সিবিএস নিউজ ও ইউগভের নতুন জরিপে দেখা গেছে, ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের বিরোধিতা আরও বাড়ছে। দুই-তৃতীয়াংশ আমেরিকান এই যুদ্ধকে ‘প্রয়োজনীয়’ নয়, বরং ‘‘ইচ্ছাকৃত যুদ্ধ’ হিসেবে দেখছেন।
জরিপ অনুযায়ী, ৬০ শতাংশ উত্তরদাতা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন না, যা মার্চের শুরুর তুলনায় বেড়েছে। একই সঙ্গে ৬৮ শতাংশ মনে করেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। এছাড়া ৫৭ শতাংশের মতে, যুদ্ধটি যুক্তরাষ্ট্রের জন্য ভালো যাচ্ছে না, যেখানে ৪৩ শতাংশ বলছেন পরিস্থিতি ইতিবাচক।
মোট হিসাবে, ৬৬ শতাংশ আমেরিকান এই যুদ্ধকে ‘‘ইচ্ছাকৃত যুদ্ধ’ যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন, আর ৩৪ শতাংশ মনে করেন এটি ‘অপরিহার্য’। দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ডেমোক্র্যাটদের ৯২ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৭৩ শতাংশ এটিকে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ হিসেবে দেখছেন। অন্যদিকে, রিপাবলিকানদের ৬৭ শতাংশ এটিকে প্রয়োজনীয় মনে করলেও ৩৩ শতাংশ ভিন্ন মত দিয়েছেন।
তবে একটি বিষয়ে প্রায় সর্বসম্মতি রয়েছে— ৯২ শতাংশ আমেরিকান চান, যত দ্রুত সম্ভব এই সংঘাতের অবসান হোক। এছাড়া ৮০ শতাংশ ইরানের জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ মনে করেন, ৭৩ শতাংশ ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার পক্ষে এবং ৬৮ শতাংশ অন্যান্য দেশের প্রতি ইরানের হুমকি বন্ধ করার বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
তবে ইরানের নেতৃত্ব পরিবর্তন নিয়ে মতভেদ রয়েছে। ৪৯ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্রপন্থী নেতৃত্ব আনা জরুরি, অন্যদিকে ৫১ শতাংশ তা প্রয়োজনীয় মনে করেন না। একইভাবে, বর্তমান নেতৃত্ব বহাল রেখেই যুদ্ধ শেষ করা গ্রহণযোগ্য কিনা— এ নিয়েও বিভক্ত মতামত দেখা গেছে।
১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত ৩ হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্কের ওপর অনলাইনে পরিচালিত এই জরিপে ত্রুটির সীমা ধরা হয়েছে ±২.১ শতাংশ পয়েন্ট।
সূত্রঃ সিএনএন
এম.কে

