TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের অভিজাত এলাকায় বিক্রি হচ্ছে না ফ্ল্যাট—ধসের মুখে আবাসন ব্যবসা

ব্রিটেনের রাজধানী লন্ডনের অভিজাত এলাকাগুলোতে বিলাসবহুল ফ্ল্যাটের বাজারে বড় ধরনের মন্দা দেখা দিয়েছে। কোটি পাউন্ডের আবাসন নির্মাণ করেও ক্রেতা পাচ্ছেন না ডেভেলপাররা। ফলে নতুন তৈরি বহু ফ্ল্যাট অবিক্রীত অবস্থায় পড়ে থাকছে। ক্রেতার অভাব, নির্মাণ ব্যয় বৃদ্ধি, ঋণের সুদ বেড়ে যাওয়া এবং করনীতির পরিবর্তনে চাপে পড়েছে লন্ডনের আবাসন খাত।

বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান জানিয়েছে, লন্ডনের কেন্দ্রীয় অঞ্চল জোন-১-এ গত সেপ্টেম্বরের শেষ নাগাদ ১ হাজার ৪০০টি বাড়ি নির্মাণ শেষ হলেও বিক্রি হয়নি। ২০১৬ সালের তুলনায় এই সংখ্যা তিন গুণ। অথচ গত ১২ মাসে ওই এলাকায় মাত্র ১ হাজার ৬০০টি নতুন বাড়ির নির্মাণকাজ শুরু হয়েছে, যা এক দশক আগের তুলনায় ৭৫ শতাংশ কম।

চেলসি, কেনসিংটন, মেফেয়ার, মেরিলিবোন ও ওয়েস্ট এন্ডের মতো অভিজাত এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিলাসবহুল আবাসন তৈরি হলেও সেগুলোতে বসবাসের জন্য ধনী ক্রেতা পাওয়া যাচ্ছে না। মার্বেল পাথরের প্রবেশপথ, সার্বক্ষণিক কনসিয়ার্জ সেবা এবং শহরের আকাশরেখার মনোরম দৃশ্যের মতো আকর্ষণীয় সুবিধা থাকার পরও এসব ফ্ল্যাট বিক্রিতে গতি নেই।

সম্পত্তি পরামর্শক প্রতিষ্ঠান মন্টাগু ইভান্সের জন নিলের মতে, নির্মাণ ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া এবং চাহিদা কমে যাওয়ার কারণে ডেভেলপাররা একসঙ্গে দুই দিক থেকে চাপের মুখে পড়েছেন। তার ভাষায়, নির্মাণ ব্যয় আকাশচুম্বী হয়েছে, অন্যদিকে এসব বাড়ির ক্রেতাও কমে গেছে। বিশেষ করে বিদেশি ক্রেতারা আগের মতো বাজারে সক্রিয় নেই।

ব্রেক্সিট, করোনা মহামারি, সম্পত্তি কর বৃদ্ধি এবং ঋণের সুদের হার বেড়ে যাওয়ায় লন্ডনের উচ্চমূল্যের আবাসন বাজার দীর্ঘদিন ধরেই চাপের মধ্যে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে স্ট্যাম্প ডিউটির পরিবর্তন এবং নন-ডম করব্যবস্থা বাতিলের প্রভাব। বিদেশি ক্রেতাদের অতিরিক্ত সম্পত্তি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১৯ শতাংশ পর্যন্ত স্ট্যাম্প ডিউটি দিতে হতে পারে। উদাহরণ হিসেবে, ১ কোটি পাউন্ডের একটি বাড়ি কিনলে শুধু এই কর বাবদ ১৯ লাখ পাউন্ড পর্যন্ত ব্যয় হতে পারে।

বাজারের এই সংকটের প্রভাব পড়েছে বড় বড় আবাসন নির্মাতা প্রতিষ্ঠানেও। লন্ডন রিচমন্ড নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠান একসময় দক্ষিণ কেনসিংটন, উইম্বলডন ও ওয়েস্ট হ্যাম্পস্টেডসহ অভিজাত এলাকায় ৩০ লাখ পাউন্ডের বেশি মূল্যের ২০টি সম্পত্তির পোর্টফোলিও নিয়ে কাজ করত। কিন্তু অর্থায়ন সংকটে পড়ে প্রতিষ্ঠানটি গত আগস্টে প্রশাসকের অধীনে চলে যায়। প্রতিষ্ঠানটির প্রশাসক বিটিজির তথ্য অনুযায়ী, ৩০০-এর বেশি পাওনাদার এখনো মোট ৩ কোটি ৯০ লাখ পাউন্ডের বকেয়া অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

এর আগে ২০২৫ সালে আর্ডমোর কনস্ট্রাকশনও প্রশাসকের অধীনে চলে যায়। প্রতিষ্ঠানটি লন্ডনে কিংস ক্রসের দুটি আবাসিক টাওয়ার এবং মেফেয়ার ও কেনসিংটনে বিলাসবহুল হোটেলসহ ১০টি বড় প্রকল্পে কাজ করছিল। গত সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির নির্মাণ শাখার কাছে পাওনাদার ও সাব-কন্ট্রাক্টরদের ২ কোটি ৯০ লাখ পাউন্ডের বেশি বকেয়া ছিল।

