14.9 C
London
October 9, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে এবার খাবার পৌঁছে দেবে রোবটঃ অক্টোবরেই ক্যানারি ওয়ার্ফ থেকে শুরু

লন্ডনে খাবার ডেলিভারির প্রচলিত ব্যবস্থায় নতুন প্রযুক্তি যুক্ত হতে যাচ্ছে। এতদিন বাইক বা স্কুটারে ডেলিভারি রাইডারদের খাবার পৌঁছে দিতে দেখা গেলেও এবার পূর্ব লন্ডনের ক্যানারি ওয়ার্ফ এলাকায় খাবার নিয়ে চলবে ছোট আকারের চালকবিহীন রোবট। চলতি অক্টোবরেই পরীক্ষামূলকভাবে এই সেবা চালুর কথা জানিয়েছে ডেলিভারু।

ডেলিভারুর ৫ অক্টোবরের ঘোষণায় বলা হয়েছে, কোকো রোবোটিকসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে যুক্তরাজ্যে প্রথমবারের মতো চালকবিহীন খাবার ডেলিভারি রোবট ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ক্যানারি ওয়ার্ফ এলাকায় এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালানো হবে।

ক্যানারি ওয়ার্ফ গ্রুপের তথ্য অনুযায়ী, সেখানে প্রথম পর্যায়ে ১২ মাসের জন্য এই পরীক্ষা চলবে। সফল হলে পরবর্তী সময়ে মিল্টন কেইন্স, লিডস, স্টকটন-অন-টিস এবং নটিংহ্যামে সেবাটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রাথমিকভাবে ক্যানারি ওয়ার্ফের উড ওয়ার্ফ এলাকার প্যাটি অ্যান্ড বান, সিগনোরেলি এবং বিমের মতো কয়েকটি রেস্তোরাঁ ও ক্যাফে থেকে রোবটের মাধ্যমে খাবার ডেলিভারি পাওয়া যাবে। পরে ওলে অ্যান্ড স্টিন, রয়্যাল চায়না এবং দিন তাই ফাংসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান এই সেবার সঙ্গে যুক্ত হতে পারে।

ডেলিভারুর তথ্য অনুযায়ী, রোবটগুলো সম্পূর্ণ বিদ্যুৎচালিত হবে এবং ফুটপাতে মানুষের হাঁটার গতির কাছাকাছি গতিতে চলবে। আশপাশের পরিবেশ বুঝতে এগুলোতে ক্যামেরা, বিভিন্ন ধরনের সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পথনির্দেশনা প্রযুক্তি ব্যবহার করা হবে।

মূলত স্বল্প দূরত্বের খাবার ডেলিভারির ক্ষেত্রে রোবটগুলো ব্যবহার করা হবে। গ্রাহককে ডেলিভারু অ্যাপের মাধ্যমে আগের মতোই খাবারের অর্ডার করতে হবে। নির্দিষ্ট কিছু এলাকা ও অংশীদার প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্ডার দেওয়ার সময় রোবটের মাধ্যমে ডেলিভারির বিকল্প দেখা যেতে পারে।

তবে রোবট সবসময় গ্রাহকের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছাবে—এমন নিশ্চয়তা থাকছে না। ডেলিভারুর নিয়ম অনুযায়ী, পরিস্থিতি বিবেচনায় রোবটের জন্য কাছাকাছি কোনো নিরাপদ জায়গা নির্ধারণ করা হতে পারে। সে ক্ষেত্রে গ্রাহককে ওই নির্ধারিত স্থান থেকে নিজের খাবার সংগ্রহ করতে হবে।

এই প্রযুক্তি চালু হলেও মানব ডেলিভারি রাইডারদের ভূমিকা শেষ হচ্ছে না। ডেলিভারু জানিয়েছে, অধিকাংশ অর্ডার আগের মতোই রাইডারদের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। রোবটকে মূল ডেলিভারি ব্যবস্থার বিকল্প হিসেবে নয়, বরং অতিরিক্ত একটি ডেলিভারি ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হবে।

ক্যানারি ওয়ার্ফ পূর্ব লন্ডনের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্র। প্রতিদিন কাজ, যাতায়াত, কেনাকাটা ও খাবারের জন্য বিপুলসংখ্যক মানুষ এই এলাকায় আসেন। ফলে সেখানে রোবটের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার পরীক্ষামূলক উদ্যোগ যুক্তরাজ্যে স্বয়ংক্রিয় ডেলিভারি প্রযুক্তির ব্যবহারে একটি নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে।

ডেলিভারু ও কোকো রোবোটিকসের এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে যুক্তরাজ্যের আরও শহরে স্বয়ংক্রিয় রোবটের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

সূত্রঃ ডেলিভারু নিউজরুম ও ক্যানারি ওয়ার্ফ গ্রুপের প্রেস বিজ্ঞপ্তি

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের ওয়েস্টফিল্ড শপিং সেণ্টারে বোমাতঙ্ক

প্রিন্স অ্যান্ড্রুর ঘনিষ্ঠ সন্দেহভাজন চীনা গুপ্তচরের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

এই বছরে ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্যে আসতে পারেন ৫৬ হাজার আশ্রয়প্রার্থী