বিশ্বের বৃহত্তম কনটেইনার শিপিং কোম্পানি হিসেবে পরিচিত এমএসসি ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত একটি নতুন নৌ ও স্থলপথের সমন্বয় বা ‘ল্যান্ড ব্রিজ’ রুট চালু করেছে। এই নতুন রুটটির মাধ্যমে সমুদ্রযাত্রার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হরমুজ প্রণালীকে এড়ানো সম্ভব হবে।
সৌদি আরবের ভেতর দিয়ে সমুদ্র ও স্থলপথের একটি সমন্বিত ব্যবস্থা ব্যবহার করে এই পরিবহন সেবা পরিচালনা করা হবে। ইউরোপ থেকে পণ্যবাহী জাহাজগুলো লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদি আরবের জেদ্দা ইসলামিক পোর্ট এবং রাবিঘের কিং আবদুল্লাহ পোর্টে নোঙর করবে।
সেখান থেকে পণ্যগুলো ট্রাকের মাধ্যমে সড়কপথে সরাসরি দাম্মামে নিয়ে যাওয়া হবে। দাম্মাম থেকে ছোট ফিডার জাহাজের মাধ্যমে আরব্য উপসাগরীয় অন্যান্য দেশগুলোতে পণ্যগুলো সরবরাহ করা হবে।
সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, এই সার্ভিসটি জেদ্দা ইসলামিক পোর্টকে ইউরোপের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর সাথে যুক্ত করবে। এর মধ্যে উল্লেখযোগ্য বন্দ হলো গদানস্ক (পোল্যান্ড), ব্রেমারহেভেন (জার্মানি), অ্যান্টওয়ার্প (বেলজিয়াম), ভ্যালেন্সিয়া ও বার্সেলোনা (স্পেন) এবং জিওইয়া টাউরো (ইতালি)। এই রুটে সর্বোচ্চ ১৬,০০০ স্ট্যান্ডার্ড কনটেইনার পরিবহনের সক্ষমতা রয়েছে।
এই উদ্যোগটি মূলত সরবরাহ শৃঙ্খল একীভূতকরণ এবং আঞ্চলিক লজিস্টিক সংযোগকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে। সৌদি আরবের ‘ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক স্ট্র্যাটেজি’-র অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা দেশটিকে তিন মহাদেশের সংযোগকারী একটি বৈশ্বিক লজিস্টিক হাব হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।
হরমুজ প্রণালী এড়িয়ে সরাসরি লোহিত সাগর থেকে স্থলপথে পণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে পরিবহন সময় যেমন কমবে, তেমনি নিরাপদ ও নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
সূত্রঃ সৌদি প্রেস এজেন্সি
এম.কে

