বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার দেশে ফেরার ঘোষণা দিলেও বাস্তবে তার ফিরে আসার সম্ভাবনা কম বলে মনে করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তার মতে, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা শেখ হাসিনার রাজনৈতিক স্বার্থে কাজে আসতে পারে। কারণ, এতে বিএনপি নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ বাড়বে এবং নতুন সরকারের স্থিতিশীলতা ও সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক আবাসিক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান সম্প্রতি সংবাদমাধ্যম ডেইলি ওয়াদাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। ২১ নভেম্বর প্রকাশিত সাক্ষাৎকারটি নিয়েছেন আবু সুফিয়ান।
শেখ হাসিনা গত ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন। তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে কুগেলম্যান মনে করেন, বাস্তবে তার দেশে ফেরার সম্ভাবনা নেই।
তিনি বলেন, ‘আমার ধারণা, শেখ হাসিনা আসলে বাংলাদেশে ফিরবেন না।’
বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকদের সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে কুগেলম্যান বলেন, এসব ঘটনা শেখ হাসিনার স্বার্থে কাজ করতে পারে। কারণ, এর ফলে ঢাকায় ক্ষমতাসীন সরকারের ওপর আরও বেশি চাপ তৈরি হবে।
তার ভাষায়, ‘এভাবে বলতে আমার ভালো লাগছে না, কিন্তু বাংলাদেশে এখন যে অস্থিরতা চলছে, তা হাসিনার স্বার্থে যাবে। কারণ, এতে ক্ষমতাসীন সরকারের ওপর অনেক বেশি চাপ সৃষ্টি হতে পারে। আমার ধারণা, তিনি এই সরকারকে সফল দেখতে চান না।’
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ সমর্থকদের সহিংসতায় অন্তত ৫০টি কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে দলটি রাজনৈতিক সমঝোতা ও মূলধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাচ্ছে।
তবে পরিস্থিতি মোকাবিলায় সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কুগেলম্যান। তার মতে, আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন চালালে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এতে সমর্থকদের ক্ষোভ বাড়বে এবং নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে প্রকৃত রাজনৈতিক সমঝোতা ছাড়া বাংলাদেশে স্থায়ী রাজনৈতিক পুনর্মিলন সম্ভব নয়। তবে ২০২৪ সালের অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় আওয়ামী লীগ এখন পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করেনি।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের আন্দোলনে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। কুগেলম্যানের মতে, অতীতের অন্যায় স্বীকার করা ছাড়া প্রকৃত রাজনৈতিক সমঝোতা সম্ভব নয়।
বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রাথমিক সময়ের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সরকার প্রতিশোধমূলক রাজনীতিতে জড়ায়নি। বরং সব রাজনৈতিক পক্ষের সঙ্গে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে।
তার পরামর্শ, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের অন্য নেতাদের সঙ্গে সরকার নীরবে যোগাযোগ ও আলোচনার উদ্যোগ নিতে পারে। তবে বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে পলাতক হিসেবে বিবেচনা করে এবং তাকে দেশে ফিরিয়ে আনার পক্ষে অবস্থান নিয়েছে।
সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার উদ্যোগ নিয়েও প্রশ্ন তুলেছেন কুগেলম্যান। তার মতে, সরকার তাকে পলাতক হিসেবে বিবেচনা করায় পাসপোর্ট দেওয়ার সম্ভাবনা ছিল না বললেই চলে।
সাক্ষাৎকারে ডেইলি ওয়াদা জানায়, হাসিনার পক্ষে পাসপোর্টের আবেদন করতে একটি ব্রিটিশ আইনজীবী প্রতিষ্ঠানকে দেওয়া অনুমতিপত্রে তার স্বাক্ষর ইংরেজিতে ছিল। অথচ এর আগে তিনি বিভিন্ন নথিতে বাংলায় স্বাক্ষর করেছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কুগেলম্যান।
তিনি বলেন, হাসিনার জানার কথা ছিল যে সরকার তাকে পলাতক মনে করে পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করবে। আর আবেদন প্রত্যাখ্যাত হলে তার সমর্থকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাবেন।
কুগেলম্যানের ভাষায়, ‘আমার কাছে এটি একটি নিষ্ফল চেষ্টা বলে মনে হয়েছে। সরকার তাকে কোনোভাবেই পাসপোর্ট দেবে না।’
