23.7 C
London
August 16, 2026
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যেতে চানঃ জরুরি বার্তা দিল ব্রিটিশ হাইকমিশন

বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ব্রিটিশ হাইকমিশনের অফিসিয়াল UK in Bangladesh প্ল্যাটফর্ম। ভিসা আবেদন, কাগজপত্র প্রস্তুত এবং সময়মতো প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে শিক্ষার্থীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো, বিশ্ববিদ্যালয় থেকে Confirmation of Acceptance for Studies (CAS) পাওয়ার পর আর দেরি না করে দ্রুত ভিসার আবেদন করতে হবে। শেষ মুহূর্তে আবেদন করলে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট, ভিসা প্রসেসিং বা অতিরিক্ত যাচাইয়ের কারণে যাত্রা পরিকল্পনা ব্যাহত হতে পারে।

আবেদনের আগে পাসপোর্ট, CAS-এর তথ্য এবং আবেদনপত্রের প্রতিটি তথ্য একাধিকবার মিলিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল বা অসম্পূর্ণ তথ্য জমা দিলে আবেদন বিলম্বিত হওয়ার পাশাপাশি ভিসা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকিও বাড়তে পারে।

আর্থিক প্রমাণ বা Financial Evidence নিয়েও সতর্ক করা হয়েছে। ব্যাংক স্টেটমেন্টসহ প্রয়োজনীয় আর্থিক নথি UK Visas and Immigration (UKVI)-এর নিয়ম অনুযায়ী প্রস্তুত রাখতে বলা হয়েছে, যাতে আবেদন প্রক্রিয়ায় কোনো জটিলতা না তৈরি হয়।

ব্রিটিশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ব্যস্ত মৌসুমে ভিসা আবেদনের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রসেসিংয়ে অতিরিক্ত সময় লাগতে পারে। তাই বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ভিসা অনুমোদনের পুরো প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত সময় হাতে রাখাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।

এদিকে যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে যাচাই-বাছাই আরও কঠোর হয়েছে। ফলে আবেদনপত্রে সঠিক তথ্য, বৈধ আর্থিক প্রমাণ এবং সময়মতো আবেদন করাই এখন সফল স্টুডেন্ট ভিসা পাওয়ার অন্যতম প্রধান শর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্রঃ ইউকে ইন বাংলাদেশ

এম.কে

আরো পড়ুন

ভিডিও বানাতে গিয়ে হাতির আক্রমণে কনটেন্ট ক্রিয়েটর নিহত

ব্রিটেনে ‘নতুন প্রজন্ম’ নিয়ে সতর্কবার্তাঃ কর্মক্ষেত্রে খাপ খাওয়াতে হিমশিম তরুণরা

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর বাজেট সংকট, ছাঁটাই হচ্ছে কর্মী