19.9 C
London
October 1, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

শিশুদের খেলনায় ক্যানসারসৃষ্টিকারী অ্যাসবেস্টসঃ ব্রিটেনে শেইনের পণ্য ব্যবহারে সতর্কতা

ব্রিটেনে অনলাইন মার্কেটপ্লেস শেইনে বিক্রি হওয়া শিশুদের একটি কাঠের খেলনায় অ্যাসবেস্টসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর পণ্যটি প্রত্যাহার করা হয়েছে। সংশ্লিষ্ট খেলনা ব্যবহার না করার জন্য ক্রেতাদের সতর্ক করেছে যুক্তরাজ্যের অফিস ফর প্রোডাক্ট সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (ওপিএসএস)।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ‘চিলড্রেনস উডেন অ্যাক্রিলিক রেইনবো সেনসরি ব্লকস’ নামের খেলনাটিতে বিভিন্ন আকারের কাঠের ব্লকের ভেতরে রঙিন বালি রয়েছে। ওই বালিতে অল্প পরিমাণ অ্যাসবেস্টস দূষিত হওয়ার আশঙ্কা শনাক্ত হওয়ার পর পণ্যটি স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে প্রত্যাহার করা হয়েছে।

ওপিএসএস জানিয়েছে, অ্যাসবেস্টসের উপস্থিতির কারণে খেলনাটি ২০১১ সালের টয়েজ (সেফটি) রেগুলেশনের প্রয়োজনীয়তা পূরণ করে না। শেইনও সংশ্লিষ্ট পণ্য প্রত্যাহার করেছে এবং যেসব ক্রেতা এটি কিনেছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ওপিএসএসের পরামর্শ অনুযায়ী, কারও কাছে খেলনাটি থাকলে তা অবিলম্বে ব্যবহার বন্ধ করতে হবে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে।

খেলনাটি অক্ষত থাকলে সেটিকে একটি শক্ত প্লাস্টিকের ব্যাগে রাখতে এবং ব্যাগটি ভালোভাবে দুই স্তরে টেপ দিয়ে বন্ধ করে পরিষ্কারভাবে চিহ্নিত করে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর বিক্রেতার নির্দেশনা অনুযায়ী পণ্যটি ফেরত দিয়ে অর্থ ফেরত নেওয়ার কথা বলা হয়েছে।

অন্যদিকে খেলনাটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরের বালি বাইরে বেরিয়ে থাকলে ধুলা তৈরি এড়াতে ব্যবহৃত স্থান ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় গ্লাভস ও মাস্ক ব্যবহারের পাশাপাশি বালি, গ্লাভস, মাস্ক ও পরিষ্কারের কাপড় আলাদাভাবে দুই স্তরের ব্যাগে রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

যে স্থানে বালি ছড়িয়ে থাকতে পারে, সেটি পরিষ্কার না করা পর্যন্ত শিশু ও অন্যদের ওই স্থান থেকে দূরে রাখতেও বলা হয়েছে।

ওপিএসএস আরও জানিয়েছে, বিক্রেতার কাছে পণ্য ফেরত দেওয়া সম্ভব না হলে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অ্যাসবেস্টসযুক্ত পণ্য নিরাপদে কীভাবে ফেলা যায়, সে বিষয়ে নির্দেশনা নিতে হবে।

শেইনের নিজস্ব প্রত্যাহার সংক্রান্ত নির্দেশনাতেও ক্রেতাদের খেলনাটি অবিলম্বে ব্যবহার বন্ধ করে শিশুদের কাছ থেকে সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে খেলনাটি অন্য কাউকে দান, বিক্রি বা দিয়ে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করার পর মূল অর্থপ্রদানের পদ্ধতিতে ক্রেতাদের অর্থ ফেরত দেওয়ার কথা জানিয়েছে শেইন।

যুক্তরাজ্যে অ্যাসবেস্টস নিষিদ্ধ একটি পদার্থ। এর সংস্পর্শ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এই নির্দিষ্ট খেলনা ব্যবহারের ফলে কোনো ব্যক্তি অসুস্থ হয়েছেন—এমন তথ্য দ্য সানের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

পণ্যটির শেইন তালিকায় দীর্ঘ নাম ছিল—‘চিলড্রেনস উডেন অ্যাক্রিলিক রেইনবো সেনসরি ব্লকস, জিওমেট্রিক শেপ পাজল ব্লকস, কালারফুল সেনসরি গ্রাসপিং অ্যান্ড বিল্ডিং ক্রিয়েটিভ ফোকাস ট্রেনিং গেম টয়’। এর পণ্য শনাক্তকরণ নম্বর বা এসকেইউ হলো SKC: sk26062823339701832428।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে অ্যালবার্ট ব্রিজের মোড়ে ১৪ মাসে জরিমানা আদায় ২৬ লাখ পাউন্ড

রাশিয়ার বিরুদ্ধে বিধিনিষেধ যুক্তরাজ্যের

যুক্তরাজ্যের বে সিস্টেম সামরিক লক্ষ্যবস্তুতে পরিনত হবেঃ ক্রেমলিন