TV3 BANGLA
বাংলাদেশ

শুক্রবার এনসিপিতে যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা যায়।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে তার আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, দলের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের হাতে গড়ে ওঠা দল এনসিপির সাংগঠনিক বিস্তৃতি দেশের জন্য অত্যন্ত জরুরি। এমতাবস্থায় সাংগঠনিক সম্প্রসারণের জন্য আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

দলীয় সূত্র জানা যায়, কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ইসহাক সরকার এনসিপিতে যোগ দেবেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে নির্বাচন করেন এবং উল্লেখযোগ্য ভোট পান। বিগত শেখ হাসিনার শাসনামলে ইসহাক সরকার তিন শতাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলেন।

উল্লেখ্য, এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ একইসাথে দলের আন্তর্জাতিক বিষয়ক সেলের সহ-সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

এনসিপিতে যোগদান বিষয়ে জানতে চাইলে ইসহাক সরকার অভিযোগ করে বলেন, বিএনপি থেকে তাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়া হয়নি এবং নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে। তবে তিনি ভবিষ্যতে কোনো বিদ্বেষ না রেখে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশিদের জন্য চালু হয়েছে যুক্তরাজ্যের ‘গ্রেট স্কলারশিপ’, আবেদন যেভাবে

জিআই স্বীকৃতি পেল ফুলবাড়িয়ার লাল চিনি

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি