11.3 C
London
October 19, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

সরকারি কর্মকর্তাদের দিয়ে সংবাদ তৈরি ও তথ্য যাচাইঃ বিতর্কে বিবিসির কর্মসূচি স্থগিত

যুক্তরাজ্যের সম্প্রচারমাধ্যম বিবিসি তাদের সংবাদ বিভাগে সরকারি কর্মকর্তাদের নিয়োগ দিয়ে তথ্য যাচাই ও সংবাদ তৈরিতে সহায়তা নেওয়ার একটি কর্মসূচি স্থগিত করেছে। সংবাদমাধ্যমটির নিরপেক্ষতা ও সম্পাদকীয় স্বাধীনতা নিয়ে বিতর্কের মধ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিবিসির দাবি, সরকারি কর্মকর্তারা কখনোই সংবাদ প্রকাশের বিষয়ে সম্পাদকীয় সিদ্ধান্ত নেননি।

ব্রিটিশ সংবাদমাধ্যম জিবি নিউজের প্রতিবেদন অনুযায়ী, সরকারি পরিসংখ্যান বিভাগের মাধ্যমে পরিচালিত এই কর্মসূচির আওতায় সরকারি চাকরিজীবীদের ছয় মাসের জন্য বিবিসি নিউজের পরিসংখ্যান বিভাগের প্রধানের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হতো। এ কর্মসূচিতে সরকারি বিভাগ থেকে সর্বোচ্চ দুজন পরিসংখ্যানবিদকে সাময়িকভাবে নিয়োগের ব্যবস্থা ছিল।

গত আট বছরে রাজস্ব ও শুল্ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রী, বিচার মন্ত্রণালয় এবং কর্ম ও পেনশন বিভাগের মতো বিভিন্ন সরকারি দপ্তর থেকে মোট ৩৯ জন কর্মকর্তা এই কর্মসূচির আওতায় বিবিসিতে কাজ করেছেন। ২০২৭ সালের জন্য আরও চারজন নিয়োগের পরিকল্পনা ছিল। তবে বিতর্কের পর কর্মসূচিটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তী বছরের নিয়োগপ্রক্রিয়াও বন্ধ রাখা হয়েছে।

বিবিসির এক মুখপাত্র বলেন, কর্মসূচির শর্তাবলি পর্যালোচনা করার জন্য সরকারি পরিসংখ্যানবিদদের সাময়িক নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, বিবিসির সব সাংবাদিকতা ও সম্পাদকীয় সিদ্ধান্ত বিবিসির সাংবাদিক ও সম্পাদকেরাই প্রতিষ্ঠানের সম্পাদকীয় নির্দেশিকা অনুসরণ করে নেন। পরিসংখ্যানবিদেরা কখনোই সম্পাদকীয় সিদ্ধান্ত নেননি।

তিনি বলেন, বিবিসি তাদের স্বাধীনতা ও স্বচ্ছতাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং সর্বোচ্চ মান বজায় রাখা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে চায়। পর্যালোচনা চলাকালে সাময়িক নিয়োগে থাকা কর্মকর্তারা সংবাদ প্রকাশের কাজে যুক্ত থাকবেন না।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর অনুসন্ধানে প্রকাশিত সরকারি কর্মকর্তাদের কয়েকটি ব্লগ পোস্টে তাদের বিবিসিতে কাজ করার অভিজ্ঞতার বিবরণ উঠে আসে। পরে ওই পোস্টগুলো সরিয়ে নেওয়া হয়।

কর্ম ও পেনশন বিভাগে কর্মরত এক কর্মকর্তা জানান, বসন্তকালীন বাজেট নিয়ে বিবিসির ব্যবসাবিষয়ক সাংবাদিকদের সঙ্গে কাজ করা তার উল্লেখযোগ্য অভিজ্ঞতাগুলোর একটি। সংবাদ প্রতিবেদনে তথ্য ও পরিসংখ্যান কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ দেওয়াও ছিল তার দায়িত্বের অংশ। অনলাইন সংবাদ, টেলিভিশন, রেডিও ও পডকাস্টসহ বিভিন্ন মাধ্যমে এই কাজ বিস্তৃত ছিল বলে তিনি উল্লেখ করেন।

ব্যবসা ও বাণিজ্য বিভাগে কর্মরত আরেক কর্মকর্তা জানান, অভিবাসনসংক্রান্ত পরিসংখ্যান নিয়ে তিনি একটি লেখার খসড়া তৈরি করেছিলেন, যা বিবিসির মূল ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয়। একই কর্মকর্তা বিভিন্ন জাতীয়তার মানুষের সঙ্গে সম্পর্কিত অপরাধের হার নিয়ে করা দাবিগুলো যাচাই করেছিলেন এবং এ বিষয়ে একটি ব্যাখ্যামূলক প্রতিবেদনও তৈরি করেছিলেন, যা অনলাইনে প্রকাশিত হয়।

এসব তথ্য প্রকাশের পর সরকারি কর্মকর্তাদের এ ধরনের ভূমিকা বিবিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। সমালোচকদের আশঙ্কা, সরকারি দপ্তরের কর্মকর্তারা সংবাদ তৈরির কাজে যুক্ত থাকলে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতা সম্পর্কে জনমনে সংশয় তৈরি হতে পারে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এভিডেন্স-বেইজড মেডিসিনের প্রধান অধ্যাপক কার্ল হেনেগান বলেন, এ ধরনের ব্যবস্থা শুধু মানুষের আস্থাকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং সম্পাদকীয় সমস্যার মূল জায়গাতেও আঘাত করে।

বিবিসি জানিয়েছে, কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিসংখ্যানবিদদের নাম ওয়েবসাইটে প্রকাশিত হলেও তারা সংবাদ প্রকাশের সিদ্ধান্ত নেননি। তবে সমালোচনার পর কর্মসূচির শর্তাবলি পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্রঃ জিবি নিউজ

এমকে

আরো পড়ুন

২৬ বছর যুক্তরাজ্যে বসবাসের পরও বহিষ্কারের মুখে জ্যামাইকান নাগরিক

যুক্তরাজ্যের প্রতি ১০ মা’র মধ্যে ৭ ‘অতিরিক্ত চাপগ্রস্ত’, অর্ধেক মানসিক সমস্যায় ভুগছেনঃ রিপোর্ট

নিউজ ডেস্ক

‘CHECK-IN RESTRICTED’ বার্তায় থমকে গেল লন্ডনগামী যাত্রা, সিলেটে ভোগান্তিতে অর্ধশত যাত্রী

নিউজ ডেস্ক