TV3 BANGLA
আন্তর্জাতিক

সৌদি আরবকে ধ্বংস করতে তিন দিনই যথেষ্টঃ হুমকির সুরে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যেই সৌদি আরবকে ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্র। দেশটির জ্বালানি অবকাঠামো, সেতু এবং উৎপাদন সক্ষমতা ধ্বংস করতে আলাদা করে এক দিন করে সময় লাগবে বলেও দাবি করেছেন তিনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সৌদি আরবকে নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। ক্রীড়া সম্প্রচারক স্টিফেন এ স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সৌদি আরবের পাশাপাশি কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কথাও উল্লেখ করেন।

সৌদি আরবের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটিকে ধ্বংস করতে চাইলে যুক্তরাষ্ট্রের খুব বেশি সময় লাগবে না। তার ভাষায়, প্রথম দিনেই সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় আঘাত হেনে দেশটির জ্বালানি ব্যবস্থা অচল করে দেওয়া সম্ভব। একই দিনে সেতুগুলো ধ্বংস করা এবং উৎপাদন সক্ষমতা নিশ্চিহ্ন করাও সম্ভব বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি যদি তাদের ধ্বংস করতে চাই, তাহলে এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামোয় আঘাত হানতে পারি। তাদের জ্বালানি ব্যবস্থা শেষ হয়ে যাবে। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে এবং উৎপাদন সক্ষমতাও শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে, প্রতিটি কাজের জন্য এক দিন করে।’

সৌদি আরবের বর্তমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, সৌদি আরব তাকে অনুরোধ করেছে, আপাতত যেন পরিস্থিতি এভাবেই চলতে দেওয়া হয়। কারণ, দেশটি ভেঙে পড়ছে।

একই সঙ্গে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, এসব দেশও আরও কিছুদিন অপেক্ষা করতে চায়। তবে তার এই মন্তব্যের পেছনে নির্দিষ্ট কোন পরিস্থিতি বা কূটনৈতিক সিদ্ধান্ত কাজ করছে, সাক্ষাৎকারের উদ্ধৃত অংশে তা বিস্তারিত ব্যাখ্যা করা হয়নি।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর ওয়াশিংটনের প্রভাব এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে ট্রাম্প এর আগেও একাধিকবার প্রকাশ্যে মন্তব্য করেছেন। বিশেষ করে সৌদি আরবের নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের ওপর দেশটির নির্ভরশীলতার বিষয়টি তার বক্তব্যে বারবার উঠে এসেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সামরিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তবে আঞ্চলিক উত্তেজনা এবং ইরানকে ঘিরে সংঘাতের প্রেক্ষাপটে ওয়াশিংটন ও রিয়াদের সম্পর্কের নানা দিক নিয়ে নতুন করে আলোচনা চলছে।

এর আগে গত মার্চে ইরান যুদ্ধের সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়েও কটাক্ষ করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, সৌদি যুবরাজ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাবে বলে ধারণা করেননি। তিনি ভেবেছিলেন, আগের একজন ব্যর্থ মার্কিন প্রেসিডেন্টের মতো ট্রাম্পও ক্ষমতা থেকে চলে যাবেন। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় এখন তাকে ট্রাম্পের সঙ্গে ভালো ব্যবহার করতে হচ্ছে।

ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে সৌদি আরবের মতো ঘনিষ্ঠ মিত্র দেশকে সামরিকভাবে ধ্বংস করার সক্ষমতার দাবি এবং উপসাগরীয় দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের প্রভাবের বিষয়টি আবারও সামনে এসেছে।

সূত্রঃ মিডল ইস্ট আই

এমকে

আরো পড়ুন

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে মার্কিন সফরে রাহুল গান্ধী

ইসরাইলি হামলার নৃশংসতার জেরে তীব্র রক্ত সংকটে গাজা

নিউইয়র্কের মেয়রের সঙ্গে সংঘাতে নেতানিয়াহুঃ জাতিসংঘ সফরের আগে উত্তপ্ত বাকযুদ্ধ