14.2 C
London
October 7, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

স্পনসর করা কর্মী অন্যত্র কাজের অভিযোগে হাউনসলো মসজিদের স্পনসর লাইসেন্স বাতিল

পশ্চিম লন্ডনের হাউনসলো জামিয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের স্পনসর লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের হোম অফিস। বিদেশি কর্মীদের নিয়োগ ও ভিসা আবেদনের ক্ষেত্রে দেওয়া চাকরির প্রস্তাব নিয়ে উদ্বেগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে লন্ডন নাও।

প্রতিবেদন অনুযায়ী, মসজিদটির স্পনসর করা তিনজনকে ‘ধর্মীয় কর্মী’ হিসেবে দেখানো হলেও পরে তাদের অন্য জায়গায় কাজ করার তথ্য পাওয়া যায়। তাদের একজন একটি স্কুলে, একজন একটি আইন প্রতিষ্ঠানে এবং আরেকজন হেস্টনের একটি মাংসের দোকানে কাজ করছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, কিছু ব্যক্তি যুক্তরাজ্যে বসবাসের অনুমতি পাওয়ার উদ্দেশ্যে মসজিদের মাধ্যমে ভুয়া চাকরির ব্যবস্থা করতে নগদ অর্থ দিয়েছিলেন। মসজিদের সাবেক ট্রাস্টি আবদুল মাজিদ দাবি করেছেন, কিছু ট্রাস্টি নিজেদের আত্মীয়দের মসজিদের বেতন তালিকায় যুক্ত করেছিলেন বলে তার কাছে অভিযোগ এসেছে। তার দাবি, ওই ব্যক্তিরা বাস্তবে মসজিদে কাজ করতেন না।

তবে হাউনসলো জামিয়া মসজিদ কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে এবং সরকারের স্পনসর লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে।

এদিকে মসজিদটি আর্থিক অনিয়মের পৃথক অভিযোগেরও তদন্তের আওতায় রয়েছে। দাতব্য প্রতিষ্ঠান নিয়ন্ত্রক সংস্থা চ্যারিটি কমিশন হাউনসলো জামিয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের বিরুদ্ধে তদন্ত করছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে দ্য সান জানিয়েছিল, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১০ লাখ পাউন্ডের বেশি অর্থের অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ তদন্ত করছে চ্যারিটি কমিশন। একই সঙ্গে হাউনসলো কাউন্সিলও বিষয়টি নিয়ে তদন্ত করছে।

সূত্রঃ লন্ডন নাও

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ৯৪ বছরের বৃদ্ধার বাড়িতে চুরি ও যৌন নির্যাতনঃ ১৮ বছরের কারাদণ্ড পেল যুবক

অন্তঃসত্ত্বা সাংবাদিককে হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধেঃ দ্য টেলিগ্রাফ

প্রপার্টি বিক্রয়ের উপর ট্যাক্স