TV3 BANGLA
আন্তর্জাতিক

শি জিনপিং দিল্লিতে, সীমান্তে এগোচ্ছে চীনা সেনা—স্যাটেলাইট চিত্রে নতুন অবকাঠামোর চাঞ্চল্যকর তথ্য

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করছেন, ঠিক সেই সময় ভারত-চীন সীমান্তের অরুণাচল প্রদেশসংলগ্ন এলাকায় চীনের সামরিক তৎপরতা ও অবকাঠামো নির্মাণ দ্রুত বাড়ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এসব তথ্য সামনে এসেছে।

ভ্যান্টর স্যাটেলাইট সংস্থার সরবরাহ করা ছবি বিশ্লেষণ করে দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি উপত্যকা সংলগ্ন একাধিক এলাকায় নতুন ভবন, পাকা সড়ক ও হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। ওপেন সোর্স গোয়েন্দা সংস্থা জেনসের বিশ্লেষণ অনুযায়ী, তিব্বতের লুনজে কাউন্টির উত্তরে ঝারি শহরের কাছাকাছি দুটি এলাকায় সবচেয়ে বেশি নির্মাণকাজ দেখা গেছে।

দুই দেশের দাবিকৃত সীমান্তরেখার অবস্থান বিবেচনায় নিলে এসব স্থাপনার একটি অংশ বিতর্কিত এলাকার মধ্যে পড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঝারি শহরের দক্ষিণে ২০১৯ সালে শুরু হওয়া একটি নির্মাণকাজ এখনও চলছে। স্যাটেলাইট চিত্রে সেখানে ভূমি সমতলকরণ, প্রকৌশল সরঞ্জাম এবং কংক্রিট মিশ্রণ প্ল্যান্ট দেখা গেছে। বিশ্লেষকদের ধারণা, স্থাপনাটির সামরিক ব্যবহারও হতে পারে।

এ ছাড়া লুনজের দক্ষিণে আগে থাকা দুটি ছোট হেলিপ্যাডের পরিবর্তে একটি বড় হেলিপ্যাড তৈরি করা হয়েছে। আরও দক্ষিণে নতুন আরেকটি হেলিপ্যাড নির্মাণের তথ্যও উঠে এসেছে। আগস্ট ২০২৬-এর সর্বশেষ স্যাটেলাইট চিত্রে অন্তত একটি ভবনের ছাদ নির্মাণ সম্পন্ন হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের গেলেমো গ্রামের এক বাসিন্দা দ্য ইন্ডিপেনডেন্টকে বলেন, চীনা বাহিনী তাদের পূর্বপুরুষদের জমি দখল করে নিচ্ছে। তবে চীনা বাহিনী ঠিক কত দূর পর্যন্ত অগ্রসর হয়েছে, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলেও তিনি জানান।

অল তাগিন স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি তাদক পাকবার নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল গত ১১ থেকে ১৩ আগস্ট গেলেমো ও তাকসিং এলাকায় সরেজমিন তদন্ত চালায়। পাকবা দাবি করেন, চীনা অনুপ্রবেশের বর্তমান গতি ‘নজিরবিহীন’। তার অভিযোগ, ভারতীয় বাহিনী পিছু হটছে, বিপরীতে চীনা বাহিনী এগিয়ে যাচ্ছে।

প্রতিনিধিদলের প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাস থেকে পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ঐতিহ্যগত শিকার ও পশুচারণের এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

স্থানীয় আদিবাসী সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটিও অভিযোগ করেছে, চীনা সেনাবাহিনী চারণভূমি ও বনাঞ্চলে সড়ক, সেতু এবং সামরিক শিবির নির্মাণ করেছে।

ক্ষমতাসীন বিজেপির জোটসঙ্গী পিপলস পার্টি অব অরুণাচলের একটি পৃথক প্রতিনিধিদল তাকসিং, গেলেমো ও মাজা এলাকা পরিদর্শন করে। দলের সদস্য ও সাবেক রাজ্য মন্ত্রী কাপা বেংগিয়া দাবি করেন, চীনা সেনারা এগিয়ে এসেছে এবং ভারতীয় টহল দলকে নিজেদের দাবিকৃত এলাকাতেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তবে ভারতীয় সেনাবাহিনী এসব অনুপ্রবেশের অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযোগগুলোকে ‘ভুল ও ভিত্তিহীন’ বলে অভিহিত করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সীমান্ত পরিস্থিতির ওপর দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করবে। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও চিয়াকুন দাবি করেছেন, চীন-ভারত সীমান্ত পরিস্থিতি সার্বিকভাবে স্থিতিশীল রয়েছে।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর জানান, সীমান্তের বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী উদ্বিগ্ন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের চীনবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীকান্ত কোন্ডাপল্লি এসব কর্মকাণ্ডকে চীনের কথিত ‘সালামি স্লাইসিং’ কৌশলের সঙ্গে তুলনা করেছেন। তার ব্যাখ্যা অনুযায়ী, বড় ধরনের সামরিক সংঘর্ষের পরিবর্তে ধীরে ধীরে ছোট ছোট এলাকায় উপস্থিতি বাড়িয়ে সেগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কৌশল এটি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর এটি শি জিনপিংয়ের প্রথম দিল্লি সফর। ওই সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হন। এবারের সফরে শি জিনপিং প্রায় ৪০০ কর্মকর্তার একটি বড় প্রতিনিধিদল নিয়ে ভারতে গেছেন।

সীমান্ত নিয়ে নতুন করে অবকাঠামো নির্মাণ ও অগ্রসর হওয়ার অভিযোগের মধ্যেই দুই দেশ প্রকাশ্যে সীমান্ত পরিস্থিতিতে কোনো সক্রিয় উত্তেজনা নেই বলে জানাচ্ছে। তবে স্যাটেলাইট চিত্র, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এবং বিভিন্ন প্রতিনিধিদলের সরেজমিন পর্যবেক্ষণ ঘিরে অরুণাচল সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট

এম.কে

আরো পড়ুন

ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক

উপসাগরীয় তিন দেশ ও লেবাননে এ-লেভেল-জিসিএসই পরীক্ষা বাতিল

মালদ্বীপের পার্লামেন্টে সাংসদদের মধ্যে কুস্তি ও মারামারি!