বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘পুনরুদ্ধার’ করার দাবি জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক সংসদ সদস্য। দেশটির ঝাড়খন্ডের গোড্ডা আসনের লোকসভা সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ঐতিহাসিকভাবে ত্রিপুরার অন্তর্গত এসব অঞ্চল তৎকালীন পাকিস্তানের কাছে হস্তান্তর করেছিলেন। শুক্রবার বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।
নিশিকান্ত দুবে অভিযোগ করেন, তৎকালীন ত্রিপুরা রাজ্যের মহারাজা বীর বিক্রম সিং নেহরুর সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তার দাবি, সিলেট ও চট্টগ্রাম নিয়ে গণভোটের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন ত্রিপুরার মহারাজা। নেহরুর ঐতিহাসিক সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে না থাকার কারণে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আজও পিছিয়ে রয়েছে।
বিজেপির এই সংসদ সদস্যের বক্তব্য অনুযায়ী, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থে নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম পুনরুদ্ধার করা প্রয়োজন। বাংলাদেশের ভূখণ্ড ও বন্দর নিয়ে তার এই বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
নিশিকান্ত দুবের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন ত্রিপুরার রাজপরিবারের বংশধর এবং তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, দেশভাগের সময় ত্রিপুরার বিশাল একটি অংশ পাকিস্তানের কাছে হস্তান্তর করা ছিল ঐতিহাসিক ভুল।
প্রদ্যোৎ মাণিক্য আরও দাবি করেন, চট্টগ্রাম বন্দর ভারতের নিয়ন্ত্রণে থাকলে শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ নিয়ে দেশটির নিরাপত্তাজনিত উদ্বেগ অনেকটাই কমে যেত। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী গুরুত্বপূর্ণ এই করিডরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দেশটির নিরাপত্তা উদ্বেগ রয়েছে।
বিভিন্ন সময় উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় আসা নিশিকান্ত দুবে ঝাড়খন্ডের গোড্ডা আসনের নির্বাচিত সংসদ সদস্য। বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য দুই দেশের ভূখণ্ডগত সংবেদনশীলতা ও ঐতিহাসিক বিষয়গুলোকে আবারও আলোচনায় এনেছে।
সূত্রঃ এএনআই
এমকে

