যুক্তরাজ্যে অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও সামাজিক উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্কটল্যান্ডে গভীর রাতে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এক অভিবাসী ব্যক্তিকে এক স্থানীয় ব্যক্তি অনুসরণ করে বারবার জিজ্ঞাসাবাদ এবং বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিতে দেখা গেছে। ঘটনাটি অভিবাসীদের নিরাপত্তা ও সামাজিক পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ভিডিওতে দেখা যায়, রাতে রাস্তায় হাঁটছিলেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এক ব্যক্তি। এ সময় এক স্কটিশ ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বিভিন্ন প্রশ্ন করেন। ওই ব্যক্তি ভয় পেয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে তাকে সন্দেহজনক দাবি করে রাস্তাজুড়ে অনুসরণ করতে থাকেন এবং বারবার বলেন, “বাড়ি ফিরে যাও।”
একপর্যায়ে ওই অভিবাসী ব্যক্তি নিরাপত্তার আশায় একটি কনভিনিয়েন্স স্টোরে ঢুকে পড়েন। সেখানে দায়িত্বরত কর্মী জানান, ওই ব্যক্তি আসলে দোকানেরই একজন কর্মচারী এবং কাজ শেষে ফিরছিলেন। তবে এরপরও ওই অনুসরণকারী ব্যক্তি বলেন, “তাহলে এটা তোমাদের দুজনেরই সমস্যা,” এবং দাবি করেন, এত রাতে বাইরে থাকা সন্দেহজনক।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ঘটনাটিকে অভিবাসীদের প্রতি অযৌক্তিক সন্দেহ ও বৈষম্যমূলক আচরণের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, কোনো ব্যক্তির জাতিগত পরিচয় বা অভিবাসী পটভূমির কারণে তাকে সন্দেহের চোখে দেখা একটি উদ্বেগজনক প্রবণতা।
সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় অভিবাসন ইস্যু ঘিরে উত্তেজনা, বিক্ষোভ এবং রাজনৈতিক বিতর্কের মধ্যে এমন ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। অভিবাসী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন মহল দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে যে, বিভ্রান্তিকর তথ্য, গুজব এবং অভিবাসীবিরোধী বক্তব্য সমাজে বৈষম্য ও উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে।
বিশ্লেষকদের মতে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে কোনো ব্যক্তিকে কেবল তার চেহারা, জাতিগত পরিচয় বা অভিবাসী হওয়ার কারণে সন্দেহ করা বা হয়রানি করা সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর হতে পারে।
এদিকে ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও, এর পূর্ণ প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

