যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুই বাংলাদেশি রাজনৈতিক পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার রাতে রমফোর্ডের চ্যাডওয়েল হিথ এলাকায় সংঘটিত এই সহিংসতার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। একই সঙ্গে হামলাকারীদের খুঁজে বের করতে প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি বিভিন্ন যানবাহনের ড্যাশক্যাম এবং এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য লন্ডন স্ট্যান্ডার্ড জানিয়েছে, সোমবার রাতে রমফোর্ডের হাই রোডে অবস্থিত মেফেয়ার ভেন্যুর বাইরে সংঘর্ষের সূত্রপাত হয়। সেখানে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম একটি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন বলে জানা গেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সংঘর্ষে এনসিপির সমর্থক এবং আওয়ামী লীগের সমর্থকরা জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হলে তা আশপাশের আবাসিক সড়কেও ছড়িয়ে পড়ে। সংঘর্ষে কয়েকজন লাঠিসোঁটা ব্যবহার করেন। এ সময় ময়লার বিন, বোতল ও ছোড়ার ঘটনাও ঘটে ও গাছের ডাল দিয়ে আক্রমণ করা হয় প্রতিপক্ষের উপর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও রাস্তায় ধাওয়া-পাল্টাধাওয়ার দৃশ্য দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ সদস্যদের লাঠি হাতে অবস্থান নিতেও দেখা যায়। পুলিশের তথ্য অনুযায়ী, সংঘর্ষে প্রায় ৫০ জন অংশ নিয়েছিলেন। আহত অন্তত ছয়জনের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত এবং ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে।
তদন্তে নেমে পুলিশ এখন প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ খুঁজছে। মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, তদন্তে সহায়ক হতে পারে এমন সিসিটিভি বা ড্যাশক্যামের ফুটেজ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্য দিতে ১০১ নম্বরে ফোন করে CAD 7004/16NOV রেফারেন্স উল্লেখ করতে হবে। বিকল্প হিসেবে অপরাধবিষয়ক সংস্থা ক্রাইমস্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে অথবা তাদের ওয়েবসাইটের মাধ্যমে তথ্য দেওয়া যাবে।
ঘটনাটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন রেডব্রিজ কাউন্সিলের নেতা কাউন্সিলর কাম রাই। তিনি বলেন, যারা এই সহিংসতার জন্য দায়ী, তাদের শনাক্ত করে কর্মকাণ্ডের জন্য সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনতে হবে।
তিনি আরও জানান, তদন্তে সহায়তার জন্য কাউন্সিল পুলিশের সঙ্গে কাজ করবে। প্রয়োজনে কাউন্সিলের সিসিটিভি এবং স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ (এএনপিআর) ক্যামেরার ফুটেজও সরবরাহ করা হবে।
ঘটনাস্থল যে সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত, সেই ইলফোর্ড সাউথের এমপি জাস আথওয়ালও ঘটনার নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, চ্যাডওয়েল হিথের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, এলাকায় টহল বৃদ্ধি ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি প্রত্যক্ষদর্শীদের তার সঙ্গেও যোগাযোগ করতে বলেছেন। তার ইমেইল ঠিকানা jas.athwal.mp@parliament.uk।
এদিকে যুক্তরাজ্যের ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ বলেছেন, রাজনৈতিক বিরোধের জেরে সংঘটিত এ ধরনের সহিংসতার কোনো স্থান ব্রিটেনের রাস্তায় নেই। ঘটনায় জড়িতদের কারাদণ্ড দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, অপরাধে জড়িত কেউ ব্রিটিশ নাগরিক না হলে তাকে দ্রুত বহিষ্কার করা উচিত।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটেও ঘটনাটি সামনে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের দেশে ফেরার দাবিকে কেন্দ্র করে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংঘাত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজনার খবর এসেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ নাহিদ ইসলাম বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক ও কমিউনিটি পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সূত্রঃ দ্য লন্ডন স্ট্যান্ডার্ড
এমকে

