসমাইল ঘানি তাদের কোনো গুপ্তচর নন। ওই বিবৃতিতে তাকে মোসাদের এজেন্ট হিসেবে উল্লেখ করার গুঞ্জনও অস্বীকার করা হয়।
ইসমাইল ঘানি ২০২০ সালের জানুয়ারিতে কুদস ফোর্সের নেতৃত্ব গ্রহণ করেন। তার আগে ২০২০ সালের শুরুতে ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাসেম সোলাইমানি। এরপরই ইসমাইল ঘানিকে ওই বাহিনীর নতুন কমান্ডার করা হয়।
কুদস ফোর্স হচ্ছে আইআরজিসির বিদেশি সামরিক অভিযান পরিচালনাকারী বিশেষ ইউনিট। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের কৌশলগত ও সামরিক কার্যক্রম পরিচালনায় এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তবে বিশ্লেষকদের মতে, ইসমাইল ঘানিকে ঘিরে যে খবর ছড়াচ্ছে তার বড় অংশই এখনো যাচাইবিহীন। তাই ইরানের সরকার বা আইআরজিসির আনুষ্ঠানিক বক্তব্য না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
সূত্রঃ আজার নিউজ
এম.কে

