23.4 C
London
June 21, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

সামাজিক যোগাযোগ মাধ্যম আইন ভঙ্গের অভিযোগে ইউএই থেকে ৩,৫০০ পাকিস্তানি বহিষ্কার

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কিত আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫০০ পাকিস্তানি নাগরিককে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে বহিষ্কার করা হয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদে (ন্যাশনাল অ্যাসেম্বলি) উপস্থাপিত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য নেশন।

পাকিস্তানের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক ফেডারেল মন্ত্রী তারিক ফজল চৌধুরী জাতীয় পরিষদে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বহিষ্কৃত ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের ওপরও এ ঘটনার প্রভাব পড়েছে এবং সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) সামিনা খালিদ ঘুরকির এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, বর্তমানে স্পেন, পর্তুগাল এবং যুক্তরাজ্যে কোনো পাকিস্তানি নাগরিক মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবস্থায় নেই। তিনি বলেন, এসব দেশে পাকিস্তানি দূতাবাসের অধীনে বিশেষ সহায়তা সেল গঠন করা হয়েছে, যা নিয়মিত কারাগার পরিদর্শন, বন্দিদের সমস্যা সমাধান এবং আর্থিকভাবে অসচ্ছল পাকিস্তানি নাগরিকদের আইনি সহায়তা প্রদান করে থাকে।

পার্লামেন্টে দেওয়া তথ্যানুযায়ী, পাকিস্তান ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্দি স্থানান্তর চুক্তির আওতায় ২০২৪ ও ২০২৫ সালে মোট ৯ জন পাকিস্তানি বন্দিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরকারের দাবি, বিদেশে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের আইনি ও মানবিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাসগুলো সক্রিয়ভাবে কাজ করছে।

তবে ইউএই থেকে বহিষ্কৃত ৩ হাজার ৫০০ পাকিস্তানির বিরুদ্ধে ঠিক কী ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল, সে বিষয়ে জাতীয় পরিষদে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ নিয়ে নানা প্রশ্ন রয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি এবং অনলাইন কার্যক্রমের ওপর নজরদারি বৃদ্ধি পাওয়ায় উপসাগরীয় দেশগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও কঠোর অবস্থান গ্রহণ করছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা আঞ্চলিক সংঘাতসংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য, উসকানিমূলক প্রচারণা বা আইনবিরোধী অনলাইন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, ইউএই থেকে বিপুল সংখ্যক পাকিস্তানি নাগরিকের বহিষ্কারের ঘটনায় দেশটির প্রবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পাকিস্তান সরকার জানিয়েছে, বহিষ্কৃতদের অবস্থা পর্যালোচনা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

বিদেশে কর্মরত পাকিস্তানিদের অধিকার ও আইনি সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেছে ইসলামাবাদ।

সূত্রঃ দ্য ন্যাশন

এম.কে

আরো পড়ুন

আমাদের সেনাবাহিনী অসহায়; যেখানেই পা রাখবেন সেখানেই সুড়ঙ্গ: ইহুদিবাদী সামরিক বিশ্লেষক

প্রতি বছর ৬০ হাজার কর্মী নিবে জার্মানি

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলাকারী ব্যক্তি বাংলাদেশি ননঃ আইনজীবী