আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে আগ্রহ প্রকাশ করলেও তার প্রত্যাবর্তন নিয়ে নতুন রাজনৈতিক হিসাব-নিকাশ শুরু হয়েছে। এমনকি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসা বিএনপি সরকারও বাস্তবে তার প্রত্যাবর্তন নিয়ে অস্বস্তিতে রয়েছে বলে বিশ্লেষণ করেছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান।
দ্য ডেইলি স্টার-এর এক বিশ্লেষণধর্মী নিবন্ধে তিনি বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা রাজনৈতিকভাবে অত্যন্ত কৌশলী পদক্ষেপ। এর মাধ্যমে তিনি আবারও বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসতে পারবেন। একই সঙ্গে নিজেকে সাহসী ও আত্মত্যাগী নেতা হিসেবে উপস্থাপন করার সুযোগ পাবেন। কারাবরণ, এমনকি মৃত্যুদণ্ডের ঝুঁকি নিয়েও দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে তিনি নিজের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছেন।
বার্গম্যানের বিশ্লেষণ অনুযায়ী, হাসিনার এই অবস্থান আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছেও একটি বিশেষ বার্তা দিচ্ছে। তিনি বোঝাতে চাইছেন, দলের নেতাকর্মীরা যে রাজনৈতিক চাপ, গ্রেপ্তার ও অধিকার লঙ্ঘনের অভিযোগের মুখোমুখি হচ্ছেন, সেসব পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতেই তিনি দেশে ফিরতে চান।
এ ছাড়া তার প্রত্যাবর্তনের ঘোষণা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এবং অনুপস্থিতিতে দেওয়া রায় নিয়ে নতুন করে বিতর্ক তৈরির সুযোগ করে দিচ্ছে। একই সঙ্গে বিএনপি সরকারকে কঠিন রাজনৈতিক সিদ্ধান্তের মুখে ঠেলে দিচ্ছে।
নিবন্ধে বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে বিএনপি সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু তিনি সত্যিই দেশে ফিরে এলে সরকারকে অত্যন্ত জটিল সিদ্ধান্ত নিতে হবে।
একদিকে তার মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে ব্যাপক জনমত তৈরি হতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের এখনো উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে। ফলে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে দেশজুড়ে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
বার্গম্যান স্মরণ করিয়ে দিয়েছেন, ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জামায়াতে ইসলামীর পাঁচজন এবং বিএনপির একজন নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। এখন একই ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ায় সরকারকে রাজনৈতিক ও নৈতিক চাপের মুখোমুখি হতে হবে।
তার মতে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক কিংবা তাকে কারাগারে রাখা হোক—দুই পরিস্থিতিতেই আওয়ামী লীগের নতুন করে আন্দোলন গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। সেই আন্দোলন নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকার কঠোর পদক্ষেপ নিলে মানবাধিকার পরিস্থিতি নিয়েও নতুন বিতর্ক তৈরি হতে পারে।
বিশ্লেষণে শেখ হাসিনার পারিবারিক পরিচয়ের বিষয়টিও তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা বিএনপি সরকারের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত কঠিন সিদ্ধান্ত হতে পারে বলে মনে করেন লেখক।
১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপটও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এ ছাড়া ভারতসহ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য চাপ আসতে পারে। বিশেষ করে আসামির অনুপস্থিতিতে বিচার, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং আপিলের অধিকার নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে পারে।
তবে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া হলেও পরিস্থিতি সহজ হবে না। লেখকের আশঙ্কা, তার সাজা কার্যকর না করার সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নামতে পারে। এতে সরকারের জন্য বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে।
নিবন্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, শেখ হাসিনা বাংলাদেশে থাকলে বিএনপি সরকারের জন্য যে রাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে, ভারতে অবস্থান করলে সেই ঝুঁকি তুলনামূলকভাবে কম।
লেখক বলেছেন, গত এক বছর ধরে বাংলাদেশ সরকার ভারতকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। কিন্তু এখন শেখ হাসিনা নিজেই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করায় পরিস্থিতি পাল্টে গেছে। সরকারের বক্তব্য অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন হলেও বাস্তবে তার প্রত্যাবর্তন সহজ করতে আগ্রহের ঘাটতি দেখা যাচ্ছে।
তার ভাষায়, শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের চেয়ে বাংলাদেশে ফিরে আসা বর্তমান সরকারের জন্য অনেক বেশি বিপজ্জনক হতে পারে।
শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার ঘোষণা ভারতকেও অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
একদিকে হাসিনা নিজে ফিরতে চাইলে তাকে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর বাংলাদেশের চাপ কমার কথা। অন্যদিকে বাংলাদেশ চাইছে, প্রত্যাবর্তন ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় হোক।
চুক্তির বাইরে অন্য কোনো উপায়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরার সুযোগ দেওয়া হলে ঢাকা এ জন্য দিল্লিকে দায়ী করতে পারে। এতে দুই দেশের সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ২০২৬ সালের আগস্টে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন এবং সেখানে তার ও আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের কারণে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছিল বলে দাবি করেছেন লেখক। ওই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফরের প্রস্তুতি নিচ্ছিলেন।
বার্গম্যানের মতে, শেষ পর্যন্ত ঢাকা ও দিল্লির স্বার্থ হয়তো একই জায়গায় এসে মিলেছে। দুই পক্ষের কেউই বাস্তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসতে দেখতে আগ্রহী নয়। বাংলাদেশের পক্ষ থেকে তার পাসপোর্ট বা ভ্রমণসংক্রান্ত কাগজপত্র দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ দেখানো হলে ভারতও তাকে দিল্লিতে রেখে দেওয়ার সুযোগ পাবে।
নিবন্ধটির উপসংহারে লেখক বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কেবল রাজনৈতিক বক্তব্য নয়; বরং এটি বাস্তব প্রত্যাবর্তনের ইচ্ছা থেকেও আসতে পারে। কারণ এই একটি সিদ্ধান্তের মাধ্যমে তিনি নিজেকে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন এবং বিএনপি সরকারকে এমন এক রাজনৈতিক সংকটে ফেলেছেন, যার সহজ কোনো সমাধান নেই।
সূত্রঃ দ্য ডেইলি স্টার
লেখকঃ ডেভিড বার্গম্যান
অনুবাদঃ এমকে