বড় নির্মাতারাও এখন নতুন প্রকল্পে বিনিয়োগ থেকে সরে আসছে। অক্টোবরে ব্রিটিশ ল্যান্ড জানিয়েছে, নির্মাণ ব্যয় বৃদ্ধি ও দুর্বল বিক্রির কারণে টেমস নদীর দক্ষিণ পাশে কানাডা ওয়াটার প্রকল্পের দ্বিতীয় ধাপে আর এগোবে না তারা। লন্ডনের অন্যতম বড় আবাসন নির্মাতা বার্কলে গ্রুপ এ বছর নতুন জমি কেনা বন্ধের ঘোষণা দিয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান টেইলর উইম্পিও জানিয়েছে, তারা পুরোপুরি লন্ডনের বাজার থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছে।

ফ্ল্যাটের বাজারে স্থবিরতা আরও স্পষ্ট। ভূমি নিবন্ধন দপ্তরের তথ্য অনুযায়ী, গত জুনে লন্ডনে একটি ফ্ল্যাটের গড় দাম ছিল প্রায় ৪ লাখ ৩১ হাজার পাউন্ড। ২০১৬ সালের একই সময়ের তুলনায় দাম বেড়েছে মাত্র ২ হাজার পাউন্ড। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়লে বর্তমানে গড় মূল্য আরও ১ লাখ ৮০ হাজার পাউন্ড বেশি হওয়ার কথা ছিল। বিপরীতে, একই সময়ে বাড়ির দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে।

বাকিংহাম প্যালেসের কাছাকাছি অবস্থিত অভিজাত আবাসন প্রকল্প ‘নম্বর ওয়ান প্যালেস স্ট্রিট’-এর অবস্থাও সংকটের চিত্র তুলে ধরছে। ২০২৩ সালে প্রকল্পটি প্রশাসকের অধীনে যাওয়ার পর ২০২৫ সাল পর্যন্ত এর মাত্র ২০ শতাংশ ফ্ল্যাট বিক্রি হয়েছিল বলে প্রশাসক প্রতিষ্ঠান এফআরপি অ্যাডভাইজরির তথ্য উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান।

আবাসন খাতের মন্দার প্রভাব কর্মসংস্থানেও পড়ছে। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তরের হিসাব অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে নির্মাণ খাতে চাকরির শূন্যপদ ৭ হাজার কমেছে। যুক্তরাজ্যের বিভিন্ন কর্মসংস্থান খাতের মধ্যে নির্মাণ খাতেই এ সময় সবচেয়ে বেশি শূন্যপদ কমেছে।

অন্যদিকে, ধনী ক্রেতাদের একটি অংশ বাড়ি কেনার বদলে ভাড়া থাকাকে বেছে নিচ্ছেন। অতি ধনীদের সম্পত্তি কেনার পরামর্শক জেরোম লার্তো জানান, দেশি ও বিদেশি অনেক ক্রেতাই লন্ডনে বাড়ি কেনার সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখে ভাড়া বাসায় থাকছেন। বিশেষ করে ঋণের ওপর নির্ভরশীল ক্রেতাদের জন্য সুদের হার ও অর্থায়নের অনিশ্চয়তা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সম্পত্তি প্রতিষ্ঠান জেএলএলের তথ্য অনুযায়ী, গত ১২ মাসে বছরে ১ লাখ ৫০ হাজার পাউন্ডের বেশি ভাড়ার ৩৩৮টি বাড়ি ভাড়া দেওয়া হয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা ১৪ শতাংশ বেশি এবং এটি নতুন রেকর্ড। অর্থাৎ বিলাসবহুল বাড়ি কেনার বাজারে স্থবিরতা থাকলেও উচ্চমূল্যের ভাড়ার চাহিদা বাড়ছে।

তবে ভাড়ার বাজারের এই প্রবৃদ্ধিও ডেভেলপারদের সংকট কাটাতে পারছে না। বিশ্লেষকদের মতে, বিক্রির গতি কম, নির্মাণ ব্যয় বেশি এবং জমির দাম এখনো উচ্চপর্যায়ে থাকায় নতুন প্রকল্পে বিনিয়োগের ঝুঁকি বাড়ছে। দীর্ঘমেয়াদে লন্ডনে আবাসনের ঘাটতি থাকলেও বর্তমানে অবিক্রীত বাড়ির স্তূপ জমে ওঠায় সম্পত্তি নির্মাণ ব্যবসার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

টিউলিপের আইনজীবীকে বাংলাদেশের মামলা সম্পর্কিত তথ্য দেওয়া হয়নিঃ স্কাই নিউজ

যুক্তরাজ্য লেবার সরকার জোর করে ফেরত পাঠাচ্ছে অবৈধ অভিবাসীদের

ব্রিটেনে ১৫ লাখ মানুষ প্রতিমাসে ৭৩৭ পাউন্ড সহায়তা পাচ্ছেন