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঝুঁকিও রয়েছে বলে মন্তব্য করেন কুগেলম্যান।
তবে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি শেষ হয়ে গেছে বলে মনে করেন না তিনি। তার মতে, দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক ও পারিবারিক উত্তরাধিকারের প্রভাব অনেক শক্তিশালী। শেখ হাসিনা কারাবন্দি হলে তার সমর্থকদের মধ্যে তাকে রাজনৈতিকভাবে নিপীড়িত হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে। এতে তার সমর্থকগোষ্ঠী আরও সক্রিয় হয়ে উঠতে পারে।
বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্ক করে কুগেলম্যান বলেন, অর্থনৈতিক সংকট, জ্বালানি চাপ এবং শেখ হাসিনা-সংশ্লিষ্ট রাজনৈতিক পরিস্থিতির কারণে আগামী বছর দক্ষিণ এশিয়ার সবচেয়ে অস্থিতিশীল দেশগুলোর একটি হতে পারে বাংলাদেশ।
তবে ফেব্রুয়ারির নির্বাচনকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বাংলাদেশের প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ স্থিতিশীল থাকুক, ক্ষমতায় যে দলই থাকুক না কেন, সেটিই তার প্রত্যাশা।
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কুগেলম্যান। তার মতে, শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সরকারকে ভারতের তুলনায় বেশি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কারণ, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় ঢাকার পক্ষে দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে পড়েছে।
সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনার আগের এক সাক্ষাৎকারে দেওয়া মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে কুগেলম্যান বলেন, শেখ হাসিনার কারণে বাংলাদেশ-ভারত সম্পর্ক এক অর্থে জিম্মি হয়ে পড়েছে।
তবে এ পরিস্থিতির জন্য শুধু হাসিনাকে দায়ী করেননি তিনি। তার মতে, শেখ হাসিনা এবং ভারত সরকার—উভয় পক্ষই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কুগেলম্যানের পরামর্শ, শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হলেও তার রাজনৈতিক কর্মকাণ্ড ও প্রকাশ্য বক্তব্যের ওপর সীমাবদ্ধতা আরোপ করতে পারত নয়াদিল্লি।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব নিয়েও দীর্ঘদিনের অসন্তোষের কথা তুলে ধরেন তিনি। তার মতে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এমন ধারণা রয়েছে যে ভারত দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং নিজেদের স্বার্থ অনুযায়ী রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা করে।
তবে বিএনপি ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় বলে উল্লেখ করেন তিনি। শর্ত হলো, দুই দেশের সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। বাংলাদেশকে ভারতের অধস্তন অংশীদার হিসেবে বিবেচনা করা যাবে না।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারতের সমালোচনার বিষয়েও কথা বলেন কুগেলম্যান। তার মতে, বাংলাদেশে অনেকের ধারণা, এ অভিযোগগুলো অতিরঞ্জিত। একই সঙ্গে ভারতে মুসলিমদের পরিস্থিতিও বিবেচনায় নেওয়া উচিত বলে মনে করেন তারা।
এ বিষয়ে উত্তেজনা কমাতে ভারতের প্রকাশ্য অভিযোগের মাত্রা কমানোর পরামর্শ দেন তিনি।
বাংলাদেশের ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘ডিপ স্টেট’ জড়িত ছিল—এমন অভিযোগও নাকচ করেছেন কুগেলম্যান।
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, তিনি মার্কিন ডিপ স্টেটের অংশ কি না। জবাবে তিনি বলেন, তিনি ওয়াশিংটনভিত্তিক একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, বিশ্বজুড়ে এত সংকট চলার মধ্যে বাংলাদেশের বিষয়টি বর্তমানে ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার তালিকায় খুব বেশি গুরুত্ব পাচ্ছে না।
২০২৪ সালের অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করে কুগেলম্যান বলেন, শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশেও গণ-আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এসেছে। এসব আন্দোলন গড়ে তুলতে বিদেশি পৃষ্ঠপোষকতা বা সহায়তার প্রয়োজন হয় না।
তার ভাষায়, গণ-আন্দোলন সাধারণত স্বতঃস্ফূর্তভাবে এবং তৃণমূল পর্যায় থেকেই গড়ে ওঠে।
সূত্রঃ নিক্কেই এশিয়া
এমকে

