TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় যুক্তরাজ্যের সুপারমার্কেট থেকে সরিয়ে নেওয়া হচ্ছে রুবিকন পানীয়

যুক্তরাজ্যে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায় জনপ্রিয় কোমল পানীয় ব্র্যান্ড রুবিকনের নির্দিষ্ট কিছু ব্যাচ বাজার থেকে প্রত্যাহার করা হচ্ছে। পানীয়টিতে এমন একটি উপাদানের উপস্থিতির আশঙ্কা করা হচ্ছে, যা পণ্যের মোড়কে উল্লেখ করা হয়নি। বিশেষ করে সালফার ডাই-অক্সাইড বা সালফাইটে অ্যালার্জি কিংবা সংবেদনশীলতা রয়েছে, এমন ব্যক্তিদের জন্য এটি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জনপ্রিয় কোমল পানীয় আইআরএন-ব্রুর প্রস্তুতকারক প্রতিষ্ঠান এজি বার (AG Barr) সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রুবিকন ইয়ুজু অ্যান্ড পিঙ্ক গ্রেপফ্রুট স্টিল ১ লিটার পানীয়ের নির্দিষ্ট কয়েকটি ব্যাচ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব পানীয়তে অনুল্লেখিত সালফাইট থাকার সম্ভাবনা রয়েছে। ফলে সালফার ডাই-অক্সাইড বা সালফাইটে অ্যালার্জি কিংবা সংবেদনশীলতা থাকা ব্যক্তিদের জন্য পণ্যটি ঝুঁকিপূর্ণ হতে পারে।

প্রত্যাহারের আওতায় থাকা ব্যাচগুলোর কোড হলো ৬১৬০, ৬১৯৮, ৬২১৯ ও ৬২৫৭। পাশাপাশি ২০২৭ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদোত্তীর্ণের তারিখ রয়েছে—এমন নির্দিষ্ট পণ্যও এই সতর্কতার অন্তর্ভুক্ত।

এজি বার স্পষ্ট করেছে, রুবিকন বা তাদের প্রতিষ্ঠানের অন্য কোনো পণ্য এই প্রত্যাহারের আওতায় পড়েনি। অর্থাৎ, সতর্কতাটি শুধু নির্দিষ্ট ব্যাচের রুবিকন ইয়ুজু অ্যান্ড পিঙ্ক গ্রেপফ্রুট স্টিল পানীয়ের ক্ষেত্রে প্রযোজ্য।

যুক্তরাজ্যের খাদ্য নিরাপত্তা সংস্থা (এফএসএ) জানিয়েছে, যাদের সালফার ডাই-অক্সাইড বা সালফাইটে সংবেদনশীলতা রয়েছে, তাদের এই পানীয় পান করা উচিত নয়। যেসব ক্রেতা ইতোমধ্যে পণ্যটি কিনেছেন, তাদের তা পান না করে সংশ্লিষ্ট দোকানে ফেরত দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর বিনিময়ে ক্রেতারা সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। প্রয়োজনে এজি বার কাস্টমার সার্ভিসের সঙ্গেও যোগাযোগ করতে পারবেন।

সালফার ডাই-অক্সাইড ও সালফাইটের প্রতি সংবেদনশীলতা থাকলে হাঁপানি, শ্বাসকষ্ট, শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো শব্দ এবং ত্বকে চাকা চাকা ফুসকুড়ির মতো অ্যালার্জিজনিত উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর শ্বাসকষ্ট কিংবা গলা ফুলে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, প্রত্যাহারের বিষয়ে সংশ্লিষ্ট অ্যালার্জি সহায়তাকারী সংগঠনগুলোর সঙ্গেও যোগাযোগ করতে এজি বারকে পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তাদের সদস্যদের মধ্যে দ্রুত সতর্কবার্তা পৌঁছে দেওয়া যায়।

ক্রেতারা রুবিকন পানীয়ের কার্টনের ওপরের অংশে ছাপানো ব্যাচ কোড দেখে পণ্যটি প্রত্যাহারের আওতায় পড়েছে কি না, তা যাচাই করতে পারবেন।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

রাসায়নিক স্প্রে আর কাজে দিচ্ছে না, যুক্তরাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে ছারপোকা

বাংলাদেশসহ ৭ দেশের শরণার্থীদের জন্য নতুন তিনটি ভিসা পথ চালু করছে ব্রিটেন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে নজরদারিতে রেখেছে চীনঃ গোয়েন্দা তৎপরতা নিয়ে নতুন উদ্বেগ